গ্রামীণফোনের সাফল্য বিনিয়োগকারীদের উৎসাহিত করছে —টেলিনরের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের বিকাশ আন্তর্জাতিক বাজারে দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে। টেলিনর গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গ্রামীণফোনের এই সাফল্য অনেক বিনিয়োগকারীকে বাংলাদেশ সম্পর্কে উৎসাহিত করছে।বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের কোন ছবি তুলে ধরবেন জানতে চাইলে এমন মন্তব্য করেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস। গত মঙ্গলবার রাতে গ্রামীণফোনের নতুন কার্যালয় জিপি হাউসে প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশসহ নানা বিষয়ে নিজের মত তুলে ধরেন। জিপি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি গত সোমবার ঢাকায় এসেছিলেন।এক যুগেরও বেশি সময় আগে নরওয়েজিয়ান টেলিযোগাযোগ সংস্থার অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণফোন। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের সাফল্যের মূল্যায়ন করে বাকসাস বলেন, ‘যাত্রার শুরুতে আমাদের স্বপ্ন ছিল সবার পকেটে একটা মুঠোফোন থাকবে। সেই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। গত ১২ বছরে মুঠোফোন প্রযুক্তিতে এসেছে অভিনব পরিবর্তন, যা থেকে বিচ্ছিন্ন নয় বাংলাদেশ। তবে এ দেশের টেলিযোগাযোগব্যবস্থার অভিনবত্ব হচ্ছে দেশজুড়ে শতভাগ নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্ক বেশ ভালো। তা ছাড়া গ্রাহকের হার যেভাবে বাড়ছে, সেটিও বেশ সন্তোষজনক। সব মিলিয়ে প্রযুক্তির এই বিবর্তনের অংশীদার হতে পেরে আমরা সন্তুষ্ট।’দেশের অধিকাংশ মানুষের হাতে মুঠোফোন তুলে দেওয়ার আগে তাই থামার ইচ্ছে নেই গ্রামীণফোনের। এ জন্য প্রতিযোগিতামূলক বাজার থাকা জরুরি, যে পরিবেশটা বাংলাদেশে আছে।বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবসার আগামী দিনের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে টেলিনরের প্রেসিডেন্ট বলেন, ‘বেশ রোমাঞ্চকর একটা সময়ের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। আগামী বছর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন হবে। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে এই খাতে নতুন বিনিয়োগ আকর্ষণে সরকার কী পদক্ষেপ নেয়, সেটি লক্ষণীয়। কারণ এ দেশে মুঠোফোনের বাজার যেভাবে বিকশিত হয়েছে, তা অব্যাহত রাখতে নতুন বিনিয়োগ অপরিহার্য। এরপর দ্বিতীয় প্রজন্মের (টুজি) টেলিযোগাযোগপ্রযুক্তির স্বাভাবিক বিবর্তন তৃতীয় প্রজন্ম (থ্রিজি) প্রযুক্তিসমৃদ্ধ নেটওয়ার্কের বিকাশে পদক্ষেপ গ্রহণের বিষয়টি রয়েছে। নতুন এই প্রযুক্তির সঙ্গে জনগণকে যুক্ত করতে প্রাথমিকভাবে ইন্টারনেট-সেবা নিশ্চিত করাটা জরুরি।প্রযুক্তির বিবর্তনের এই সন্ধিক্ষণে বাংলাদেশের পরিস্থিতি কতটা সহায়ক, বিশেষ করে বিভিন্ন মুঠোফোন সংস্থা বিভিন্ন সময়ে অভিযোগ করে থাকে, এখানকার নীতিমালা ও পরিচালনা পদ্ধতি বাজারের বিকাশে সহায়ক নয়—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি ভুল উদ্দেশ্য মাথায় রেখে ব্যবহার করতে চান, তবে নতুন টেলিযোগাযোগ আইনে কিছু ফাঁকফোকর আছে। আমরা আশা করব, সবার জন্য সমান সুযোগ ও পরিচালনা পদ্ধতিতে স্বচ্ছতা—এই দুটি লক্ষ্য সামনে রেখে প্রতিযোগিতামূলক বাজার অব্যাহত রাখতে সরকার ব্যবস্থা নেবে। এভাবে এগিয়ে গেলে শুধু শহরের মানুষই নয়, গ্রামীণ জনপদের মানুষও তৃতীয় প্রজন্মের প্রযুক্তির সুবিধা ভোগ করবে। কারণ ওই প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক বাজারসম্পর্কিত সেবা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়।বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও ভারতে মুঠোফোনসেবা দিচ্ছে টেলিনর। আঞ্চলিক পরিস্থিতি বিচারে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ—এই প্রশ্নের উত্তরে ফ্রেডরিক বাকসাস বলেন, অবকাঠামোর দৃষ্টিকোণ থেকে দেখতে চাইলে বিশেষ করে লাইসেন্স পদ্ধতিতে বাংলাদেশ ও পাকিস্তানের প্রক্রিয়া প্রায় একই রকম। আবার ভারতের ক্ষেত্রে পদ্ধতিটা একেবারেই আলাদা। প্রতিটি রাজ্যে আলাদা আলাদাভাবে লাইসেন্স নিতে হয়। এ জন্যই বাংলাদেশে শতভাগ নেটওয়ার্ক রয়েছে। তবে গ্রাহকের প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে ভারতের সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি।ভবিষ্যতে গ্রামীণফোন গ্রাহকের কাছে কী ধরনের সেবা তুলে দেবে জানতে চাইলে বাকসাস বলেন, ‘ভবিষ্যৎ অনেক সময় অজানাই থাকে। তবে গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা পৌঁছে দেওয়াটা আমাদের মূল লক্ষ্য। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে সৃজনশীল পদ্ধতিতে গ্রাহকের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে চাই। এতে সফল হলে আরও বিপুলসংখ্যক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে।’নতুন বিনিয়োগকারী বাংলাদেশের পরিস্থিতি জানতে চাইলে কীভাবে উপস্থাপন করবেন বাংলাদেশকে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টেলিনর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। গ্রামীণফোনের নানা সাফল্য আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গ্রামীণফোন গ্রাহকের কাছে নতুন সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অবদান রেখেছে দেশের অর্থনীতিতেও। এটি দেখেই অনুপ্রাণিত হবেন অনেক বিদেশি বিনিয়োগকারী। সরকারের সহযোগিতা নিয়ে আমরা আজ শীর্ষে এসেছি। আমার বিশ্বাস, আমাদের অনুসরণ করে নতুন বিনিয়োগকারীরা বাংলাদেশে সাফল্যের নতুন কাহিনি সৃষ্টি করবেন।’