গ্রামীণফোনের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে গ্রামীণফোনের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা জহিরুল হক এ মামলা করেন। আজ ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার মামলা আমলে নিয়ে বিবাদী আটজনের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৩০ মার্চ আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। বিবাদীরা হলেন, প্রতিষ্ঠানের উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) শরিফুল ইসলাম, মতিউর রহমান সিদ্দিকী, তৌহিদ আবদুল্লা, আরনসিন গ্রোভেন, সিনিয়র কমপ্লায়েন্স মো. নাইমুজ্জামান, সিনিয়র স্পেশালিস্ট আতিকুর রহমান খন্দকার, পরিচালক সৈয়দা ইয়াসমিন রহমান, ইমতিয়াজ (পরিচালক বিপণন-ডিরেক্টর কমার্শিয়াল)।মামলার আরজিতে বলা হয়, বাদী জহিরুল হক ২০০৬ সালের ২ জুলাই গ্রামীণফোনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে যোগদান করেন। এ চাকরির জন্য বাদী প্রবাসে সব সম্পত্তি বিক্রি করে সপরিবারে দেশে ফিরে আসেন। চাকরির বয়স চার বছর হওয়ার পর বাদী অতিরিক্ত মহাব্যবস্থাপক পদের জন্য আবেদন করেন। এ পদের জন্য পরীক্ষা দিয়ে গত বছরের ১০ মার্চ সিলেকশন বোর্ডের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। কিন্তু বিবাদীরা তাঁর পদোন্নতির বিষয়ে কালক্ষেপণ করতে থাকেন যা মানহানিকর। এ কারণে ন্যায়বিচার চেয়ে তিনি আদালতে মামলা করেন। এর আগে গত জানুয়ারি মাসে গ্রামীণফোনের মার্কেট কমিউনিকেশনস ডিপার্টমেন্টের অতিরিক্ত মহাব্যবস্থাপক ফেরদৌস অর রহমান ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে গ্রামীণফোনের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে গত সপ্তাহে কপিরাইট আইনে মেহেদী হাসান নামে এক আইনজীবী ও আবৃত্তিকার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আরও একটি মামলা করা হয়েছে।