গ্রামীণের এমডি নিয়োগ কমিটিতে ইউনূসকে চান এরশাদ
গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান করে একটি অনুসন্ধানী কমিটি গঠন করার প্রস্তাব করেছেন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার এক বিবৃতিতে এরশাদ এ প্রস্তাব করেন। গ্রামীণ ব্যাংকে সৃষ্ট জটিলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা শুধু অনভিপ্রেতই নয়, বিদেশের কাছেও গ্রামীণ ব্যাংকের ঘটনাবলি প্রশ্নবিদ্ধ হয়েছে।ড. ইউনূস ছাড়া অনুসন্ধান কমিটিতে সরকারের পক্ষ থেকে দুজন, মহাজোটের পক্ষ থেকে তিনজন, সুশীল সমাজ থেকে দুজন এবং বর্তমান গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের তিনজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন এরশাদ।অনতিবিলম্বে এমন একটি কমিটির মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করে গ্রামীণ ব্যাংকের সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সরকারের শরিক এই নেতা।বিবৃতিতে এরশাদ বলেন, ‘এই ব্যাংকটি প্রতিষ্ঠায় আমিই উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেই ব্যাংক আজ শুধু দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখে সুখ্যাতি অর্জন করেনি বরং নোবেল পুরস্কার বিজয় করে দেশের সম্মান সমুন্নত করেছে। তাই এই ব্যাংক নিয়ে কোনো ধরনের জটিলতা গোটা জাতির কাছে কাম্য হতে পারে না।’