গ্রামীণের দুটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ অনুমোদন
গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১ ও গ্রামীণ-১ স্কিম-২ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণার বিষয়টি অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে ফান্ড দুটির ইউনিট লেনদেনে কোনো প্রতিবন্ধকতা থাকল না। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।গত ২৫ আগস্ট ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১-এর ট্রাস্টি কমিটি ২৫ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। আর গ্রামীণ-১ স্কিম-২ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।এসইসিকে না জানিয়ে এই ঘোষণা দেওয়ায় ওই দিন দুটি ফান্ডেরই লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।এর আগে গত ৪ সেপ্টেম্বর লভ্যাংশ ঘোষণা সম্পর্কে এসইসির কাছে ব্যাখ্যা দেয় ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক ও ট্রাস্টি কমিটি। ওই দিন এসইসিতে অনুষ্ঠিত এক বৈঠকে কমিশনের কাছে ট্রাস্টি কমিটির চেয়ারম্যান আবদুদ দায়ান ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ বোনাস ইস্যুর পক্ষে আইনি ব্যাখ্যা ও যুক্তি তুলে ধরেন। লভ্যাংশ ঘোষণায় কোনো আইনি জটিলতা নেই বলেও দাবি করেন সাঈদ।এরই পরিপ্রেক্ষিতে আজ লভ্যাংশ ঘোষণার বিষয়টি অনুমোদন দেয় কমিশন।