গ্রামীণের রাষ্ট্রায়ত্তকরণ হবে এক বিপর্যয়: নিকোলাস ক্রিস্টফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিত্জার পুরস্কারজয়ী মার্কিন সাংবাদিক নিকোলাস ডি ক্রিস্টফ আজ বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসে প্রশ্ন তুলেছেন, ‘বাংলাদেশ সরকার কি গ্রামীণ ব্যাংক অধিগ্রহণ করতে যাচ্ছে?’ তিনি লিখেছেন, এটা খুবই স্পষ্ট যে গ্রামীণ ব্যাংক ও ইউনূস বাংলাদেশ ও বিশ্বের ওপর প্রচুর ইতিবাচক প্রভাব ফেলেছেন।সাংবাদিক ক্রিস্টফের কথায়, এটা প্রতীয়মান হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ ব্যাংকের মালিকানা সংশোধন করতে উদ্যোগী হয়েছে, যাতে সরকারের হাতে ব্যাংকের ৬০ শতাংশ মালিকানা থাকে। কিন্তু শেখ হাসিনার উচিত হবে, সরাসরি এই ঘোষণা দেওয়া যে গ্রামীণ ব্যাংকের মালিকানা আগের মতোই ২৫ শতাংশ সরকারের হাতে থাকবে এবং সরকার তা বাড়ানোর কোনো চেষ্টা করবে না।ক্রিস্টফ তাঁর নিবন্ধে সতর্ক করে দেন, গ্রামীণ যদি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তরিত হয়, তাহলে সেটা হবে এক বিপর্যয়—বিশেষ করে তা দরিদ্র জনগোষ্ঠীর জন্য, যারা এই ব্যাংকের ওপর নির্ভরশীল। ওই ব্যাংক থেকে একজন নোবেলজয়ীর যদি অপসারণ ঘটে, তাহলে তাতে সব সুশীল সমাজের ক্ষতি হবে।নিবন্ধে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে এখন খুব অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ ইউনূসের ওপর বহুমুখী আক্রমণ নেমে এসেছে বলেই প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশি গণমাধ্যম শেষ পর্যন্ত ইউনূসকে পুরোপুরি অভিযুক্তকরণে সক্রিয় হয়েছে। গত মঙ্গলবার একটি বাংলাদেশি সংবাদ সংস্থা একজন অর্থনীতিবিদকে উদ্ধৃত করে বলেছে, ‘তাঁর সম্পর্কে বেশির ভাগই রূপকথা। তিনি কখনো তাঁর কোনো কাজেই নিঃস্বার্থ ছিলেন না।’নরওয়ের একটি টেলিভিশন তথ্যচিত্রে প্রশ্ন তোলার পর বাংলাদেশ সরকার গ্রামীণের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও নরওয়ে সরকার বলে দিয়েছে, অভিযোগ তোলার মতো কিছুই নেই। ইউনূস পদত্যাগ করবেন মর্মে বাংলাদেশে অবশ্য অনেক ভুয়া প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সেখানে এমনকি সুপারিশও রাখা হয়েছে যে বয়সজনিত কারণে তাঁর পদত্যাগ করা উচিত।