গ্রামে আনন্দের ঈদ করতে কষ্টকর যাত্রা
কর্মজীবনের ব্যস্ততায় বছরের অন্য সময়ে অনেকেরই গ্রামে যাওয়ার সুযোগ হয় না। ঈদের ছুটিই অধিকাংশ রাজধানীবাসীর কাছে গ্রামে যাওয়ার একমাত্র সুযোগ। তাই যত কষ্টই হোক, বাড়ি যাওয়া চাই। সবার মধ্যেই ফেলে আসা শৈশব-কৈশোরের স্মৃতিমাখা ঈদ-আনন্দ ফিরে পেতে রাজধানী ছাড়তে চেষ্টার অন্ত নেই। গ্রামে ঈদ করতে তাই সবাই ভিড় করছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে। এ ছাড়া ভিড় কমলাপুর রেলস্টেশনে। টার্মিনালে ধাক্কাধাক্কি, যানচালকদের যাত্রী হয়রানি আর মহাসড়কে যানজট— সবকিছু সহ্য করে হলেও সবাই বাড়ির উদ্দেশে যাত্রা করছেন। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ। গাবতলী বাসস্টেশনে গিয়ে দেখা গেল, অনেকে বাসের টিকিটের জন্য সারি ধরে দাঁড়িয়ে আছেন। ভালো আসন দরকার নেই, যেকোনোভাবে একটি টিকিট হলেই চলবে। গাবতলী-সায়েদাবাদ-মহাখালী বাসস্টেশনে অনেকে ঈদ উপলক্ষে পুরোনো গাড়ি রং করে দূরপাল্লার গাড়ি হিসেবে নামিয়েছেন, এমন অভিযোগ তুলে যাত্রীরা বলছেন, ওই সব গাড়িতেও অতিরিক্ত ভাড়া চাচ্ছেন বাসমালিকেরা। গাবতলী বাস টার্মিনাল থেকে বগুড়ায় যেতে পরিবারের সবার জন্য টিকিট কেটেছিলেন মমতাজ বেগম। পল্টনের বাসা থেকে টার্মিনালে এসে দেখেন, তাঁদের না নিয়েই বাস গন্তব্যের উদ্দেশে চলে গেছে। দুই সন্তানকে জড়িয়ে ধরে মমতাজ বেগম কাঁদো কাঁদো স্বরে বললেন, এখন আবার কীভাবে টিকিট পাবেন। কোন উপায়ে বাড়ি যাবেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তিনি। সদরঘাট লঞ্চ টার্মিনালের অবস্থা আরও করুণ। আসনের অতিরিক্ত যাত্রী নিচ্ছেন বেশির ভাগ লঞ্চমালিক। সদরঘাট ছেড়ে যাওয়া বেশির ভাগ লঞ্চে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে ও লঞ্চের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিক সমিতিকে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।লঞ্চ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হকের সই করা এক চিঠিতে এ অনুরোধ করা হয়। চিঠিতে নিরাপত্তা ও নৌ-দুর্ঘটনা রোধে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়। পরামর্শের মধ্যে আছে লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা ও ছাদে যাত্রী না ওঠানো, লোড লাইন অতিক্রম করেছে কি না, তা তদারক করা, নৌকা দিয়ে কোনো যাত্রী যেন লঞ্চে উঠতে না পারে তা নিশ্চিত করা, যাত্রী ওঠা-নামার জন্য চওড়া সিঁড়ি ব্যবহার করা, লঞ্চে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখা, লঞ্চের ফেরিওয়ালাদের সম্পর্কে তথ্য রাখা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখা, ফিটনেসবিহীন লঞ্চ যেন যাত্রী বহন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা প্রভৃতি।