গ্রামে এখনো বিদ্যুতের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের উৎপাদন বাড়ায় শহরাঞ্চলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়ে এলেও গ্রামে চলছে তীব্র লোডশেডিং। বিশেষ করে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন এলাকায় এখনো দিনের অর্ধেক সময়ই লোডশেডিং করা হয়।ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনের সময় তাঁরা বিদ্যুৎ প্রায় পানই না। একবার বিদ্যুৎ চলে গেলে আবার কখন আসবে, তারও কোনো ঠিক-ঠিকানা থাকে না। কখনো কখনো টানা এক-দুই দিন বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকে।আরইবির একাধিক এলাকার মহাব্যবস্থাপকেরা বলেন, একটানা দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার প্রধান কারণ, বিতরণ ব্যবস্থায় সৃষ্ট কারিগরি ত্রুটি (ট্রান্সফরমার বিকল হওয়া, প্রাকৃতিক দুর্যোগে লাইন বন্ধ হয়ে যাওয়া প্রভৃতি)। তবে বিদ্যুতের অভাব থাকায় এসব ত্রুটি সারাতে ইচ্ছা করে দেরি করা হয়, যাতে বিদ্যুৎ না থাকার কারণ হিসেবে ওই ত্রুটির কথা বলা যায়।পাশাপাশি বিপরীত চিত্র: ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম কীর্তিপাশা ও তারপাশা। কীর্তিপাশা গ্রাম হলেও সেখানে বিদ্যুতের বিতরণকারী সংস্থা স্বয়ং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তারপাশায় বিদ্যুৎ বিতরণ করে আরইবি তথা ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি।ওই দুই গ্রামের কয়েকজন গ্রাহক বলেন, কীর্তিপাশায় বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ লোডশেডিং হয় আট ঘণ্টা। তারপাশায় হয় ১৬ ঘণ্টা। কীর্তিপাশায় লোডশেডিং হয় নিয়ম মেনে, কিন্তু তারপাশায় লোডশেডিংয়ের কোনো নিয়মকানুন নেই। সেখানে বিদ্যুৎ থাকে সাধারণত রাত ১২টার পর থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত। বাকি সময়ের মধ্যে কোনো দিন কিছু সময়ের জন্য বিদ্যুৎ আসতে পারে, না-ও পারে।আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, সেখানে বিদ্যুতের চাহিদা নয় মেগাওয়াট। কিন্তু আজকাল সর্বোচ্চ পাওয়া যাচ্ছে চার মেগাওয়াটের মতো। এই নয় মেগাওয়াটের মধ্যে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা দুই মেগাওয়াট। কিন্তু তাদের দেওয়া হয় এক মেগাওয়াটের কম।আরইবির চাহিদা ও প্রাপ্তি: আরইবি সূত্র জানায়, তাদের ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতিভুক্ত প্রায় ৯০ লাখ গ্রাহকের বর্তমান সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা প্রায় তিন হাজার মেগাওয়াট, যা দেশের বিদ্যুৎ উৎপাদন-ক্ষমতার অর্ধেকেরও বেশি। কিন্তু সাধারণত বিদ্যুৎ পায় চাহিদার অর্ধেক বা তার সামান্য বেশি। ফলে তাদের বিতরণ এলাকাগুলো সাধারণভাবে দিনের অর্ধেক সময় বিদ্যুৎহীন থাকার কথা।কিন্তু আরইবির অধীনে যেসব শহর-বন্দর ও শিল্পাঞ্চল রয়েছে, সেগুলোকে বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে অন্যান্য এলাকায় কখনো কখনো ২০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। আরইবি সূত্র জানায়, ১০ জুলাই সর্বোচ্চ চাহিদার সময় (রাত আটটায়) দুই হাজার ৬৭২ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা বিদ্যুৎ পেয়েছেন এক হাজার ৬৬৪ মেগাওয়াট। ৯ জুলাই দুই হাজার ৬০৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে পেয়েছেন এক হাজার ৫২৭ মেগাওয়াট। আর ৮ জুলাই দুই হাজার ৫৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পান এক হাজার ৬৮০ মেগাওয়াট।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, দেশে বিদ্যুৎ উৎপাদন-ক্ষমতা বাড়ার ফলে আরইবির প্রাপ্তিও কিছু বেড়েছে। এর আগে প্রাপ্তির অনুপাত আরও কম ছিল।অন্যদের চাহিদা ও প্রাপ্তি: ঢাকার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান হচ্ছে ডিপিডিসি। প্রতিষ্ঠানটি বর্তমানে সর্বোচ্চ চাহিদা এক হাজার ১০০ মেগাওয়াটের বিপরীতে পায় প্রায় এক হাজার মেগাওয়াট। ডিপিডিসির পরিচালক (পরিচালন) ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকায় লোডশেডিং এখন সর্বোচ্চ ১০০ মেগাওয়াটের মধ্যে সীমিত হয়ে এসেছে, যা ২৫০ থেকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত ছিল।ঢাকার আরেক অংশের বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মনজুর রহমান বলেন, বর্তমানে ৬২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা ৫৮০ মেগাওয়াটের মতো পাচ্ছেন।পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী বলেন, তাঁর বিতরণ অঞ্চলের মধ্যে পল্লী বিদ্যুতেরও কিছু এলাকা রয়েছে। সব মিলিয়ে বর্তমান চাহিদা ৮০০ মেগাওয়াটের মতো; পাচ্ছেন প্রায় ৬৫০ মেগাওয়াট।পিডিবিরও নিজস্ব বিতরণ এলাকা রয়েছে। বর্তমানে তাদের সর্বোচ্চ চাহিদা প্রায় এক হাজার মেগাওয়াট। পিডিবির বিতরণ এলাকায়ও লোডশেডিং অনেক কম।এই বিতরণ কোম্পানিগুলোর চাহিদা ও প্রাপ্তি অনুযায়ী ঘাটতির যে চিত্র পাওয়া যায়, আরইবির এলাকায় ঘাটতি তাঁর কয়েক গুণ বেশি। ফলে লোডশেডিংয়ের দুর্ভোগ আরইবির গ্রাহকদেরই বেশি। অথচ ওই গ্রাহকদের জন্য বিদ্যুতের নির্ধারিত দাম এখনো কিছুটা বেশি। তা ছাড়া অনেক ক্ষেত্রে নষ্ট বা চুরি হয়ে যাওয়া ট্রান্সফরমারের (৪৫ কেভির বেশি ক্ষমতার) দাম আরইবির গ্রাহকদের দিতে হয়।অনেক এলাকা থেকে গ্রাহকেরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ লাইনের জন্য তার, মিটার, এমনকি খুঁটি পেতেও বাড়তি টাকা খরচ করতে হয়। কিন্তু তাঁরা বিদ্যুৎ প্রায় পানই না।এ প্রসঙ্গে আরইবির নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় আরইবির গ্রাহকেরা এখনো অনেক বিদ্যুৎ পাচ্ছেন। আবার কখনো কখনো কোনো কোনো স্থানে বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সরবরাহ করা সবটুকু বিদ্যুৎ নেওয়াও যায় না। এসব সীমাবদ্ধতা দূর করার কার্যক্রম চলছে।