গ্রামে গ্রামে থাকবে ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রাম, যাকে আমরা হূদয়ের আবেগ ও ভালোবাসা মিলিয়ে ‘গ্রামবাংলা’ বলে আখ্যায়িত করি, তার স্বপ্নঘেরা সৌন্দর্যের ছবিগুলো মূলত এ দেশের কবিরাই আমাদের মনে এঁকে দিয়েছেন। এই কবিকুল গ্রামবাংলার অপরূপ নিসর্গের অতুলনীয় শোভাই শুধু দেখেছেন, গভীর রোমান্টিক অনুভবে প্লাবিত হয়ে তাঁরা গ্রামকে এক অলৌকিক কল্পলোক হিসেবে গড়ে তুলেছেন। আমাদের জাতীয় সংগীতে গ্রামবাংলাকে ঘিরে রবীন্দ্রনাথের মুগ্ধ অনুভব লক্ষণীয়: ‘কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—/ কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।’ অন্যত্র তিনি বলেছেন, ‘অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি/ ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি।’ কবি কাজী নজরুল ইসলামও তাঁর একটি গানে বাংলাদেশের রূপমাধুরীর উচ্ছ্বসিত প্রশস্তি রচনা করেছেন: ‘আমার শ্যামলা বরণ বাঙলা মায়ের রূপ দেখে যা আয়রে আয়/ গিরি-দরী বনে-মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়।’ আর কবি জীবনানন্দ দাশ তো রূপসী বাংলার প্রেমে এতটাই মগ্ন হয়েছিলেন যে জন্মান্তরে আবার এ দেশের মাটিতেই ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করে লিখেছিলেন: ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়/ হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে/ হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে/ কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়’...।আগাগোড়া রোমান্টিকতায় মোড়া গ্রামীণ বাংলার এই যে চিত্রপট, তার ভেতরের বাস্তবতাটা কিন্তু ঠিক এ রকম ছিল না। বাংলার মাঠেঘাটে নদীপ্রান্তরে অপরূপ নিসর্গের আঁচল বিছানো ছিল ঠিকই, কিন্তু তার অভ্যন্তরে প্রবাহিত জনজীবনের গল্পটি ছিল অন্য রকম। সেখানে ছিল অভাব-অনটনে পর্যুদস্ত জীবন নিয়ে কায়ক্লেশে বেঁচে থাকা অযুত মানুষ। অবশ্য বিশ্বখ্যাত পর্যটকদের জবানি থেকে আমরা এ দেশের সম্পদ ও সচ্ছলতার সংবাদও পাই। চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে ইবনে বতুতা এ দেশে এসেছিলেন। তিনি এ দেশের ফসলের প্রাচুর্য, নদীপথে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য, তদুপরি মানুষের সুখী ও সমৃদ্ধ জীবনের বর্ণনা দিয়েছেন। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার এ দেশে এসেছিলেন সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে। বার্নিয়ারের ভাষ্যমতে, তদানীন্তন মোগল সাম্রাজ্যের প্রদেশগুলোর মধ্যে বাংলাদেশই ছিল সবচেয়ে ঐশ্বর্যশালী। তবে সেই ঐশ্বর্যের তলদেশে প্রান্তবাসী মানুষের দুঃখ ও দারিদ্র্যের বর্ণনা দিতেও তিনি ভোলেননি। সময়ের বিবর্তনে ইতিহাসের নানা কালপর্ব অতিক্রম করে এই দেশ ইংরেজদের শাসনাধীনে এসে উপনীত হয়েছে। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের শাসনকালে চিরস্থায়ী বন্দোবস্তের আইন জারি হওয়ার পর বাংলাদেশের বিপুলসংখ্যক কৃষক নিঃস্ব ও ভূমিহীন হয়ে যায়। এই আইনের মাধ্যমে জমিদারেরা জমির চিরস্থায়ী মালিকানা লাভ করে। কৃষকদের ওপর জমিদার এবং তার দোসরদের ব্যাপক নির্যাতন নেমে আসে। উনিশ শতকের মধ্যভাগে নীলকর সাহেবদের অত্যাচারে কৃষকেরা নীল চাষ করতে বাধ্য হয়। নীল চাষে অস্বীকৃত কৃষকদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে আমরা ইতিহাসের সেই মর্মন্তুদ আলেখ্য দেখতে পাই। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ফলে শুধু কৃষক নয়, এ দেশের তাঁতশিল্পীরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইংল্যান্ডের বস্ত্রকলে উৎপাদিত কাপড় আমদানির ফলে আমাদের তাঁতশিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়ে। ফলে আমাদের তাঁতিরা তাদের ঐতিহ্যবাহী উৎপাদনক্ষেত্র থেকে উৎখাত হয়ে যায়। সব মিলিয়ে আমাদের গ্রামীণ জীবনধারায় ব্যাপক দুর্যোগ নেমে আসে। একদিকে ঔপনিবেশিক শাসনের দমন ও নির্যাতন, অন্যদিকে পুঁজিবাদী অর্থনীতির অভিঘাতে জীবন-জীবিকার ক্ষেত্রে মারাত্মক ধস নেমে এসে আমাদের গ্রামগুলো তছনছ করে দেয়। দুঃসময়ের এই পর্বে মাত্র ২৭ বছরের গড় আয়ু নিয়ে আমাদের জনগোষ্ঠী তখন জীবনধারণ করেছে।এরপর পাকিস্তানপর্ব। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানে দৃশ্যত স্বাধীনতা লাভ করলেও এই আমলে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পথ রুদ্ধ হয়ে পড়ে। পাকিস্তানিরা ঔপনিবেশিক কায়দায় আমাদের ওপর শোষণ ও নির্যাতন চালাতে থাকে। এর বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়। একের পর এক আন্দোলনের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালে রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যুদ্ধকালে আমাদের গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপে শুরু হয় নতুন জীবন গড়ার প্রয়াস। এক যুদ্ধ শেষে সেদিন শুরু হয়েছিল আরেক যুদ্ধ। স্বাধীন সার্বভৌম দেশে জীবনকে পুনরায় গড়ে তোলার সেই লড়াইয়ে সেদিন অনেক নতুন স্বপ্ন মিশে ছিল। সেই স্বপ্নের হাত ধরেই অগ্রসর হয়েছিলাম আমরা। বিধ্বস্ত জীবনকে পুনর্নির্মাণের সেই লড়াই অনেক চড়াই-উতরাই পেরিয়ে অগ্রসর হয়েছে। অবশ্য আমাদের পর্বতসমান প্রত্যাশা অনেক ক্ষেত্রেই হোঁচট খেয়েছে, স্বপ্নভঙ্গও কম হয়নি, কিন্তু তার পরও আমরা উন্নয়নের পথে অগ্রসর হয়েছি। সরকারি-বেসরকারি সংগঠনগুলো গ্রামগ্রামান্তরে নানা ক্ষেত্রে তাদের কর্মধারা ব্যাপ্ত করে দিয়েছে। শহরে যেমন তৈরি পোশাকশিল্প বিকশিত হয়েছে, গ্রামাঞ্চলেও তেমনি অভাবী নারী-পুরুষের জন্য কাজের সুযোগ উন্মোচিত হয়েছে। নারীরা উপার্জনমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য তৎপরতা প্রদর্শন করেছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি প্রভৃতি ক্ষেত্রে আমাদের উন্নয়ন সূচকের পরিসংখ্যানগুলো নিঃসন্দেহে আশাব্যঞ্জক। কিন্তু এত সব অর্জন সত্ত্বেও আমরা আমাদের স্বপ্নের দিককে স্পর্শ করতে পারিনি। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের গ্রামগুলো অপরিসীম শক্তি ও সম্ভাবনার আধার। আপাতদৃষ্টিতে তাকে যতই দীনহীন বলে মনে হোক না কেন, গ্রামের অন্তরাত্মার মধ্যেই আছে সেই শক্তি, যা বিকশিত হয়ে আমাদের আত্মনির্ভরশীলতা ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে।কৃষিনির্ভর আমাদের এই দেশে কৃষকদের হাতেই রয়েছে আমাদের অগ্রগতি ও সমৃদ্ধির মূল দায়িত্বভার। আমাদের কৃষকেরা এরই মধ্যে অভূতপূর্ব সাফল্যের পরিচয় দিয়ে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে। আমাদের দেশ এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতাপূর্বকালের তুলনায় আমরা তিন গুণেরও বেশি খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছি। কৃষি উৎপাদনে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে এই উৎপাদন বহুলাংশে বাড়িয়ে তোলা হবে। আরও বেশি কৃষিজমি সেচসুবিধার আওতায় আসবে। কৃষিকাজের পাশাপাশি গ্রামে গড়ে উঠেছে ছোট ছোট শিল্প। বাঁশ-বেতের শিল্পসামগ্রী, নকশিকাঁথা, রেশমশিল্প, পাটনির্মিত পণ্য, মৃৎশিল্প, তাঁতের কাজসহ নানা ক্ষেত্রে অসংখ্য ক্ষুদ্র উদ্যোগ বিকশিত হচ্ছে। রপ্তানি-বাণিজ্যের মাধ্যমে এসব পণ্যের বাজার বহির্বিশ্বে বিপুলভাবে সম্প্রসারিত হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।আমার স্বপ্নের গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসবে বৈপ্লবিক পরিবর্তন। ব্রডব্যান্ড কানেকটিভিটি, ইন্টারনেট ও ওয়েবসাইট সংযোগের মাধ্যমে এই বিপ্লব সাধিত হবে। জ্ঞান অন্বেষণে, তথ্য আহরণে এবং গবেষণায় এগুলোই হবে মুখ্য সহায়ক। শিক্ষাঙ্গনগুলো তথ্যপ্রযুক্তির সর্বশেষ উপকরণে সুসজ্জিত থাকবে। এতে সঞ্চিত তথ্য ও জ্ঞানভান্ডারে সব শিক্ষার্থীর সমান প্রবেশাধিকার থাকার ফলে শিক্ষার সুযোগ লাভের ক্ষেত্রে সমতা তৈরি হবে। এর পাশাপাশি দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শ্রেণীকক্ষে যেভাবে পাঠদান করেন, ইন্টারনেট সংযোগের মাধ্যমে তা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে করে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের যে পর্বতপ্রমাণ বৈষম্য, তা বহুলাংশে হ্রাস পাবে। তথ্যপ্রযুক্তির কল্যাণে শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় সমমান অর্জন করবে। আমার স্বপ্নের গ্রামে ঘরে ঘরে থাকবে বিদ্যুতের আলো। বর্তমানে দেশের মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ-সংযোগের আওতায় রয়েছে। বিপুলসংখ্যক গ্রাম রাতের বেলা এখনো ডুবে থাকে অন্ধকারে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সেখানে কর্মচাঞ্চল্য থেমে যায়, জীবন হয়ে যায় নীরব, নিঃশব্দ। আমার স্বপ্নের গ্রাম এই আলোহীন নৈঃশব্দ্যকে কাটিয়ে উঠবে। গ্রামে গ্রামে সৌর প্যানেল স্থাপন করে সূর্যের আলোকে সৌরবিদ্যুতে রূপান্তর করে তা দিয়ে বাতি জ্বালানো হবে। জাতীয় গ্রিডের আওতাবহির্ভূত গ্রামগুলো এভাবেই সৌরবিদ্যুতের আওতায় চলে আসবে। অন্যদিকে গোবর ও অন্যান্য জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করে রান্নাবান্নার কাজ করার পাশাপাশি তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে অনেক গ্রাম আলোকিত হয়ে উঠবে। আবার বায়োগ্যাসের প্ল্যান্ট থেকে যে বর্জ্য পাওয়া যাবে, আমাদের কৃষিজমিগুলো তা জৈব সার হিসেবে ব্যবহার করবে। এর ফলে আমাদের গ্রামগুলোতে রাসায়নিক সারের ব্যবহার হ্রাস পাবে, সামগ্রিক কৃষি উৎপাদন-পদ্ধতি ক্রমশ পরিবেশবান্ধব হয়ে উঠবে।গবাদিপশু পালন এবং মৎস্য চাষ—এ দুটি ক্ষেত্রেও আমার স্বপ্নের গ্রামে ব্যাপক সাফল্য আসবে। কৃত্রিম প্রজনন কর্মসূচির মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়নে আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। গ্রামে গ্রামে খামারিরা গাভি পালন করে দুগ্ধ উৎপাদনে ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য এনেছে। এই সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে দুগ্ধ উৎপাদনে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’—এই উচ্চারণ সেদিন আর শুধু আকাঙ্ক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গ্রামের প্রতিটি ঘরে প্রতিদিনকার সহজপ্রাপ্তি হয়ে দেখা দেবে। গবাদিপশু থেকে আমাদের আমিষ চাহিদার ৪০ শতাংশ পূরণ হয়, আর ৬০ শতাংশ আসে মাছ থেকে। আমাদের পুকুরগুলো এখন মাছ চাষের খামার হয়ে উঠেছে। মাছের উৎপাদনশীলতা ক্রমশই বেড়ে যাচ্ছে। বর্তমানে আমরা প্রতি শতাংশে ৮৫ কেজি মাছ উৎপাদন করছি। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে আমরা অচিরেই এই উৎপাদন দ্বিগুণ বর্ধিত করে পুষ্টির জোগান বাড়াতে পারব।আমার স্বপ্নের গ্রামে শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনার সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে। ১৯৮৬ সাল পর্যন্ত এ দেশে মাত্র ২ শতাংশ শিশুকে টিকাদান করা সম্ভব হয়েছিল। সেখানে ১৯৯০ সালের মধ্যে কোনো কোনো এলাকায় টিকাদানের হার ৮০ শতাংশ অতিক্রম করেছিল। ১৯৯১ সালে এ দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুহার ছিল হাজারে ১৪৬ জন, ২০০৮ সালে ৫৩.৮ জন, ২০১৫ সালে এমডিজিতে এই হার ৪৮ জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। ১৯৯১ সালে নবজাতকের মৃত্যুহার ছিল হাজারে ৯২ জন, ২০০৮ সালে ৪১.৩ জন, ২০১৫ সালে এমডিজিতে এই হার ৩১ জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। মাতৃমৃত্যুরোধেও আমরা ক্রমশই ইতিবাচক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ১৯৯১ সালে মাতৃমৃত্যুহার ছিল এক লাখে ৫৭৪ জন, ২০০৮ সালে ৩৪৮ জন, ২০১৫ সালে এমডিজিতে এই হার ১৪৪ জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। অবশ্য শিশু ও মাতৃস্বাস্থ্য নিয়ে জোরালো কার্যক্রম চলছে, এমন কয়েকটি জেলায় এমডিজির এই লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। বস্তুত এই কর্মসূচির সাফল্য আমাদের এমন একটি জায়গায় পৌঁছে দেবে, যখন বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যু হবে একেবারেই বিরল ঘটনা। একই সঙ্গে সাধারণ রোগব্যাধির বিরুদ্ধেও আমাদের সংগ্রাম জয়যুক্ত হবে। গ্রামগুলোতে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য প্রশিক্ষিত ধাত্রী ও নার্স তৈরি করা হবে। দুটি কিংবা তিনটি গ্রামের জন্য যথাযথভাবে প্রশিক্ষিত একজন ধাত্রী নিয়োজিত করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এর ফলে দেশের কোনো শিশু এবং গর্ভবতী নারী স্বাস্থ্যসেবার আওতাবহির্ভূত থাকবে না। আমাদের শিশুরা আর অপুষ্টির শিকার হবে না, প্রাক-শৈশব পরিচর্যা আর প্রযত্ন লাভ করে পরবর্তী সময়ে যথানিয়মে তাদের দেহমনের বিকাশ ঘটবে।আমাদের দেশকে বলা হয় ‘নদীমাতৃক দেশ’। ছোট-বড় হাজারো নদী ছাড়াও অজস্র হাওর-বাঁওড়, খালবিল এ দেশের ভূপ্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের মানসনির্মাণেও ভূমিকা রেখেছে। আসলে নদী আর জলধারার মধ্যেই নিহিত আছে আমাদের জীবনের গভীরতম পরিচয়। এ দেশের মানুষের শক্তিমত্তা, মহানুভবতা, কাব্যিকতা, সংগীতপ্রিয়তা, উদার হূদয়—সবই তো এসেছে নদী থেকে, তার প্রবহমানতা থেকে। কিন্তু এই নদীগুলোর স্বাভাবিক স্রোতোধারাকে বাধাগ্রস্ত করে আমরা আমাদের প্রাণের প্রবাহকেই অবরুদ্ধ করে চলেছি। নানাভাবে দূষণ ঘটিয়ে স্বচ্ছ সুপেয় জলরাশিকে পঙ্কিল করে তুলছি। শুধু তা-ই নয়, নদী দখল করে তাকে বানিয়ে তুলছি সমতল ভূমি। অথচ নদীর মৃত্যু হলে গ্রামের মৃত্যুও রোধ করা সম্ভব হবে না। সুতরাং নদী হত্যার মতো আত্মঘাতী কাজ বন্ধ করার জন্য আমাদের সর্বোচ্চ প্রয়াস চালাতে হবে। আমার স্বপ্নের গ্রামে নদীর প্রতিপক্ষ কেউ থাকবে না। নদীদস্যুরা সেখান থেকে বিতাড়িত হবে, নদী তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে, আমাদের জীবনধারার সঙ্গে নদীর জলধারা মিলেমিশে প্রবাহিত হবে।আমি যে গ্রামের স্বপ্ন দেখি, সেখানে জেন্ডারসাম্য প্রতিষ্ঠিত হবে। কাজের ক্ষেত্রে নারী-পুরুষ বিভেদ থাকবে না। উৎপাদন ও গৃহস্থালি কাজে নারী-পুরুষ সমভাবে দায়িত্ব পালন করবে। শিশুপালন, রান্নাবান্নাসহ ঘরসংসারের যাবতীয় কাজেই উভয়ের সম অংশগ্রহণ নিশ্চিত হবে। ‘শিশুরা মাতৃক্রোড়ে’—এই দৃশ্যটিকে আমরা চিরন্তন আবেগের এক কাঠামোর মধ্যে আবদ্ধ করে ফেলেছি। এখন মাতৃক্রোড়ের পাশাপাশি আমরা পিতার স্কন্ধে শিশুর হাস্যোজ্জ্বল মুখ দেখতে চাই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেই দৃশ্যটির মধ্যেও অপত্যস্নেহের সুন্দর, শাশ্বত রূপটিই ফুটে উঠবে।আমার স্বপ্নের গ্রামে শক্তিশালী স্থানীয় সরকারে জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে। এর মধ্য দিয়ে গণতন্ত্র আরও শক্তিশালী হবে, সুশাসন দৃঢ় ভিত্তি খুঁজে পাবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুনাগরিক তৈরি হবে, প্রতারক শ্রেণীর লোকজন কোথাও কোনো ঠাঁই পাবে না।সারা বিশ্বের জনপরিসংখ্যানের ক্ষেত্রে একুশ শতকের ২০১০ সালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর। কেননা এ বছরের মে মাসে পৃথিবীর নগরবাসী জনসংখ্যা গ্রামবাসী জনসংখ্যাকে অতিক্রম করে গেছে। বস্তুত বিংশ শতাব্দী বিশ্বের দ্রুত নগরায়ণ প্রত্যক্ষ করেছে। ১৯০০ সালে নগরবাসী জনসংখ্যার অনুপাত ছিল ১৩ শতাংশ, ১৯৫০ ও ২০০৫ সালে এই অনুপাত যথাক্রমে ২৯ ও ৪৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। ২০১০ সালে এটি এসে ৫১.৩ শতাংশে উন্নীত হয়েছে। জাতিসংঘ কর্তৃক অনুমিত এক তথ্য মোতাবেক ২০৫০ সালে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ হবে নগরের বাসিন্দা। এই যে ক্রমবর্ধমান নগরায়ণ, একে অনিবার্য ও অপ্রতিরোধ্য বললেও ভুল হবে না। সুতরাং গ্রাম ও নগরকে পরস্পরবিরোধী ভূমিকায় দেখার কোনো অবকাশ নেই। বরং উভয়ের সম্পূরক সহাবস্থানকেই আমাদের সামগ্রিক কল্যাণ সাধনে কাজে লাগাতে হবে। আমাদের গ্রামগুলোতে খাদ্য উৎপাদিত হবে, কারুশিল্পের বিকাশ ঘটবে; অন্যদিকে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি, শিল্প-উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে নগর তার নির্ধারিত ভূমিকা পালন করবে। গ্রামীণ কৃষি খাতে উদ্বৃত্ত শ্রমিকেরা নগরের শিল্প খাতে স্থানান্তরিত হবে।মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ উভয়ের চিন্তাধারায় গ্রামোন্নয়নের বিষয়টি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্রনাথ রাষ্ট্রশক্তির বদলে আত্মশক্তি ও সমাজশক্তির জাগরণের মধ্য দিয়ে গ্রামোন্নয়নের পরিকল্পনা করেছিলেন। অপরদিকে মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন এক স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজের স্বপ্ন। তাঁর কল্পনার গ্রামস্বরাজকে তিনি একটি সম্পূর্ণ প্রজাতন্ত্র হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু সময় ভিন্নভাবে অগ্রসর হয়েছে এবং সমাজ-রূপান্তরের দীর্ঘ অভিযাত্রার পথে আজ আমরা তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিকাশের যুগে এসে হাজির হয়েছি। স্বয়ংসম্পূর্ণ গ্রামের ধারণাটি এ যুগের বাস্তবতায় আর প্রাসঙ্গিক নয়। এ যুগের গ্রাম অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সমস্ত দিক থেকেই সমগ্র দেশ এবং বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকবে। বর্তমানে বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্কের যে বিশাল বিস্তার, তার আওতায় এসে গ্রামবাসী নতুন জীবন ও সংস্কৃতি গড়ে তুলবে। এই নেটওয়ার্কের মাধ্যমে সর্বসাম্প্রতিক তথ্যপ্রবাহের সঙ্গে গ্রামবাসীর যে দূরত্ব, তা ঘুচে যাবে। এর ফলে তাদের সামগ্রিক জীবনশৈলীতেই বড় ধরনের পরিবর্তন আসবে। প্রতিটি গ্রামেই থাকবে তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্র। এখান থেকে গ্রামবাসী নামমাত্র মূল্যে জমিজমা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে তাৎক্ষণিক তথ্যসেবা লাভ করবে। তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিকাশ ঘটিয়ে একবিংশ শতাব্দী ‘পৃথিবী’ নামক আমাদের এই গ্রহটিকে দ্রুত একটি বিশ্বগ্রামে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শহর ও গ্রামের ভেদরেখা বিলুপ্ত করে সবকিছু একাকার করে দিয়ে একদিন নির্মিত হবে সেই বিশ্বগ্রাম—সেখানে শোষণ ও বৈষম্য অনেকাংশে বিলুপ্ত হয়ে যাবে, দারিদ্র্যবিমোচন হবে, অশিক্ষার অন্ধকার দূরীভূত হবে, ধর্ম-বর্ণ-গোত্র-লিঙ্গ ও জাতিসত্তাগত সব ধরনের বিভেদ মুছে যাবে, নারীর সার্বিক মুক্তি সাধিত হবে এবং সমাজের প্রতিটি মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশের অবারিত সুযোগ থাকবে। ভবিষ্যতের সেই বিশ্বগ্রামের দিকেই আমি আগ্রহসহকারে তাকিয়ে আছি।ফজলে হাসান আবেদ: প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, ব্র্যাক।