গ্রামে ঢুকে হত্যা লুট, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিয়ার্দি, পূর্ব পাকিস্তান (এপি): চারদিকে পানি। মাঝখানে হিন্দু-অধ্যুষিত একটি গ্রাম। গত রোববার (২৬ জুন ১৯৭১) এক প্লাটুন পাকিস্তানি সেনা ঢুকে পড়ে গ্রামটিতে। গুলি চালায় নির্বিচারে। ঘরবাড়ি তছনছ করে। বাজারে আগুন লাগিয়ে দেয়।পশ্চিম পাকিস্তানি সেনা এবং ফ্রন্টিয়ার কোরের পোশাক পরা ছিল সেনারা। তাঁদের সদর দপ্তর এই গ্রাম থেকে এক হাজার মাইল পশ্চিমে, পশ্চিম পাকিস্তানে। কমান্ডার মেজর ওমর সাংবাদিকদের নিজের পরিচয় দিয়ে বললেন, এটা তাঁদের নিয়মিত মহড়ার অংশ।মেজর সাহেবের মাথায় নীল রঙের চ্যাপটা টুপি, কিন্তু পা খালি। তাঁর স্বয়ংক্রিয় রাইফেলটি বহন করছে তাঁর এক সঙ্গী। বর্ষায় শরীর শুকনো রাখতে ছাতাও আছে সঙ্গে। তারা চলে যাওয়ার পর দেখা গেল, তিনজন মরে পড়ে আছে। জনশূন্য গ্রাম দাউদাউ করে জ্বলছে। অনাচারের সাক্ষ্য বিলীন করতেই এই আগুন।গ্রামটির এক অংশে মুসলমানদের বাস, ১০০ পরিবার। তারা গিয়ে লুকিয়েছে খালের ওপারে কিংবা পাটখেতে। দোতলা ঘরের মেঝেতে মাদুরের ওপর সাদা চুলের একজন মানুষ পড়ে আছেন—গুলি ঢুকেছে তাঁর পিঠের দিক থেকে। গ্রামবাসী জানাল, চোখের সামনে পড়ে থাকা তিনটি মৃতদেহ ছাড়াও সেনাদের পাঁচ ঘণ্টার ধ্বংসযজ্ঞে আরও পাঁচজন নিহত হয়েছেন।এটি বাঙালি প্রধান বিচারপতি বি এ সিদ্দিকীর গ্রাম। তিনি গত মার্চে প্রদেশের নতুন সামরিক গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে শপথ গ্রহণ করাতে অস্বীকার করেছিলেন।আক্রমণস্থল ঢাকার উত্তর-পশ্চিমে; গাড়ি চালিয়ে যেতে এক ঘণ্টা লাগে। সেখানে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি তদন্ত করতে আসা চারজন ব্রিটিশ সাংসদ পূর্ব পাকিস্তান সফরের শেষ রাতটি কাটিয়েছিলেন। সেই দিনই খবর এল, আমেরিকার সামরিক রসদ-গোলাবারুদ ও খুচরা যন্ত্রাংশ নিয়ে একটি জাহাজ পশ্চিম পাকিস্তানের করাচির দিকে এগোচ্ছে।মুসলমান গ্রামবাসী এবং অনেক ছাত্র, যারা ২৫ মার্চের পর ঢাকা ছেড়ে পালিয়েছিল, বলেছে, শুক্রবার (২৪ জুন ১৯৭১) থেকে সেনাসদস্যরা ছোট নৌকায় নেমে আসছে এবং ছয় মাইল ব্যাসার্ধ জুড়ে এই অঞ্চলের স্থানে স্থানে আঘাত হানছে।সকাল থেকেই ওই গ্রামের দিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল আর ধোঁয়া চোখে পড়ছে। গ্রামবাসী মনে করে, এ আক্রমণের সঙ্গে মুক্তিযোদ্ধারা যে টাঙ্গাইলের ২৮ মাইল উত্তরে ব্রহ্মপুত্র নদের কাছে ঘাঁটি গেড়েছে বলে খবর প্রচারিত হয়েছে, তার যোগসূত্র আছে।(২৮ জুন প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন