গ্রামে থাকতে অনীহা চিকিৎসকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্বাস্থ্য উপকেন্দ্রে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ পাওয়া ৭০ জন সহকারী সার্জনের (নন-ক্যাডার) বেশির ভাগই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে নয়জনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।এদিকে ওই ৭০ জন চিকিৎসকের মধ্যে ৩৯ জনকে এমন স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনীয় অবকাঠামো নেই। আবার এমন দুটি স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসক নিয়োগ করা হয়েছে, যেগুলো অনেক আগেই যমুনায় বিলীন হয়ে গেছে।যেসব স্বাস্থ্য উপকেন্দ্রে প্রয়োজনীয় অবকাঠামো নেই, সেখানকার চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও তাঁদের অনেকে ঠিকমতো দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে।সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, বিভিন্ন উপজেলা পরিদর্শন করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যেখানে স্বাস্থ্য উপকেন্দ্র নেই, সেখানকার চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে দায়িত্ব পালন করানো হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকার অ্যাডহক ভিত্তিতে সহকারী সার্জন পদে এই জেলার নয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য উপকেন্দ্রে ৭০ জন চিকিৎসক নিয়োগ দেয়। সদরে তিনজন, রায়গঞ্জে ১১, তাড়াশে আট, শাহজাদপুরে আট, কাজীপুরে ১১, কামারখন্দে দুই, উল্লাপাড়ায় ১৫, উল্লাপাড়ার ২০ শয্যা হাসপাতালে তিন, চৌহালীতে সাত, বেলকুচিতে দুজনসহ মোট ৭০ জন চিকিৎসককে নিয়োগ দেয় সরকার। তাঁরা গত ১ জুলাই থেকে কাজে যোগ দেন। যোগ দেওয়ার পর থেকে বেশির ভাগ চিকিৎসক ছুটি, বিভিন্ন প্রশিক্ষণ ও কাজের অজুহাতে কর্মস্থলের বাইরে অবস্থান করছেন। অনেকে বদলির জন্য তদবিরে ব্যস্ত রয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গ্রামে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এসব চিকিৎসক নিয়োগ দিয়েছিল সরকার। এদের এই অনুপস্থিতির কারণে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না।সূত্রটি আরও জানায়, কর্তব্যে অবহেলার কারণে গত ৯ আগস্ট পর্যন্ত জেলার কাজীপুরে চারজন, কামারখন্দে একজন ও উল্লাপাড়ায় চারজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ ছাড়া অনেককে ডেকে নিয়ে এবং কয়েকজনকে মুঠোফোনে সতর্ক করে দেওয়া হয়েছে।স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়নগুলোর বেশির ভাগ স্থানেই স্বাস্থ্য উপকেন্দ্রের অবকাঠামো তৈরি করা হয়নি। কয়েকটি স্থানে তৈরি করা হলেও সেগুলো জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ওই উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নতুন ১১ জন চিকিৎসক যোগ দিয়েছেন। উপজেলার নয়টি স্বাস্থ্য উপকেন্দ্রের ছয়টির কোনো অবকাঠামোই নেই। তাই ছয়জন চিকিৎসককে উপজেলা সদরে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তাঁদের অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। তিনি জানান, ৯ আগস্ট ১১ জনের মধ্যে দুজন উপস্থিত ছিলেন। একইভাবে কাজীপুরে আটটি, শাহজাদপুরে দুটি, সদরে তিনটি, উল্লাপাড়ায় চারটি উপস্বাস্থ্য কেন্দ্রের কোনো অবকাঠামো না থাকায় এসব জায়গায় নিয়োগ পাওয়া চিকিৎসকেরা বিপাকে পড়েছেন। অন্যদেক শাহজাদপুর উপজেলার বৃহাতকোরা ও কাজীপুর উপজেলার টেংলাহাটা গ্রামে স্বাস্থ্য উপকেন্দ্রের জন্য দুজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে গ্রাম দুটির কোনো অস্তিত্বই নেই। গ্রাম দুটি অনেক আগেই যমুনায় বিলীন হয়ে গেছে।সদর উপজেলার বহুলী ইউনিয়নের স্বাস্থ্য উপকেন্দ্রে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসক ইলিয়াস বলেন, ‘এই স্বাস্থ্য উপকেন্দ্রের কোনো অবকাঠামো নেই। নেই কোনো কর্মচারীও। তাই উপজেলা সদরে এসে বসে আছি।’রাজধানী ঢাকায় অবস্থানরত রায়গঞ্জের একটি স্বাস্থ্য উপকেন্দ্রের একজন চিকিৎসক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তাঁরা সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন। আরেকজন চিকিৎসক স্বীকার করেন, যখন স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য উপকেন্দ্র পরিদর্শনে যান, তখন তাঁরা কর্মস্থলে থাকেন। বাকি সময় প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন।কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আওয়াল এবং চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাবাত হোসেন বলেন, যেসব চিকিৎসক অনুপস্থিত ছিলেন, তাঁদের অনেককেই কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ বিভিন্নভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ১ আগস্ট থেকে যাঁরা অনুপস্থিত রয়েছেন, তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত দেখানো হচ্ছে।