গ্রামে থাকতে না পারলে চাকরি ছেড়ে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে থেকে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গ্রামে থেকে চাকরি করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দিন। সরকারের চাকরি করবেন, বেতন নেবেন অথচ সেবা দেবেন না, তা হতে পারে না। চিকিৎসকেরা নিজ নিজ এলাকায় থেকে মানুষকে চিকিৎসা দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ১৯তম সম্মেলন ও বিশেষ বার্ষিক সাধারণ সভার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, একজন চিকিৎসক তৈরি করতে সবচেয়ে বেশি খরচ হয়। আর এই খরচের অর্থ জোগায় জনগণ। তাই তাঁদের অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়া উচিত।প্রধানমন্ত্রী চিকিৎসকসহ সবার প্রতি কর ফাঁকি দেওয়ার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জনবল বৃদ্ধির কথা বলেন, উন্নয়নের দাবি জানান। যদি কর না দেন, তাহলে দেশের উন্নয়ন হবে কীভাবে?’ তিনি বলেন, ‘কর না দেওয়ার প্রবণতা চিকিৎসকসহ অনেকের মধ্যেই রয়েছে। অনেক নামীদামি মানুষ আছেন, তাঁরা কর ফাঁকি দেওয়ার জন্য এক খাতের টাকা অন্য খাতে খরচ করেন। তিনি সবাইকে যথাযথভাবে কর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কর দিলে দেশের উন্নয়ন হবে। এতে আপনিই লাভবান হবেন।’বিএমএর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বিএমএর মহাসচিব মো. শরফুদ্দিন আহমেদ প্রমুখ। বাসস।