খেলাপাগল এক শিক্ষক। গ্রামের ছেলেমেয়েদের নিয়ে অসাধ্য সাধন করেছেন। তাঁর গড়া মহিলা ফুটবল দলের খেলোয়াড়েরা জাতীয় ফুটবল দলে অনবদ্য কৃতিত্বের দাবিদার। শত প্রতিকূলতা তাঁর উদ্যমকে কখনো দমাতে পারেনি। কী করে পারলেন তিনি, জানাচ্ছেন নিজেই
গ্রামের খেলোয়াড়েরা শাবাশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের এক নিভৃত পল্লি রামদেবপুর। ১৯৯৪ সালে এই গ্রামে প্রতিষ্ঠিত হয় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। জরাজীর্ণ এ বিদ্যালয়ের নিত্যসঙ্গী অর্থাভাব। শিক্ষার্থীদের অধিকাংশই গ্রামের গরিব ও খেটে খাওয়া পরিবারের সন্তান। ২০০০ সালে বিদ্যালয়টিতে আমি ক্রীড়া শিক্ষক হিসেবে যোগ দিই। অভিভূত হই এমন একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার প্রতি আগ্রহ দেখে।ওদের এই আগ্রহে পরে বালক-বালিকাদের নিয়ে হ্যান্ডবলের দুটি দল গঠন করি। তাদের নিয়ে শুরু করি খেলার অনুশীলন। দল দুটি কয়েক দিনেই পোক্ত হয়ে ওঠে। ক্লাসের ফাঁকে ও ছুটিতে ছেলেমেয়েরা স্কুলের মাঠে খেলে। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছেলেদের দল উপজেলা ও জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায় রংপুর গিয়ে হেরে ফিরে আসে। মেয়েদের দলেরও একই অবস্থা। এভাবে চলে ২০০৬ সাল পর্যন্ত।হ্যান্ডবল ছেড়ে ফুটবলরংপুর থেকে আর ওপরে যেতে না পারায় সে সময় আমি মেয়েদের নিয়ে ফুটবল দল গঠনের কথা ভাবি। ২০০৭ সালের আগস্টের একদিন স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে সভা ডেকে মেয়েদের ফুটবল দল গঠনের প্রস্তাব দিই। এতে সবাই সম্মতি দেন। সেপ্টেম্বরে ৩২ জনকে নিয়ে ফুটবল দল গঠন করি। শুরু করি আবারও প্রশিক্ষণ। কিন্তু গ্রামের এসব মেয়ের কোনো বুট-জার্সি নেই। অগত্যা খালি পায়েই প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকি। এক মাসেই তাঁদের মধ্যে দেখি নতুন সম্ভাবনা।পালে এল হাওয়াঠাকুরগাঁও জেলা ক্রীড়া কর্মকর্তা আবু মহীউদ্দীন। মেয়েদের যখন এই অবস্থা, তখন এগিয়ে আসেন তিনি। অক্টোবর মাসে তিনি স্কুলে ফুটবলের ক্রীড়াসামগ্রী প্রদান করলে মেয়েদের উৎসাহ বেড়ে যায়। তারা কয়েক মাসেই বেশ দক্ষ হয়ে ওঠে। ২০০৮ সাল পর্যন্ত অনুশীলন চালানোর পর মেয়েরা তখন প্রস্তুত।২০০৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘সিটিসেল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’। এতে ঠাকুরগাঁও থেকে জেলা মহিলা ফুটবল দল হিসেবে রামদেবপুর স্কুলের এ দলটির নাম অন্তর্ভুক্ত হয়। আমাদের খেলোয়াড়দের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। তবে সমস্যা দেখা দেয় সেই অর্থাভাব।অনেক সম্ভাবনাদলকে ঢাকায় নিতে অনেক টাকা দরকার। ক্রীড়া কর্মকর্তা আবু মহীউদ্দীনের সহায়তায় বহু কষ্টেসৃষ্টে টাকার জোগাড় করে দল নিয়ে ঢাকায় রওনা দিই। ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় রামদেবপুর স্কুলের মেয়েদের সঙ্গে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলের। আমার দলের মেয়েরা তখনো বুট পরে খেলতে শেখেনি। খালি পায়েই মাঠে নামার কথা ছিল, নিয়ম না থাকায় সেদিন তারা খেলেছিল কাপড়ের জুতা পায়ে। মেয়েরা এ দিনের খেলায় হেরে গেলেও এক দিন পর আবার স্বাগতিক ঢাকা জেলাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানারআপ হয়। ওই দিন টেলিভিশনে ও পরের দিন প্রথম আলোয় ‘জয়ে ফিরল ঠাকুরগাঁও’ শিরোনামে এবং অন্যান্য পত্রিকায় পৃথক খবর ছাপা হয়।ক্রীড়া সংস্থার প্রশংসা২০১০ সালের ২১ এপ্রিল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা রামদেবপুর স্কুলে এসে মেয়েদের ফুটবল খেলা দেখেন। তাঁরা সেদিন মন্তব্য করেন, ‘শুধু ঠাকুরগাঁও জেলাতেই নয়, উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রত্যন্ত গ্রাম পর্যায়ে এমন মহিলা ফুটবল দল আর নেই।’ তাদের এ মন্তব্য আমাদের অগ্রযাত্রায় আরও অনুপ্রেরণা জোগায়।জাতীয় দলে স্থান, বিদেশ গমনরামদেবপুরের মুনমুন জাতীয় ফুটবল দলে স্থান লাভ করেছে। চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ গেমসে জাতীয় দলের স্ট্রাইকার হয়ে খেলে মুনমুন। গত মাসেও মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল খেলায় অংশ নেয় সে। এ জন্য মুনমুনকে বাফুফের পক্ষ থেকে ঢাকায় অনুশীলন দেওয়া হয়। এর আগে সেপ্টেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘কেএফসি মহিলা ফুটবল লিগ সুপার-৮’-এ খেলে আমার এই দলের কয়েকজন খেলোয়াড়। রামদেবপুর দল রাঙামাটি জেলা দলের সঙ্গে খেলে মুনমুনের হ্যাটট্রিকসহ ৪-০ গোলে জয়লাভ করে। সাফল্যের আরও কথানিভৃত পল্লির এই দল ২০১১ সালের অক্টোবরে জাতীয় মহিলা ফুটবল লিগের আয়োজনে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সুপার-৮-এ খেলারও যোগ্যতা অর্জন করে। দলের খেলোয়াড় মুনমুন, মৌসুমী রায় ও মনসা রায় ওই বছর ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবে প্রশিক্ষণ নেয়। একই বছর ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ওয়ালটন ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগ-২০১১’-এ আরামবাগ মহিলা ফুটবল দলের হয়ে খেলে মুনমুন, জফুরা, খুকুমনি, মনসা ও মৌসুমী। বাফুফের ব্যবস্থাপনায় কমলাপুর স্টেডিয়ামে নভেম্বরে অনুষ্ঠিত ‘কেএফসি মহিলা ফুটবল লিগে’ ঠাকুরগাঁওয়ের হয়ে খেলে ‘ফেয়ার প্লে’ পুরস্কার লাভ করে রামদেবপুরের এই মেয়েরা।এ বছরের ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ মহিলা ফুটবল করপোরেশন লিগে সানবিনস প্রপার্টিজ লিমিটেডের পক্ষে খেলে ৩০ জানুয়ারি ব্র্যাকের মহিলা ফুটবল দলের বিপক্ষে ৪ গোল দিয়ে হ্যাটট্রিক করে মুনমুন।সহযোগিতারামদেবপুরের মেয়েদের পায়ে বুট ছিল না, তাই তারা ঢাকায় হেরে গেছে—এ সংবাদ ছড়িয়ে পড়েছিল গ্রামে। এ জন্য একটি বেসরকারি সংস্থা এই মেয়েদের ২৫ সেট ট্রাকস্যুট, বুট, হুজ, অ্যাংকলেট ও সিনগার্ড প্রদান করে। মূলত ওই উপকরণ পেয়েই মেয়েদের খেলার মান বদলে যায়। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় অভিভাবকেরা আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন। তাঁদের সহায়তা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।আমার আবেদনশহরের খেলোয়াড়দের পেছনে যে অর্থ ব্যয় করা হয়, তার অর্ধেকও যদি গ্রামের এমন খেলোয়াড়দের পেছনে ব্যয় করা যায়, তা হলে দেখা যাবে এদের অনেকেই জাতীয় মানের খেলোয়াড়ে পরিণত হয়েছে। এরাও দেশের পতাকা বিদেশে তুলে ধরতে পারবে। পল্লির এই মেয়েদের নেই পর্যাপ্ত খেলার সামগ্রী, নেই খেলার উপযোগী মাঠ, অনুশীলন শেষে একটু ভালো খাবারের ব্যবস্থা। কেবল হাততালি দিয়ে বাহবা জানালেই হবে না, ওদের জন্যও চাই স্থায়ী একটা তহবিল। দেশকে ভালো কিছু দিতে এদের এই অপার সম্ভাবনা যেন কাজে লাগানো যায়, সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সবারই সুদৃষ্টি কামনা করছি। অনুলিখিত