গ্রামের নাম কবিরাজি গ্রাম
কাগজে-কলমে গ্রামের নাম ইসলামপুর হলেও এত দিন এলাকার লোকজনের কাছে ‘গোবরগাড়ি’ নামে পরিচিত ছিল। এখন সেই নামও বিলুপ্ত হতে বসেছে। লালপুর উপজেলার এই গ্রামটি এখন ‘কবিরাজ গ্রাম’ নামে পরিচিত। গ্রামের বাড়িতে বাড়িতে ঝুলছে নানা বিশেষণে বিশেষায়িত কবিরাজদের সাইনবোর্ড। গ্রামের আবুল হোসেন, আবদুল মান্নান, মাসুদ হোসেন ও মনির হোসেনসহ ২৩ ব্যক্তি হাড় জোড়া লাগানোর কবিরাজ হিসেবে জমজমাট ব্যবসা ফেঁদে বসেছেন গ্রামটিতে। নিজেদের নামের পাশে জুড়ে নিয়েছেন নানা বিশেষণ।এসব কবিরাজের সঙ্গে কথা বলে জানা যায়, হাড় জোড়া লাগানোর বিজ্ঞানসম্মত কোনো জ্ঞান তাঁদের নেই। প্রত্যেকেই নিজ নিজ পূর্বপুরুষের স্বপ্নে পাওয়া গাছগাছড়া দিয়ে চিকিৎসা (?) চালিয়ে যাচ্ছেন। গ্রামে ঢুকতেই প্রথমে কবিরাজ আবুল হোসেনের বাড়ি। পাকা ওয়াল ও টিনের ছাউনির বাড়িটিতে পুরুষ ও মহিলা রোগীর জন্য রয়েছে আলাদা ওয়ার্ড। সরেজমিনে দেখা গেল, সেখানে শুয়ে-বসে আছেন নানা বয়সের হাত, পা ও কোমর ভাঙা রোগীরা। ক্ষত স্থানে লাগানো রয়েছে গাছগাছড়ার ছাল-বাঁকল। মহসিন নামের এক রোগী বললেন, ‘এক মাস আগে ভ্যান থ্যাকি পড়ি আমার ডান পা ভাঙ্গি গ্যাছে। একানে আসলে কবিরাজ দুই মাস সময় নিছে ভালো করি দেওয়ার কথা বলি। এ কাজের জন্য পাঁচ হাজার ট্যাকা দিতে হবি। ভর্তি হওয়ার সময় ৫০০ টাকা নিছে।’ কী চিকিৎসা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল-বিকেল তেল পড়ায়ে (ফুঁ দিয়া) মালিশ করি দেয়। আর সোজা হয়ে শুয়ে থাকতি হয়।’কিছুদূর যেতেই দেখা যায়, কবিরাজ আবদুল মান্নানের হাসপাতাল। তাঁর বাড়িতেও বহির্বিভাগ ও আন্তবিভাগ নামে নারী-পুরুষের জন্য আলাদা ওয়ার্ড আছে। তিনি ভর্তি বাবদ নিচ্ছেন ১৫০ টাকা। ট্রাকশন দেওয়ার জন্য নিচ্ছেন প্রতিদিন ১০০ টাকা। এখানে দেখা গেল কয়েকজন রোগী গোলমাল করছেন কবিরাজের সঙ্গে। মালেক নামের এক লোকের অভিযোগ, কবিরাজকে দুই হাজার টাকা দিয়ে ও দেড় মাস চিকিৎসা করিয়েও তাঁর মেয়ের হাড় জোড়া লাগেনি। পরে ১৫ হাজার টাকা খরচ করে রাজশাহীর হাড় জোড়া লাগানোর বিশেষজ্ঞ অধ্যাপক বি কে দাসের মাধ্যমে চিকিৎসা করিয়ে ভালো করেছেন। তাই তিনি টাকা ফেরত নিতে এসেছেন। মিনা নামের এক মেয়েকে নিয়ে এসেছেন তাঁর মা আছিয়া বেগম। আছিয়া বেগম বলেন, দুই মাস চিকিৎসা করিয়েও তাঁর মেয়ের ভাঙা হাত জোড়া লাগেনি। তিনিও টাকা ফেরত নিতে এসেছেন। নাটোর সদর হাসপাতালের হাড়-জোড় বিশেষজ্ঞ শাজাহান আলী খন্দকার বলেন, ইসলামপুরে দীর্ঘদিন ধরে এ ধরনের অপচিকিৎসা চলছে। তাঁদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, হাড় জোড়া লাগা সম্পর্কে এসব লোকের বিজ্ঞানসম্মত কোনো ধারণা নেই। প্রাকৃতিক নিয়মে মানুষের শরীরের হাড় এমনিতেই জোড়া লাগে। তবে চিকিৎসা শাস্ত্রমতে না হলে তা ক্ষতির কারণ হতে পারে। এসব চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক রোগী আমার কাছে আসে। পরে তাদের আরও জটিল চিকিৎসা দিতে হয়।