চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শহরের পাশাপাশি মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠান এবার ভালো ফল করেছে। ফলে এই বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। সব মিলিয়ে এবার বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৩১ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ০৭ শতাংশ বেশি। আর জিপিএ-৫ পেয়েছে মোট পাঁচ হাজার ৮০০ জন। ২০০৯ সালে জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৫২৯ জন। তবে নতুন পদ্ধতিতে চারটি মানদণ্ডে সেরা বিদ্যালয় নির্ধারণ করায় এবার অনেক আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান সেরার তালিকায় নেই।শিক্ষা বোর্ড সূত্র জানায়, নতুন নিয়মে চারটি মানদণ্ডে বোর্ডে এবার সেরা বিদ্যালয় নির্বাচিত হয়েছে কলেজিয়েট স্কুল। নবম শ্রেণীতে শিক্ষার্থী নিবন্ধনের সংখ্যা, নিয়মিত পরীক্ষার্থীদের শতকরা পাসের হার, মোট পাসের হার ও পরীক্ষার্থীর সংখ্যা—এ চারটি মানদণ্ডের চারটিতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। মোট ১০০ নম্বরের মধ্যে এই প্রতিষ্ঠান পেয়েছে ৯০। প্রতিষ্ঠানটির ৪৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন। অথচ নতুন মানদণ্ডে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অবস্থান এবার ষষ্ঠ। গতবার এ বিদ্যালয় দ্বিতীয় স্থানে ছিল। এবার ৩১টি বিদ্যালয়ের পাসের হার শতভাগ। গত ছয় বছরের মধ্যে বোর্ডে এবারের ফল সেরা।চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় সেরা হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৪৩ জনের ৪৩ জনই জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় হয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ১০৩ পরীক্ষার্থীর মধ্যে ৯১ জন জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ হয়েছে হালিশহরের সিলভার বেলস বালিকা বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৭৫ পরীক্ষার্থীর সবাই পাস করেছে, আর জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মোট ৬৮ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে ৬৮ হাজার ৩৮৬ জন অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৪৫১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৯ দশমিক ১৫ শতাংশ, মানবিকে ৫৫ দশমিক ৬৬ ও ব্যবসায় শিক্ষায় ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ।এবারের পরীক্ষায় চট্টগ্রাম শহরের প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৮২ দশমিক ৬৯ শতাংশ, আর মফস্বলে ৬৮ দশমিক ৯৩ শতাংশ। দুটো মিলিয়ে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৪ দশমিক ২৩ শতাংশ। গতবারের চেয়ে এই হার প্রায় ২ শতাংশ বেশি। একইভাবে বোর্ডের অধীন তিন পার্বত্য জেলাসহ অন্য চারটি জেলাও পাসের হার ভালো।পাসের হারে সেরা: পাসের হার ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় প্রথম থেকে চতুর্থ অবস্থানে গতবারের সেরা চারটি স্কুল এবারও তাদের স্থান ধরে রেখেছে। সেরার সেরা হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবার এ প্রতিষ্ঠান থেকে ১৭৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। দ্বিতীয় হয়েছে সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয় (১৬৯), তৃতীয় অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় (১৩৯) ও চতুর্থ স্থানে চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১২৬)।বিভাগভিত্তিক বিভাজন: বোর্ডে মোট জিপিএ-৫-এর সিংহভাগ এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৪৮ জন। এ বিভাগ থেকে সর্বোচ্চ ৮৯ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া মানবিক বিভাগে ৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৪৭৭ জন জিপিএ-৫ পেয়েছে।ছাত্র-ছাত্রীর তুলনামূলক চিত্র: এবার বিজ্ঞান বিভাগে মোট চার হাজার ২৪৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রসংখ্যা দুই হাজার ৪৬৭ জন, জিপিএ-৫-এর হার ৩০ দশমিক ৬৯ শতাংশ। বিপরীতে ৩০ দশমিক ৮৯ শতাংশ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রীরা পেছনে ফেলে দিয়েছে ছাত্রদের। মানবিক বিভাগে মাত্র ২১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। একই বিভাগে ৫৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। একইভাবে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে ৮২০ জন ছাত্রী ও ৬৫৭ জন ছাত্র। তবে সার্বিক পাসের দিক থেকে পিছিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৩০ এবং ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৪৯ শতাংশ।স্কুলগুলোর খণ্ডচিত্র: বরাবরের মতো প্রথম হওয়ায় কলেজিয়েট স্কুলে সকাল থেকে ছিল উৎসবের আমেজ। এবারের ফল গতবারের চেয়েও ভালো। পাসের হার ৯৯ দশমিক ১২ শতাংশ। বিদ্যালয়ের এমন সাফল্যে ছাত্র, শিক্ষক অভিভাবক সবাই খুশি। তবে এমন সাফল্যের দিনে তারা স্মরণ করেছে কিছুদিন আগে দুর্বৃত্তদের হাতে নিহত বিদ্যালয়ের ছাত্র সৌমেনকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন বলেন, ‘শুধু লেখাপড়ায় নয়, আমরা চাই, ছাত্ররা তাদের মানবিক গুণাবলির দিক থেকেও বড় হবে।’হালিশহর সিলভার বেলস বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রতিবছর পাসের হারের শতভাগ ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে শিক্ষার্থীরা। ফলে গতকাল দুপুরে ফল জানতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে।পাস করেনি: সন্দ্বীপের মোমেনা সিকান্দর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবার কোনো শিক্ষার্থী পাস করেনি।