গ্রামের বিক্ষুব্ধ কয়েক যুবক ভুলে আসাদকে হত্যা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসাদকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। পরপর দুটি ঘটনার কারণে গ্রামের কিছু ছেলে ব্ল্যাক জুয়েল গ্রুপের কাউকে পেলে শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছিল। তাই রাতে রেললাইনের ওপর তিনজনকে পেয়ে গ্রামের মানুষ মারধর করে। তাঁদের মধ্যে একজন তাঁর নাম আসাদ বলায় তাঁকে বেশি মারা হয়। কারণ, একজন আসাদ ছিল জুয়েল গ্রুপের। ওই আসাদ ভেবে ভুলে এই আসাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি সরওয়ার কামাল ওরফে লিটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এ সব তথ্য দেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি অনেক দূরের চৌধুরীহাটে ছিলেন। হামলাকারীদের একজন ওই রাতে তাঁকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আকতারের নেতৃত্বে একদল পুলিশ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সরওয়ারকে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে রাতভর তাঁকে নিয়ে অভিযান চালানো হয়। কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে সরওয়ারকে রেলপুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসাদ হত্যা মামলা রেলপুলিশ তদন্ত করছে। সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর কলেজে ভর্তি হন। কিন্তু সে সময় দুবাই চলে যাওয়ায় তাঁর পড়ালেখা আর হয়নি। ছয় মাস আগে দুবাই থেকে দেশে আসেন। এক সময় তিনি এলাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।আসাদ হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে সরওয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষের অনুষ্ঠানে আমার ভাই সোহান একটি স্টল নিয়েছিল। আমি সস্ত্রীক সেই স্টলে যাই। রাত সাড়ে সাতটার দিকে ব্ল্যাক জুয়েল গ্রুপের কিছু ছেলে আমার স্ত্রীকে লাঞ্ছিত করে মোবাইল ছিনিয়ে নেয়। এর আগে বিকেলে শহীদ মিনারের কাছে ওই গ্রুপের ছেলেরা জগির নামে স্থানীয় এক কৃষককে মারধর করে তাঁর করলা বিক্রির এক হাজার ৮৫০ টাকা ছিনিয়ে নেয়। এ দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে।’সরওয়ার বলেন, ‘ঘটনাগুলো এলাকায় জানাজানি হলে স্থানীয় কিছু যুবক জুয়েল গ্রুপের লোকজনকে শায়েস্তা করার পরিকল্পনা নেয় এবং ১৫ এপ্রিল রাতে যাকে পাবে তাকে মারার সিদ্ধান্ত নেয়। আমি, আমার ভাই সোহান এবং এলাকার কয়েকজন যুবক মিলে এই পরিকল্পনা নিই। আমরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর রেলস্টেশনের কাছে রাতে অবস্থান নিই।’সরওয়ার বলেন, ‘ইতিমধ্যে ব্ল্যাক জুয়েল গ্রুপের ছাত্রলীগের নেতা রিয়েল (মহসিন করিম ওরফে রিয়েল) চৌধুরীহাট এলাকায় আটক হয়েছে বলে সোহান আমাকে জানালে আমি সেখানে ছুটে যাই। কিন্তু সেখানে যে রিয়েলকে দেখি তিনি আমার স্ত্রীকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ছিলেন না। ইতিমধ্যে আবু সৈয়দ নামের একজন আমাকে মোবাইল ফোনে জানান, তাঁরা রেললাইনের ওপর তিনজনকে পেয়ে একজন মেরে সেখানে রেখে এসেছে এবং দুজনকে গ্রামে ধরে এনেছে। পরে আমি এলাকায় ছুটে আসি। কিন্তু ধরে আনা দুজনও আমার স্ত্রীকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ছিলেন না। পরে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়।’ সরওয়ার স্থানীয় কয়েকজন যুবকের নাম বলে জানান, এই কয়েকজন ওই ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি শুনেছেন। ইতিমধ্যে গ্রেপ্তার করা মো. রফিক ঘটনার সঙ্গে জড়িত নন উল্লেখ করে সরওয়ার বলেন, স্থানীয় অন্য এক রফিক ঘটনার সময় উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে তিনি চেনেন না বলেও জানান। সরওয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা নিশ্চিত করে রেল পুলিশের সুপার মো. হাবিবুর রহমান বলেন, কাল (বুধবার) তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। আসাদ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।