গ্রাম্য কাঠামোর পৌর শহর
‘পৌর শহর কোথায়?...’ জকিগঞ্জে প্রথম গেলে যে কাউকে তাজ্জব বনে যেতে হবে, এ কথা বললে! সরু একটা ভাঙাচোরা পিচঢালা রাস্তা, তার নাম ‘মেইন রোড’। যত্রতত্র রিকশা-অটোরিকশা-মিনিবাস দাঁড় করানো, রাস্তা দিয়ে গরু-ছাগল নির্বিঘ্নে চলাচল করছে, ময়লা-আবর্জনার দুর্গন্ধ আর ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। আশপাশে ডানে-বায়ে কিছু দালানকোঠা, টিনশেডের দোকান আর কিছু গলিপথ। আর এটাই হচ্ছে জকিগঞ্জ পৌরসভা।সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র চৌমোহনীসহ আশপাশে রয়েছে ময়লার স্তূপ। এই ময়লার স্তূপই যেন গোটা শহরের অবস্থা জানান দিচ্ছে। শহরের বিভিন্ন স্থানে এ রকম ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে নোংরা আবর্জনা। শহরের রাস্তাঘাট এবড়োখেবড়ো। একটু পর পরই রাস্তার ওপরের অংশ উঠে গেছে, কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শহর ঘুরে এ রকম সড়ক অহরহ চোখে পড়ে। পৌর নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরে স্থায়ী কোনো বাসস্ট্যান্ড নেই। অল্প বৃষ্টিতেই শহরে দেখা দেয় জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই কেচরি ও আলমপুর এলাকা তলিয়ে যায় এবং এসব এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাজার ছাড়া শহরের কোনো স্থানে নেই সড়কবাতি। মসকন্দর এলাকার একটি খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ঝুঁকির মধ্যে রয়েছে। এটির আশপাশের প্রায় অর্ধেক রাস্তা ভেঙে ইতিমধ্যে ভয়াবহ গর্ত তৈরি হয়েছে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেতুটি। কর্তৃপক্ষ শুধু সতর্কতা জারি করে এই স্থানে একটি ‘লাল পতাকা’ টানিয়ে দিয়েছে। কিন্তু এটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কাজী হিবজুর রহমান বলেন, ‘শহরজুড়ে নাগরিক দুর্ভোগের শেষ নেই। কোনটা রেখে কোনটার কথা বলব? আমরা শুধু নামেই পৌরসভার বাসিন্দা। আসলে গ্রামের মানুষের চেয়েও অনেক দুর্ভোগে আছি।’ কেচরি এলাকার বাসিন্দা ওসমান আলী (৬০) জানান, কোনো ধরনের ঢাকনা ছাড়াই হোটেল-রেস্তোরাঁয় খাবার রাখা হয়। সেসব খাবারে মশা-মাছি বসে। অপরিচ্ছন্নভাবে খাবারগুলো পরিবেশন করা হয়। অথচ কর্তৃপক্ষ নির্বিকার।শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা হচ্ছে চৌমোহনী। অথচ এ এলাকার গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে প্রায় অর্ধশতাধিক অবৈধ ভাসমান দোকান গড়ে উঠেছে। পাশাপাশি সারিবদ্ধভাবে শতাধিক রিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এসব অবৈধ ভাসমান দোকান ও রিকশার জন্য পথচারীদের চলাচলে অসুবিধা হয়। তা ছাড়া প্রায় সময় যানজট লেগে থাকে। শাহীনূর আলম, ইশতিয়াক আহমদসহ পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, শহরের সাধারণ মানুষের একমাত্র বাহন হলো রিকশা। ছোট্ট শহরে প্রয়োজনের তুলনায় রিকশার সংখ্যা এত বেশি যে প্রতিদিনই রিকশার জট লেগে থাকে। তা ছাড়া রিকশাচালকেরা প্রয়োজনের তুলনায় বেশি ভাড়া দাবি করে থাকেন।স্থানীয় লোকজন দাবি করেন, পৌরসভা কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ। তারা না পারে পানি দিতে, না পারে মশা মারতে, না পারে অন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে। খোঁজ নিয়ে জানা যায়, প্রয়োজনীয় কীটনাশকের অভাবে মশা মারতে পারছে না পৌর কর্তৃপক্ষ। জকিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আগামী অর্থবছরের আগে এটি হচ্ছে না। ট্রাফিক যখন না থাকে, তখন যত্রতত্র গাড়ি থামানোর কারণে যানজটের সৃষ্টি হয়। এটি দূরীকরণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মূল সড়কে কয়েকটি সড়কবাতি থাকলেও পুরো শহরে তা নেই। এটাও দূর করার চেষ্টা করা হবে।’ সহকারী প্রকৌশলী জানান, পরিচ্ছন্নতাকর্মী না থাকায় ঠিকমতো ময়লা-আবর্জনা সরানো যাচ্ছে না। তা ছাড়া ড্রেনেজ ব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।