সরকারিভাবে গ্যাসের ব্যবহারে আবাসিক গ্রাহকদের কোনো শ্রেণীবিভাজন নেই। কিন্তু গ্যাস ব্যবহারে বিদ্যমান বৈষম্য থেকে রাজশাহী নগরের বাসিন্দারা এখন তিন শ্রেণীতে বিভক্ত। ভিআইপি, ভাগ্যবান ও সাধারণ—এমন শ্রেণী বিভাজন করেছে নগরের সাধারণ মানুষ। নগরবাসী বলছে, যে গ্রাহকেরা স্বল্পমূল্যে নিয়মিত পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গ্যাস সিলিন্ডার ব্যবহারের সুযোগ পান তাঁরা ভিআইপি। অতিসম্প্রতি যাঁরা বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ পেয়েছেন তাঁরা ভাগ্যবান। আর যাঁরা উচ্চমূল্যের বেসরকারি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, সময়-অসময়ে যাঁদের সিলিন্ডারের দাম বাড়ানো হয়—তাঁরা সাধারণ গ্রাহক।জানতে চাইলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাস সংযোগ পেলেই আর কোনো শ্রেণীবিভাজন থাকবে না। কবে নাগাদ সংযোগের কাজ শেষ হবে তা তিনি জানাতে পারেননি।গ্রাহক ও পরিবেশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিআইপি গ্রাহকেরা বিপিসির প্রতিটি সিলিন্ডার গ্যাস পান জেলা প্রশাসকের নির্ধারিত ৭৩০ টাকায়। সিলিন্ডার সরবরাহকবারী কোম্পানি সূত্র জানায়, রাজশাহীতে মেঘনা পেট্রোলিয়ামের আটজন পরিবেশক বিপিসির মোট ৭৫৫টি সিলিন্ডার সরবরাহ করেন। এর মধ্যে ৪৪০টি পান সরকারি পদাধিকারে ভিআইপিরা। অবশিষ্টগুলো কার্ডধারী গ্রাহকদের দেওয়ার কথা। পদ্মা অয়েল কোম্পানির ১২ জন পরিবেশকের মাধ্যমে আসে আরও ৬৫০টি সিলিন্ডার। এর ৩০ শতাংশ ভিআইপি গ্রাহকদের জন্য সংরক্ষিত থাকে। যমুনার মাধ্যমেও কিছু সিলিন্ডার আসে। তবে তার সংখ্যা জানা যায়নি। ভিআইপি গ্রাহক হিসেবে সেনানিবাস, বিজিবি, র্যাব, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বিপিসির সিলিন্ডার পান। অবশিষ্টগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের কার্ডধারী গ্রাহকদের একই দামে দেওয়া হয়। তবে প্রায় দুই বছর ধরে কার্ডধারী গ্রাহকেরা বিপিসির সিলিন্ডার পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রথম আলোকে বলেন, কার্ড থাকা সত্ত্বেও দুই বছর ধরে বিপিসির সিলিন্ডার তিনি পাননি। একই অভিযোগ নগরের তেরখাদিয়া এলাকার গ্রাহক আবদুল কাইয়ুমেরও। বাধ্য হয়ে তিনি বেসরকারি সিলিন্ডার কিনছেন।পদ্মা কোম্পানির সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) হারিস আহাম্মেদ সরকার বলেন, কোম্পানির পক্ষ থেকে সিলিন্ডার সরবরাহ করেই তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যাক্স বার্তা পাঠিয়ে দেন। বিপিসির সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়ম থাকলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করার বিধান রয়েছে। তবে নগরের একটি গ্যাস সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনন্দ কুমার সাহা বলেন, চাহিদা অনুযায়ী তাঁরা কখনোই বিপিসির সিলিন্ডার পান না। তিনি যে কয়টি সিলিন্ডার পান, তা ভিআইপিদের দিতেই প্রায় শেষ হয়ে যায়। এ জন্য কার্ডধারী সাধারণ গ্রাহকেরা কম পান। এদিকে গত ৭ জুন থেকে নগরের বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া শুরু হয়েছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৮০টি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। আবেদন পড়েছে ১০ হাজারেরও বেশি। শেষ পর্যন্ত এই সংযোগ পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কাও রয়েছে। তবে সংযোগ দেওয়া বন্ধ করার কোনো আশঙ্কা নেই বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে। যাঁরা এই সংযোগ পেয়েছেন, তাঁরা ৪৫০ টাকায় এক মাস গ্যাস যত প্রয়োজন তত গ্যাস ব্যবহারের সৌভাগ্যের অধিকারী হয়েছেন। তাই তাঁরা ভাগ্যবান গ্রাহক হিসেবে আলোচিত। এরপরের শ্রেণীটি হচ্ছে সাধারণ গ্রাহক। জ্বালানির জন্য সবচেয়ে ভোগান্তির শিকার এরা। তাদের নির্ভর করতে হচ্ছে বেসরকারি কোম্পানির সিলিন্ডারের ওপর। সময়-অসময়ে এই সিলিন্ডারের দাম বাড়ানো হয়। আবার সব সময় সরবরাহও স্বাভাবিক থাকে না। কয়েকজন গ্রাহক জানান, কয়েক দিন আগেও ক্লিনহিট কোম্পানির একটি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৫০ টাকা। এখন তা দেড় হাজার টাকা হয়েছে। বসুন্ধরার সিলিন্ডার ছিল এক হাজার ৪২০ টাকা; যা বেড়ে হয়েছে এক হাজার ৪৮০ টাকা। যমুনার সিলিন্ডার এক হাজার ৪০০ টাকা ছিল। বেড়ে হয়েছে এক হাজার ৪৫০ টাকা। নগরের রামচন্দ্রপুর এলাকার গৃহিণী আলিয়া রুপি বলেন, একই শহরের বাসিন্দা হয়ে একশ্রেণীর গ্রাহক ৭৩০ টাকায় সিলিন্ডার পাচ্ছেন, আরেক শ্রেণী ৪৫০ টাকায় মাস পার করছেন। আর যাঁরা তাঁদের মতো বেসরকারি কোম্পানির সিলিন্ডার কিনছেন, তাঁদের মাস পার করতে লাগছে প্রায় তিন হাজার টাকা। এই বৈষম্য মেনে নেওয়া যায় না। তিনি বলেন, পাইপলাইনের গ্যাস সংযোগের জন্য তিনিও আবেদন করেছেন। তাঁর ক্রমিক নম্বর ছয় হাজারের ওপরে। শেষ পর্যন্ত কবে সংযোগ পাবেন, না কি পাবেনই না—এই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।