বিদ্যুতের পাইকারি দাম দুই দফায় ৩৩ দশমিক ৫৭ শতাংশ (প্রতি ইউনিটে ৯৪ পয়সা) বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সাধারণ গ্রাহক পর্যায়েও দাম বাড়ার ঘোষণা আসছে।সরকারি সূত্রগুলো জানায়, ডিসেম্বর থেকে পাইকারি ও গ্রাহক—এই দুই পর্যায়েই বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর হবে। এই হিসাবে চলতি বছরেই পাইকারি পর্যায়ে তিনবার এবং গ্রাহক পর্যায়ে দুবার বিদ্যুতের দাম বাড়ছে।পাইকারি দাম দুই দফায় প্রতি ইউনিট বিদ্যুতে মোট ৯৪ পয়সা (১ ডিসেম্বর ও ১ ফেব্রুয়ারি ৪৭ পয়সা করে) বাড়ানো হয়েছে। সরকার চলতি অর্থবছরে (২০১১-১২) বিদ্যুৎ খাতে পাঁচ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা (ভর্তুকি) দেবে ধরে নিয়ে বর্ধিত দাম নির্ধারণ করা হয়েছে। না হলে দাম বাড়াতে হতো ৮৬ দশমিক ২৪ শতাংশ।গতকাল বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ে দাম বাড়ার ঘোষণা দিয়ে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এসব কথা বলেন।পিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে সাধারণ গ্রাহক পর্যায়ে বিতরণ করে যে কোম্পানিগুলো, তাদের ক্ষেত্রে এই বর্ধিত দাম কার্যকর হবে। তবে সাধারণ গ্রাহক পর্যায়েও আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সদস্য ইমদাদুল হক ও সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধি: সংশ্লিষ্ট সূত্রগুলো প্রথম আলোকে জানায়, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বর্ধিত দাম আগামী মাস থেকেই কার্যকর হবে। অর্থাৎ সারা দেশের সব শ্রেণীর গ্রাহকের ডিসেম্বর মাসে ব্যবহূত বিদ্যুতের বিলে বাড়তি দাম ধার্য হবে, যে বিল পরিশোধ করতে হবে জানুয়ারি মাসে।গ্রাহক পর্যায়ে দাম কত বাড়তে পারে, এ প্রসঙ্গে বিইআরসি এবং অন্য সূত্রগুলো বলেছে, গড়ে ১০ থেকে ১২ শতাংশ দাম বাড়ানো হতে পারে। পাইকারি দামের মতো গ্রাহক পর্যায়ের মূল্যবৃদ্ধিও একাধিক দফায় কার্যকর করা হতে পারে, যাতে গ্রাহকের ওপর আর্থিক চাপ নিয়ন্ত্রণে রাখা যায়।বিইআরসির চেয়ারম্যান বলেন, গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের ব্যবহার অনুযায়ী গ্রাহকশ্রেণী ও মূল্যস্তর (স্লাব) পরিবর্তন করা হবে। তাতে যে গ্রাহক যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন, তাঁকে দামও তত বেশি হারে দিতে হবে। এর মধ্যে প্রথম স্তরে ১০০ ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকের দাম নির্ধারিত হবে সবচেয়ে কম। এরপর ১০১ থেকে ২০০ ইউনিট, ২০১ থেকে ৪০০, ৪০১ থেকে ৬০০, ৬০১ থেকে ৮০০ এবং ৮০১ থেকে ১০০০ বা তার চেয়েও বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে মূল্যস্তর ক্রমান্বয়ে বাড়িয়ে দেওয়া হবে।বিইআরসির সদস্য ইমদাদুল হক বলেন, গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর জন্য বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানিসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে আছে। এখন পাইকারি মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দাম ও মূল্যস্তর নির্ধারণ এবং গ্রাহকশ্রেণীর বিন্যাস করার পরই গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া যাবে।গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর ক্ষেত্রে শহর-গ্রামনির্বিশেষে সামঞ্জস্য রাখারও চেষ্টা করা হবে বলে সরকারি সূত্র জানায়। বর্তমানে শহরের চেয়ে অনেক ক্ষেত্রে গ্রামের গ্রাহকদের বিদ্যুতের দাম বেশি দিতে হয়।রেন্টালের কারণেই মূল্যবৃদ্ধি: বর্তমান সরকারের আমলে বিদ্যুতের দাম প্রথম বাড়ানো হয় এ বছরের ১ ফেব্রুয়ারি, পাইকারি পর্যায়ে ১১ শতাংশ। তখন পাইকারির পাশাপাশি বিইআরসি অন্তর্বর্তী আদেশে গ্রাহক পর্যায়েও ৫ শতাংশ দাম বাড়ায়। এরপর ১ আগস্ট থেকে পাইকারি দাম আরও ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়ানো হয়। আর ডিসেম্বরে পাইকারি ও গ্রাহক পর্যায়ের দাম বাড়ছে। অর্থাৎ এ বছরই বিদ্যুতের দাম বাড়ছে পাইকারি পর্যায়ে তিনবার এবং গ্রাহক পর্যায়ে দুবার। তারপর আবার পাইকারি দাম বাড়বে ফেব্রুয়ারি থেকে।সরকার বেশি দামের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করায় এভাবে বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে—এই অভিযোগ সংশ্লিষ্ট সবার। এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রথমত বিদ্যুৎ-সংকট এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার আশু সমাধানে রেন্টালের মতো কোনো পদক্ষেপ নেওয়া ছাড়া আর বিকল্প ছিল না। দ্বিতীয়ত, দেশে প্রয়োজনীয় গ্যাস ও কয়লার সংস্থান না থাকায় এসব বিদ্যুৎকেন্দ্র করতে হয়েছে ডিজেল ও ফার্নেস তেলভিত্তিক। এই তেলের দামের কারণেই বিদ্যুতের দাম বেশি পড়ছে।তবে ১৯৯৮ সালে স্থাপিত তেলভিত্তিক খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) কাছ থেকে সরকার যে দামে বিদ্যুৎ কেনে, বর্তমান ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে কেনা বিদ্যুতের দাম তার চেয়ে কম। তৃতীয়ত, ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুৎ কেনায় যতটা ক্ষতি হচ্ছে বলে অনেকে মনে করেন, এই বিদ্যুৎ না থাকলে আর্থসামাজিক ক্ষেত্রে ক্ষতি তার চেয়ে অনেক বেশি হতো। চতুর্থত, দাম বাড়ানোর পর এখনো দেশে বিদ্যুতের দাম ভারত, পাকিস্তান ও নেপালের চেয়েও কম।সচিব বলেন, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন মূল্যের চেয়ে কম দামে সরবরাহ করলে এই খাতের উন্নয়ন কোনো দিন সম্ভব হবে না। তবে সরকারের চেষ্টা আছে, যত তাড়াতাড়ি সম্ভব বেশি দামের বিদ্যুৎ কেনার পরিমাণ কমিয়ে আনা।দাম বাড়লেও সমস্যা কাটছে না: পাইকারি ও গ্রাহকনির্বিশেষে সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলেও চাহিদা ও সরবরাহের মধ্যে দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকবে। ডিসেম্বর মাসের শেষ নাগাদ বোরো ধান চাষে সেচ মৌসুম শুরু হলেই ঘাটতিও শুরু হবে। আগামী গ্রীষ্মে (মার্চ-আগস্ট) এই ঘাটতি সর্বোচ্চ পর্যায়ে থাকবে।অবশ্য গ্রীষ্মের আগেই বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা প্রায় ছয় হাজার মেগাওয়াটে উন্নীত হবে। কিন্তু জ্বালানির ঘাটতির কারণে পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা কঠিন হবে বলে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। বর্তমানেও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও তেলের সরবরাহ প্রয়োজনের তুলনায় কম।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব বলেন, জ্বালানির কারণে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন কিছুটা বিলম্বিত হতে পারে, তবে ব্যাহত হবে না।সরকারঘোষিত লোডশেডিংমুক্ত বাংলাদেশ কবে নাগাদ হতে পারে, জানতে চাইলে বিদ্যুৎসচিব বলেন, সেখানে যেতে ২০১৩ সালই লাগবে। কারণ, এর সঙ্গে বিদ্যুতের উৎপাদন ছাড়াও সম্পূর্ণ ত্রুটিমুক্ত সঞ্চালন ও বিতরণব্যবস্থার প্রশ্নটি জড়িত।