গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে, ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব শ্রেণীর গ্রাহকের ব্যবহূত বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল রাতে দাম বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে তা ঘোষণা করার কথা।বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন বিতরণ কোম্পানিভেদে দাম বাড়বে ১৫ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। এই মূল্যবৃদ্ধি দুই দফায় কার্যকর হবে। প্রথম দফায় চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে এবং দ্বিতীয় দফায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। আর কয়েক দিন পর জানুয়ারি মাসে গ্রাহক যে বিদ্যুৎ বিল পরিশোধ করবে, প্রথম দফার বর্ধিত দামেই সেই বিল দিতে হবে। দ্বিতীয় দফার বাড়তি দাম দিতে হবে ফেব্রুয়ারি মাসের বিল থেকে। এই দাম বাড়ানোর পরও বিতরণ কোম্পানিগুলোকে সরকারের প্রায় ৫৫০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মাসে ১০০ ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ানো হচ্ছে না। অপেক্ষাকৃত দরিদ্র মানুষকে সুবিধা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কৃষি, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে ব্যবহূত বিদ্যুতের দামও বাড়ানো হচ্ছে না।বিইআরসি সূত্র জানায়, ১০১ থেকে ৪০০ এবং ৪০১ থেকে ঊর্ধ্বে ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়বে বিভিন্ন বিতরণ কোম্পানিভেদে ১৫ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। এর মধ্যে পল্লীবিদ্যুতের (আরইবি) দাম বাড়বে দুই দফায় ১৫ শতাংশ। প্রথম দফায় ৮ দশমিক ৮৪ এবং প্রথম দফার বৃদ্ধির ওপর দ্বিতীয় দফায় বাড়বে ৫ শতাংশ।কিন্তু ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুতের দাম বাড়বে ২০ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ এলাকা এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুতের দাম বাড়বে ১৮ শতাংশের মতো।এই ভিন্ন ভিন্ন হারে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে বিইআরসি সূত্র জানায়, আরইবি, পিডিবি ও ওজোপাডিকোর গ্রাহকদের মধ্যে ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী ও কৃষি গ্রাহকের সংখ্যা বেশি। কিন্তু তাদের ক্ষেত্রে দাম বাড়ানো হচ্ছে না। তাই এই তিনটি কোম্পানির ক্ষেত্রে দাম বাড়বে কম। এতে কোম্পানিগুলোর যে লোকসান হবে, তা ভর্তুকি দিয়ে পোষানো হবে।আবার ডেসকো ও ডিপিডিসির ক্ষেত্রে প্রায় সব গ্রাহকই ১০১ ইউনিট থেকে ঊর্ধ্বে ব্যবহারকারী হওয়ায় এই দুই কোম্পানির ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার হবে বেশি। তবে শেষ হিসাবে সারা দেশের গ্রাহকের (১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী, কৃষি, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান ছাড়া) বিদ্যুতের দামের মধ্যে সামঞ্জস্য আসবে। বর্তমানে গ্রাম ও শহরের, বিশেষ করে আরইবি ও অন্য প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের বিদ্যুতের দামের মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে, এবারের মূল্যবৃদ্ধির মাধ্যমে তা অনেকটাই কমে আসবে।দেশে গ্যাসের মতো সস্তা প্রাথমিক জ্বালানির উৎপাদন-ঘাটতি দেখা দেওয়ায় অনেক বেশি দামি ডিজেল-ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে সরকার বাধ্য হওয়ায় বিদ্যুতের উৎপাদন মূল্য বেড়ে গেছে। তা ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের তুলনায়ও বাংলাদেশে এখন পর্যন্ত বিদ্যুতের দাম কম। ফলে সরকার ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়িত করছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ হারে বাড়ানো হয়েছিল।