গ্রাহক পর্যায়েও আগস্টে বাড়ছে বিদ্যুতের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম দ্বিতীয় দফায় ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়ছে আজ সোমবার থেকে। গত ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় পাইকারি বিদ্যুতের দাম ১১ শতাংশ বাড়ানো হয়েছিল।এই দুই দফায় পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহক পর্যায়েও দাম বাড়ছে আগামী মাস থেকে। তবে, সরকার যথেষ্ট পরিমাণে ভর্তুকি দিলে গ্রাহক পর্যায়ের দাম বৃদ্ধি পাইকারি পর্যায়ের তুলনায় কমও হতে পারে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র জানিয়েছে।আজ থেকে যে পাইকারি দাম বাড়ছে, তা পিডিবির কাছ থেকে কিনে যে বিতরণকারী সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ করে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। গত ফেব্রুয়ারি মাসে পাইকারি দাম বাড়ানোর সময়ই বিইআরসি সিদ্ধান্ত দিয়েছিল, ছয় মাস পর অর্থাৎ আজ ১ আগস্ট থেকে দ্বিতীয় দফায় দাম বাড়বে।পাইকারি দামের পাশাপাশি বিইআরসি ফেব্রুয়ারি মাসে গ্রাহক পর্যায়েও ‘অন্তর্বর্তীকালীন’ হিসাবে ৫ শতাংশ দাম বাড়িয়েছিল। ওই ৫ শতাংশ দাম বৃদ্ধি ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী আবাসিক গ্রাহক, সেচ এবং ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর ছিল না। তখন বলা হয়েছিল, পাইকারি দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দু-এক মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রকৃত খুচরা দাম বাড়ানো হবে।বিইআরসি সূত্র জানায়, পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে একেকটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আলাদা আলাদাভাবে দাম না বাড়িয়ে সব বিতরণ কোম্পানির গ্রাহকদের ক্ষেত্রে একযোগে সামঞ্জস্যপূর্ণভাবে বিদ্যুতের দাম বাড়ানো হবে। সে জন্য প্রতিটি বিতরণ সংস্থাকে আবেদন করতে বলা হয়। তারা সবাই বিইআরসির কাছে দাম বাড়ানোর প্রস্তাবসহ আবেদন করেছে। সেগুলো পর্যালোচনা করে আগামী মাসে (আগস্ট) দাম বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হবে।গ্রাহক পর্যায়ে কত শতাংশ দাম বাড়তে পারে জানতে চাইলে বিইআরসি সূত্র জানায়, পাইকারি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে হবে। না হলে বিতরণকারী সংস্থাগুলো টিকে থাকতে পারবে না। ক্রমাগত লোকসান দেবে এবং রুগ্ণ হয়ে পড়বে।এর আগে, ২০০৮ সালের ১ অক্টোবর পাইকারি পর্যায়ে ১৬ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। আর গত বছরের ১ মার্চ গ্রাহক পর্যায়ে খুচরা দাম বাড়ানো হয়েছিল ৬ থেকে ৭ শতাংশ হারে। তারপর অন্তর্বর্তীকালীন হিসাবে গত ফেব্রুয়ারি মাসে বাড়ানো হয় ৫ শতাংশ। এই বৃদ্ধির ফলে বর্তমানে দেশে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম হবে প্রায় তিন টাকা। এরপর পাইকারি দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হলে প্রতি ইউনিটের গড় দাম সাড়ে তিন টাকার বেশি হতে পারে। কোন সংস্থার দাম কত: পাইকারি দাম ১১ শতাংশ বাড়ানোর ফলে গত ১ ফেব্রুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হয়েছে ২ দশমিক ৪৭৪৫ টাকায়। আজ সোমবার থেকে দ্বিতীয় দফায় দাম বাড়ার ফলে প্রতি ইউনিট কিনতে হবে ২ দশমিক ৬৩৯৫ টাকায়। গত ১ ফেব্রুয়ারি থেকে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে ২ দশমিক ৬৪১৫ টাকায়। আজ থেকে কিনতে হবে ২ দশমিক ৮১৭৫ টাকায়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ অঞ্চলকে গত ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হয়েছে ২ দশমিক ৬৭১০ টাকায়। আজ থেকে কিনতে হবে ২ দশমিক ৮৪৯০ টাকায়।গত ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে ২ দশমিক ৭৫৭৫ টাকায়। আজ থেকে কিনতে হবে ২ দশমিক ৯৪১০ টাকায়। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) গত ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে ২ দশমিক ৭৮২৫ টাকায়। আজ থেকে কিনতে হবে ২ দশমিক ৯৬৮০ টাকায়।