গ্রাহক বেড়েছে, বিদ্যুৎ বাড়েনি
রাজশাহীর বাগমারায় গত এক বছরে এক মেগাওয়াট বিদ্যুৎ না বাড়লেও গ্রাহক বেড়েছে তিন সহস্রাধিক। অপরিকল্পিতভাবে সংযোগ বাড়ানোর ফলে গ্রাহকেরা লোডশেডিং ও লো-ভোল্টেজের শিকার হচ্ছেন। বিদ্যুৎ বিভাগের দাবি, রাজনীতিকভাবে তদবিরের কারণে আগ্রহ না থাকা সত্ত্বেও তাদের সংযোগ বাড়াতে হচ্ছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা জোনাল অফিস সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বাগমারায় আবাসিক ও অনাবাসিকসহ মোট গ্রাহকের সংখ্যা ছিল ২০ হাজার ৯৮১ জন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪ হাজার। এ ছাড়া আরও দেড় হাজার অবৈধ সংযোগ রয়েছে। এর মধ্যে শুধু এ বছর আরও ৬০টি সেচযন্ত্রে (গভীর নলকূপসহ) বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, গত বছর এ সময়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ মেগাওয়াট। সে সময় পাওয়া যেত মাত্র সাত মেগাওয়াট। বর্তমানে তিন হাজার গ্রাহক বাড়লেও বিদ্যুৎ বাড়েনি এক মেগাওয়াটও। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) একরামুল হক জানান, গ্রাহকের সংখ্যা বাড়লেও বিদ্যুৎ সরবরাহ বাড়েনি। আগের মতোই প্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বণ্টন করা হচ্ছে। এতে লোডশেডিং ও লো-ভোল্টেজের কবলে পড়তে হচ্ছে গ্রাহকদের। এতে করে গ্রাহকদের হয়রানিসহ ভোগান্তির শিকার হতে হচ্ছে। লো-ভোল্টেজের কবলে পড়ে এলাকায় গত এক মাসে শতাধিক টেলিভিশন, সেচ পাম্পের মোর্টার, ফ্রিজ পুড়ে গেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এ ছাড়া হিমাগারগুলোকেও ভোগান্তি পোহাতে হচ্ছে। বসার হিমাগারের কর্মকর্তা খন্দকার শহীদ জানান, লো- ভোল্টেজ ও লোডশেডিংয়ে তাঁদের ক্ষতির শিকার হতে হচ্ছে। তিনি জানান, জেনারেটর চালিয়ে রাখতে হচ্ছে অধিকাংশ সময়। কৃষকদের আলুগুলো হুমকির মুখে রয়েছে। এ ছাড়াও কয়েকটি হিমাগারে আলু পচে নষ্ট হয়ে গেছে। নাম গোপন রাখার শর্তে কয়েকজন হিমাগার মালিক এর সত্যতা শিকার করেছেন। তবে তাঁরা দাবি করেছেন, প্রথম দিকে সামান্য ক্ষতি হলেও এখন কৃষকের আলু নিরাপদে আছে। অনুসন্ধানে জানা গেছে, গ্রাহকের সংখ্যা বৃদ্ধি ও বিদ্যুৎ বরাদ্দ না বাড়াই ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের মূল কারণ। বাগমারার গ্রাহক সাইদুর রহমান জানান, এক বছরে তেমন কোনো উন্নতি হয়নি। তবে স্থানীয় সাংসদের প্রচেষ্টায় ১০ থেকে ১৫ এমবিএ ধারণক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার বসানো হয়েছে। তবে তা কোনো কাজে আসেনি বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে। ডিজিএম একরামুল হক জানান, এটি স্থাপনের ফলে আমাদের লাভ হয়েছে। আগে আমরা সর্বোচ্চ ১০ মেগাবাইট বিদ্যুৎ ধরে রাখতে পারতাম, এখন আমরা ১৫ মেগাবাইট ধরে রাখতে পারব। অপরিকল্পিতভাবে সংযোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, রাজনীতিকভাবে তদবিরের কারণে সংযোগ দেওয়া হচ্ছে।