গ্রাহকসেবার মান তলানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর গ্রাহকসেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। ‘ওয়ান স্টপ সেন্টার’ নামে সেবাকেন্দ্র আছে অনেক কোম্পানির। আছে ‘সিটিজেন চার্টার’ নামে গ্রাহকসেবার সময়সূচিভিত্তিক নিয়মনীতিও। কিন্তু বাস্তবে নেই অনেক কিছুই।বিভিন্ন এলাকার গ্রাহকেরা জানান, বিল করার জন্য মিটার পরীক্ষা করতে প্রতি মাসে মিটার পাঠক (মিটার রিডার) আসেন না। অনুমাননির্ভর বিল করেন। অনেক সময় মিটার পাঠকের পক্ষে কোনো ব্যক্তি বা তাঁর আত্মীয়স্বজন আসেন।পুরান ঢাকার ওয়ারীর একটি বাড়ির বাসিন্দারা জানান, তাঁদের বাড়িতে সাতটি ফ্ল্যাট ও নিচতলায় গ্যারেজ। একটি মাদার মিটার এবং প্রতিটি ফ্ল্যাটে একটি করে মিটার। সাতটি ফ্ল্যাটের মিটারগুলো পরীক্ষা করে মোট যত ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব পাওয়া যায়, তা মাদার মিটারের ইউনিট থেকে বাদ দিয়ে গ্যারেজের ব্যবহার বের করা হয়।ওই বাসিন্দারা জানান, গত জুলাইয়ে গ্যারেজের বিল আসে সাত হাজার টাকা, পরের মাসে (আগস্ট) পাঁচ হাজার টাকা। কিন্তু সেপ্টেম্বরে বিল এসেছে ১৫৫ টাকা।বাড়িটির নিচতলায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) দেওয়া একটি চার্ট আছে। নিয়ম অনুযায়ী, মিটার পরীক্ষার পর প্রতি মাসে ওই চার্টে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ লিখে রাখার কথা। কিন্তু মিটার পাঠক তা করেন না।মহাখালী থেকে একজন গ্রাহক জানান, তাঁর দুুই কক্ষের বাসায় বৈদ্যুতিক সরঞ্জাম বলতে একটি ফ্রিজ, দুটি পাখা, চারটি বিদ্যুৎ-সাশ্রয়ী বাল্ব (সিএফএল) ও একটি টিউবলাইট। কিন্তু জুনে বিল আসে সাত হাজার টাকা, জুলাইয়ে সাড়ে আট হাজার। ডেসকোতে অভিযোগ জানানোর পর নতুন মিটার লাগানো হয়। আগস্টে বিল আসে ৭০০ টাকা। কিন্তু আগের মিটারটি পরীক্ষা করে ডেসকোর কর্মকর্তারা জানান, সেটিও ঠিক আছে।ওই গ্রাহক জানান, তা হলে এত টাকা বিল কীভাবে এল, জানতে চেয়েও সঠিক কোনো জবাব পাননি।একাধিক গ্রাহকের অভিযোগ, ওয়ান স্টপ সেন্টারে গিয়ে যেকোনো কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কারণ গ্রাহক বেশি, কর্মী কম। ট্রান্সফরমার বিকল হলে তা মেরামত বা পুনঃস্থাপন করতে তিন-চার দিন পর্যন্ত সময় লাগে।পাশাপাশি বিতরণব্যবস্থার রক্ষণাবেক্ষণের অভাবে বেড়েছে ট্রান্সফরমার নষ্ট হওয়ার হারও। সরকারি এক হিসাবে দেখা যায়, গত বছরের জুন থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত একমাত্র ডিপিডিসির এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৮৬৯টি।গত দুই বছরে ঢাকায় কর্মরত অন্তত ৩০ জন প্রকৌশলী অবসরে গেছেন। কিন্তু নতুন কোনো নিয়োগ দেওয়া হয়নি।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে আলাদা করে কোম্পানি আইনের (১৯৯৪) অধীনে বিতরণ কোম্পানিগুলো গঠনের প্রধান উদ্দেশ্যই ছিল গ্রাহকসেবার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানকে লাভজনক করা। কিন্তু লাভজনক হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ নেয় মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে বিদ্যুৎসচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবগণ বিভিন্ন বিতরণ কোম্পানির চেয়ারম্যান। অথচ কোম্পানি আইন অনুযায়ী এসব পদে নিয়োগ পাওয়ার কথা পর্ষদের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী।বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর পর্ষদে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের না থাকার বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় ২০০৭ সালে আদেশ জারি করেছিল। তখন বিদ্যুৎসচিব ছিলেন ফাওজুল কবির খান। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা থাকলে, আবার তাঁরাই মন্ত্রণালয় হিসেবে কোম্পানির কাজের মূল্যায়ন করলে ‘স্বার্থের দ্বন্দ্ব’ সৃষ্টি হয়। সে কারণেই ওই নিয়ম করা হয়েছিল। তা ছাড়া কোম্পানিগুলো যাতে ভালোভাবে চলে, সে জন্য প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভৃতি পেশার ব্যক্তিকে পরিচালনা পর্ষদে রাখার পদক্ষেপ নেওয়া হয়েছিল।