গ্রাহকের টাকা ব্যাংকে রেখে লাভ তুলতে ব্যস্ত কর্মকর্তা-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্যাস-সংযোগ নিতে প্রায় ১৫ কোটি টাকা জমা দিয়েছেন ১২ হাজার গ্রাহক। নতুন গ্যাস-সংযোগ দেওয়ার তারিখ বলতে পারছে না কেজিডিসিএল। কিন্তু গ্রাহকদের ওই টাকা ব্যাংকে জমা রেখে সুদ বাবদ টাকা ঠিকই লাভ হিসেবে তুলে নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।সরকারি এ প্রতিষ্ঠানটি ২০১০-১১ অর্থবছরে করপূর্ব নিট মুনাফা করেছে ৫০৪ কোটি ১৭ লাখ ৩৭ হাজার টাকা। কিন্তু বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ লঙ্ঘন করেই লাভের ৫ শতাংশ ২৫ কোটি ২০ লাখ ৮৬ হাজার টাকা সমভাবে বণ্টন করে নিয়েছেন প্রতিষ্ঠানের ৫২০ জন কর্মকর্তা ও কর্মী। এতে একেকজন পেয়েছেন চার লাখ ৮৪ হাজার টাকা। গ্রাহকদের অভিযোগ, লভ্যাংশের পরিমাণ বাড়াতে কেজিডিসিএলের কর্মীরা গ্যাস চুরির অভিযোগে বিভিন্ন বাসা ও প্রতিষ্ঠান থেকে আদায় করা টাকার পুরোটাই লাভের তালিকায় অন্তর্ভুক্ত করেন। আবার বহুজাতিক প্রতিষ্ঠান কর্ণফুলী সার কারখানায় (কাফকো) দেশীয় মূল্যের অতিরিক্ত দামে গ্যাস বিক্রি থেকে পাওয়া টাকাও লাভের খাতায় চলে যায়। এ প্রসঙ্গে চট্টগ্রাম নাগরিক আন্দোলনের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেখানে গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন না, সেখানে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের লভ্যাংশ নেওয়া অনৈতিক। আমরা মনে করি, এটা এক ধরনের দুর্নীতি। কোনো সচেতন নাগরিক এটা মেনে নিতে পারে না। আমরা চাই অবিলম্বে গ্রাহকদের গ্যাস সংযোগ দেওয়া হোক, অথবা তাদের টাকা ফেরত দেওয়া হোক।’ সিস্টেম লসের পরিবর্তে লাভ: প্রথম এজিএমে উপস্থাপন করা বার্ষিক বিবরণী বইয়ের তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে প্রতিষ্ঠানটি গ্যাস কেনে দুই হাজার ২৬১ দশমিক শূন্য ৮ মিলিয়ন ঘনমিটার। কিন্তু ৮৬ দশমিক ৭৯ মিলিয়ন ঘনমিটার গ্যাস বেশি বিক্রি করেছে। দুই হাজার ৩৪৭ দশমিক ৮৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে প্রতিষ্ঠানটি আয় করে এক হাজার ৪০৪ কোটি ৮৪ লাখ ৭ হাজার টাকা। এতে প্রতিষ্ঠানের প্রথাগত ক্ষতির (সিস্টেম লস) পরিবর্তে ১৮ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা লাভ হয়েছে। এর মধ্যে নয় কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকা আদায় করা হয়েছে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে অতিরিক্ত বিল বাবদ। বাকি আট কোটি ৯০ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বাবদ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আদায় করা হয়েছে।মাত্র ৩৭৭৭টি নতুন সংযোগ: প্রতিষ্ঠার পর থেকে কেজিডিসিএল গত আড়াই বছরে তিন হাজার ৭৭৪টি গৃহস্থালি, দুটি বাণিজ্যিক ও একটি সিএনজি স্টেশনে গ্যাস-সংযোগ দেয়। এসবের মধ্যে ২০১০-২০১১ অর্থবছরে তিন হাজার ৭২৫টি নতুন সংযোগ দেওয়া হয়।গ্যাস-সংযোগ নেওয়ার জন্য বর্তমানে ১২ হাজার গৃহস্থালি এবং দেড় শতাধিক শিল্প ও বাণিজ্যিক সংযোগের আবেদন পড়ে আছে কেজিডিসিএলে। এর বিপরীতে জমা আছে প্রায় ১৫ কোটি টাকা। এ ছাড়া গ্রাহকদের জামানত বাবদ জমা আছে প্রায় ১১৮ কোটি টাকা। গ্রাহকদের এই অর্থের ব্যাংক সুদও যোগ হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের লভ্যাংশ হিসেবে।এ ব্যাপারে কেজিডিসিএলের ঠিকাদার কল্যাণ সমিতির সদ্যবিদায়ী (নতুন নির্বাচন হয়নি) সাধারণ সম্পাদক লিয়াকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে গ্রাহকদের সংযোগ দেওয়া। তা না করে তারা গ্রাহকদের টাকা থেকে লভ্যাংশ বের করে নিজেরা ভাগ-বাঁটোয়ারা করছেন। ওই টাকা গ্রাহককেই ফিরিয়ে দেওয়া উচিত।’আইন লঙ্ঘন করে লভ্যাংশ বণ্টন: বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর একাধিক ধারা লঙ্ঘন করে লভ্যাংশ তুলে নিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। কেজিডিসিএলের বর্তমান কর্মকর্তা ২৩৮ জন। কর্মী ২৮৩ জন। শ্রম আইন অনুযায়ী, কোম্পানির লভ্যাংশের টাকা শুধু শ্রমিকদের পাওয়ার কথা। কিন্তু কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ছাড়া ২৩৭ জন কর্মকর্তা চার লাখ ৮৪ হাজার ৭৮০ টাকা করে লভ্যাংশ পেয়েছেন। কর্মকর্তারা লাভের টাকার ভাগ না নিলে শ্রমিক-কর্মচারী আরও বেশি টাকা পেতেন।এ প্রসঙ্গে কেজিডিসিএল সিবিএর সভাপতি মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমরা সম্প্রতি নির্বাচিত হয়েছি। আগের শ্রমিক প্রতিনিধিরা কে কী করেছেন জানি না। সময় এলে এ নিয়ে অবশ্যই কথা বলব।’ কর্মকর্তাদের বক্তব্য: কেজিডিসিএলের সচিব চৌধুরী আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘কল্যাণমূলক খাতে ব্যয় না করলেও আমরা ওই টাকা শ্রমিক-কর্মচারীদের শিক্ষাসহ অন্যান্য কল্যাণে দিয়ে দিচ্ছি। আসলে এখানে নতুন করে অর্থ বিনিয়োগ করা একটি ঝামেলাপূর্ণ কাজ।’লাভের টাকা কর্মকর্তাদের পাওয়া প্রসঙ্গে কেজিডিসিএলের এমডি জামিল আহমেদ বলেন, ‘আমরা সবকিছু পর্যালোচনা করে দেখেছি। আইনের আওতায় লাভের টাকা ভাগ করা হচ্ছে।’ নতুন গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিলে আমরা নতুন সংযোগ দিতে পারব।’