গ্রাহকেরা ভালো বাল্ব দিয়ে পেলেন নষ্ট বাল্ব
আড়পাড়া এলাকার আসলাম হোসেন ৫০ টাকা মূল্যের দুটি বাল্ব জমা দিয়ে কালীগঞ্জ বিদ্যুৎ অফিস থেকে পেয়েছিলেন এনার্জি সেভিং সুপার বাল্ব। বাড়ি ফিরে বাল্ব জ্বালানোর মাত্র আধা ঘণ্টার মধ্যে দুটি বাল্বই নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্ট অফিসে ফেরত দিতে গেলে তাঁকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে। চাপালী গ্রামের আবদুল ওয়াদুদের দুটো বাল্বও নষ্ট হয়ে গেছে। ফেরত দিতে না পেরে নষ্ট বাল্ব বাড়ি রেখে দিয়েছেন। শৈলকুপা অফিস থেকে দুটি বাল্ব নিয়েছিলেন আনোয়ার হোসেন, তাঁর বাল্ব দুটিও নষ্ট হয়ে গেছে।তাঁদের মতো অনেকেরই সরকারিভাবে দেওয়া এনার্জি সুপার বাল্ব ব্যবহারের দুই-এক ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে গেছে। বিতরণ করা এই বাল্বের শতকরা ৪০ ভাগ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে আরও জানান, প্রতিনিয়ত এই নষ্টের পরিমাণ বাড়ছে। পাশাপাশি স্থানীয় অফিসগুলোতে জমার পরিমাণও বাড়ছে। গ্রাহকেরা অভিযোগ করেছেন, নিজেদের ব্যবহারের দুটি ভালো বাল্ব জমা দিয়ে এই বাল্ব নিয়ে তাঁরা আর্থিকভাবে ঠকেছেন। অবশ্য সংশ্লিষ্ট অফিস থেকে পরে পরিবর্তন করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।ওয়েস্ট জোন বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের ঝিনাইদহ অফিসের উপব্যবস্থাপক সুকান্ত শর্মা জানান, জেলার ছয় উপজেলার মধ্যে চারটি উপজেলায় ২৩ অক্টোবর তাঁরা বাল্ব বিতরণ করেছেন। এর মধ্যে শৈলকুপায় ২৩ ওয়াটের ৩৪৪০টি, ১৪ ওয়াটের ৪৯০০টি, কালীগঞ্জে ২৩ ওয়াটের ৬০০০টি আর ১৪ ওয়াটের ৭৮০০টি, কোটচাঁদপুরে ২৩ ওয়াট ৩৫২০টি, ১৪ ওয়াট ৫৪০০টি এবং মহেশপুর উপজেলায় ২৩ ওয়াটের ২৪০০টি আর ১৪ ওয়াটের ৩৬০০টি। চার উপজেলায় মোট ৩৭ হাজার ৬০টি বাল্ব বিতরণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসগুলোতে যোগাযোগ করে জানা গেছে, গ্রাহকেরা নষ্ট (কাটা) বাল্বগুলো ফেরত দিতে প্রতিদিনই ভিড় করছেন। ইতিমধ্যে কালীগঞ্জ অফিসে ছয় শতাধিক নষ্ট বাল্ব জমা পড়েছে। কোটচাঁদপুর উপজেলায় জমার পরিমাণ পাঁচ শতাধিক, মহেশপুরে সহস্রাধিক আর শৈলকুপায় চার শতাধিক। এ ছাড়া বিতরণ করা বাল্বের মধ্যে শতকরা যে ৪০ ভাগ নষ্ট হয়েছে তা ফেরত না নেওয়ায় গ্রাহকেরা নিজেদের কাছে রেখে দিয়েছেন। অবশ্য সংশ্লিষ্ট অফিসের আবাসিক প্রকৌশলীরা নষ্টের পরিমাণ কিছুটা কম বলে দাবি করেছেন।কালীগঞ্জ অফিসে দুটি বাল্ব হাতে নিয়ে এসেছিলেন নদীপাড়ার কাঞ্চন কুমার। তিনি জানান, বাড়ির ভালো বাল্ব দিয়ে খারাপ বাল্ব নিতে হলো তাঁদের। এখন ফেরত দিতে এসেছেন কিন্তু অফিস থেকে বলছে পরে যোগাযোগ করতে। কত দিন পর যোগাযোগ করবেন জানতে চাইলে শহরে মাইকযোগে প্রচার করা হবে বলে জানিয়ে দিচ্ছেন। একইভাবে বারোবাজার এলাকার আলী হোসেন জানান, তাঁর দুটি বাল্বের মধ্যে একটি এখনো ভালো আছে। একটি বাল্ব আধা ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে মহেশপুর উপজেলার আবাসিক প্রকৌশলী শ্যামাপ্রসাদ মিত্র জানান, তাঁরাও ভেবে পাচ্ছেন না কেন এত দ্রুত বাল্বগুলো নষ্ট হচ্ছে। তবে লাগানোর সময় ত্রুটি হলেও বাল্ব নষ্ট হতে পারে। শৈলকুপার আবাসিক প্রকৌশলী মো. সাইদুজ্জামান জানান, যাঁরা তাঁদের কাছে বাল্ব ফেরত দিতে আসছেন তাঁরা তাঁদের ঠিকানা রেখে দিচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে ব্যবস্থা নেবেন। পরিবর্তন করে দিতে না পারায় কারও বাল্ব তাঁরা রেখে দিচ্ছেন না। কোটচাঁদপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আবদুস সাত্তার জানান, তিনি ব্যাপকহারে বাল্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে একজন মেকানিকসের সঙ্গে যোগাযোগ করেন। ওই মেকানিকস তাঁকে জানিয়েছেন সার্কিটের মালামালগুলো মোটেও ভালো না। যে কারণে ব্যবহার করতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে।এ ব্যাপারে ওয়েস্ট জোন বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের ঝিনাইদহ অফিসের উপব্যবস্থাপক সুকান্ত শর্মা জানান, তাঁরা চেষ্টা করবেন নষ্ট বাল্বগুলো পরিবর্তন করে দেওয়ার। সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আশা করছেন পরিবর্তন করে দিতে পারবেন।