গ্রিন টেকনোলজির তহবিল জোগান দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গ্রিন টেকনোলজি ব্যবহারের সুবিধা পেতে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে পর্যাপ্ত তহবিলের জোগান দেওয়ার জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার জেনেভায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ১৬তম কংগ্রেসের অধিবেশনে ভাষণকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, গ্রিন টেকনোলজি ব্যবহারের ব্যয়নির্বাহে এই তহবিল পর্যাপ্ত, স্থায়ী ও সহজলভ্য হওয়া অপরিহার্য। উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু মোকাবিলা তহবিলের কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ঝুঁকি ও জনসংখ্যার হারের ভিত্তিতে এই তহবিলের জোগান বেশি হওয়া জরুরি।এর আগে তিনি সম্মেলন কেন্দ্রে পৌঁছলে ডব্লিউএমও মহাসচিব মাইকেল জাররাউড তাঁকে ভিআইপি গেটে অভ্যর্থনা জানান। সংস্থার বিদায়ী সভাপতি আলেকজান্ডার বেদরিকির সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য দেন সংস্থার প্রথম সহসভাপতি আলী মোহাম্মদ নূরিয়ান, দ্বিতীয় সহসভাপতি টাইরোন সুথারল্যান্ড ও তৃতীয় সহসভাপতি অ্যান্টনিও ডিভিনো মৌরা। এ সময় বিভিন্ন সদস্য দেশ ও ভূখণ্ডের রাষ্ট্র ও সরকার প্রধানেরা ও মন্ত্রিরা কংগ্রেসের উচ্চপর্যায়ের এই অধিবেশনে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে কিছু কিছু দেশ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ভবিষ্যতে গোটা বিশ্বকে এই সমস্যার মুখে পড়তে হবে—এ অবস্থায় এই গ্রহ ও আমাদের রক্ষার জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে সম্মিলিত কর্মপন্থা গ্রহণের বিকল্প নেই।’স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। বাসস।