গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে গেছে ৭০ কিলোমিটার বরফখণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনল্যান্ডের একটি হিমবাহ থেকে বিশাল আকারের একটি বরফখণ্ড ভেঙে বেরিয়ে গেছে। মার্কিন বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। বরফখণ্ডটির আকার ২৬০ বর্গকিলোমিটার। গত বৃহস্পতিবার সকালে বিশাল আয়তনের বরফখণ্ডটি উত্তর গ্রিনল্যান্ডের পিটারম্যান হিমবাহ থেকে আলাদা হয়ে যায়। এর অবস্থান উত্তর মেরু থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, নাসার কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে বরফখণ্ডটির ভেঙে আলাদা হওয়া শনাক্ত করা গেছে। এর দৈর্ঘ্য ৭০ কিলোমিটার। উচ্চতা প্রায় ৬০০ ফুট। গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে প্রায়ই বরফ ভেঙে পড়ে। কিন্তু ১৯৬২ সালের পর থেকে সুমেরু অঞ্চলের ওই হিমবাহ থেকে এটাই সবচেয়ে বড় খণ্ড ধসে পড়ার ঘটনা।বরফখণ্ডটিতে কী পরিমাণ পানি আছে, তা বোঝাতে গিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সব ট্যাপ খুলে দিলে ওই পরিমাণ পানি পড়তে চার মাস লাগবে। তবে এর সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি জড়িত কি না, তা এখনো স্পষ্ট নয়। উষ্ণতা বৃদ্ধির কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে হিমশৈল গলে যাচ্ছে বলে মনে করা হয়।গবেষক অ্যান্ড্রেস মুয়েনচোউ বলেন, ভেঙে যাওয়া অংশটি দক্ষিণে অগ্রসর হলে তা কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যবর্তী নারেস প্রণালি আটকে দিতে পারে। এতে ওই অঞ্চলের সমুদ্রপথে প্রতিবন্ধকতা দেখা দেবে।বিজ্ঞানীরা বলছেন, এ বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। বিবিসি, সিএনএন।