গ্রিনিজের সম্মানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চেন্নাইয়ের দূরত্ব সঠিক কত, বলতে পারব না। হাজার মাইলের ধারেকাছে, এদিক-সেদিক তো হবে বটেই। তা সে যতই হোক, আজ ওই ভৌগোলিক দূরত্বটাকে ইঞ্চি খানেকের চেয়েও কমিয়ে এনেছে বিশ্বকাপ ক্রিকেট। আজ ঢাকা তথা সারা বাংলাদেশ সেঁটে থাকবে সুদূরের সেই ভারতীয় মাঠে। ক্রিকেট কামনার চূড়ান্ত উত্তেজনায় অনুসরণ করবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটি। প্রত্যাশার তীব্র ফলকে লেখা শুধু কালো মানুষের নাম। বাংলাদেশের মানুষের কাছে আজ ওয়েস্ট ইন্ডিজের জয়ের অন্য রকম অর্থ। ওয়েস্ট ইন্ডিজের বিজয় আমাদের জন্য পড়ে পাওয়া চৌদ্দ আনা। এক ম্যাচ বাকি থাকতে সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট। আমাদের ক্রিকেটাররা অবশ্য এসব যাত্রা-সহজীকরণ পন্থা প্রত্যাশী নয় , তাঁরা প্রস্তুত পরবর্তী ম্যাচ জিতেই পরের রাউন্ডে যাওয়ার। কিন্তু সমর্থকদের যুক্তি, আবেগ, সুযোগের সব অঙ্ক মেলাতে গিয়েই আজ আমাদের আবেগের পালে ক্যারিবিয়ান সমুদ্রের হাওয়া। আজ রোচ-সুলিমান-গেইল-পোলার্ডরা আমাদের ৫৮-র জ্বালা তাঁদের জয়ের নরম প্রলেপে জুড়িয়ে দিতে পারেন। ইশ্, আজকের খেলাটা যদি ঢাকা বা চট্টগ্রামে হতো! হলে ড্যারেন স্যামির দল আজ যে অনুকূল শব্দতরঙ্গ শুনত, তা তারা ক্যারিবীয় সমুদ্রের শত বছরের কল্লোলেও শুনতে পায়নি। ইংরেজরা ভাবত, চামড়ার রঙের ঐক্য বুঝি দল মেলেছে। ইংরেজ সাংবাদিকেরা বুঝিয়ে দিতেন, চামড়া-টামড়া নয়, ওটা ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ। তোমরা ক্ষিপ্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে অন্য রকম ভাবছ কেন? কিন্তু খেলাটা যখন বাংলাদেশে হচ্ছে না, সে কল্পনা করে কাজ কী! আসলে আজ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারালে আমাদের লাভ আছে বলেই চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে অনেক সবল অবস্থানে দেখাতে ইচ্ছা করছে। এমনিতে বিশ্বকাপে এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ অনেক উজ্জীবিত, অন্যদিকে অপ্রত্যাশিত পরাজয়ে ইংল্যান্ড অনেক নিষ্প্রভ, ম্রিয়মাণ। এখনো অধরা বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের আছে এক ধরনের মরিয়া লড়াইয়ের তাড়না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের আছে দুই-দুবার জেতা বিশ্বকাপটা পুনরুদ্ধার করার প্রেরণায় প্রলম্বিত ঘুম থেকে গা-ঝেড়ে জেগে ওঠা। মনে হচ্ছে, এ মুহূর্তের পুনর্জাগরিত ওয়েস্ট ইন্ডিজকে হারানো অ্যান্ড্রু স্ট্রাউসদের পক্ষে সহজ হবে না। বাংলাদেশের আন্তরিক সমর্থনের সঙ্গে তাল মিলিয়ে খেললে ওয়েস্ট ইন্ডিজ আজই ইংল্যান্ডকে বিদায় দিতে পারে। আশা, সম্পূর্ণ সুস্থ ক্রিস গেইল আজ মাঠে নামবেন। গেইল, স্মিথ, ব্রাভো, পোলার্ডদের স্ট্রাউস, মরগান, বেলদের চেয়ে অনেক বেশি বোলার-সংহারী মনে হচ্ছে। দেখা যাক, খেলা শেষে কী দাঁড়ায়।আজ ওয়েস্ট ইন্ডিজ জিতলে সাকিবেরা গ্রুপের শেষ খেলাটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবেন গ্রুপের শীর্ষে উচ্চতর অবস্থানে থাকার জন্য। আর চেন্নাইয়ে আজ ইংল্যান্ড জিতলে আমাদের শেষ ম্যাচ আমাদের জন্য হয়ে যাবে নক-আউট পর্যায়ের প্রথম ম্যাচ—এসব হিসাব ছাড়াও আজকের ম্যাচ নিয়ে আমার একটা ব্যক্তিগত হিসাব আছে। গর্ডন গ্রিনিজের সম্মানে আজ আমরা ওয়েস্ট ইন্ডিজের সমর্থক।