বারবাডোজের যেকোনো রাস্তার দুই পাশের বাড়িতে খোঁজ নিলেই নাকি আপনি কোনো না-কোনো টেস্ট ক্রিকেটারের দেখা পেয়ে যাবেন!পাওয়ারই কথা। পুঁচকে একটা দ্বীপ, জিপে করে পুরোটা ঘুরে আসতে চার ঘণ্টার বেশি লাগে না। সেখান থেকে উৎপন্ন হয়েছে ৭৩ জন টেস্ট ক্রিকেটার। যাঁদের ৪২ জন এখনো জীবিত। রাস্তাঘাটে দেখা হয়ে যেতেই পারে। রোববার দুুই ম্যাচের মাঝখানে কেনসিংটন লিফটের সামনে যেমন নাটকীয়ভাবে দেখা হয়ে গেল ওয়েইন ড্যানিয়েলের সঙ্গে।বারবাডোজ লিজেন্ডস ক্লাবের কথা তো আপনাদের আগেই বলেছি। চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন ওয়েস হল, জোয়েল গার্নার, সিমুর নার্স, চার্লি গ্রিফিথ...কেমন যেন নেশা নেশা লাগে! সেই নেশার টানে পরপর তিন দিন বিকেলটা ওখানেই কাটালাম।ফ্লয়েড রেইফারের সঙ্গে দেখা হলো এক বিকেলে। ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটারের একজন হয়ে ছিলেন। টাকা-পয়সা নিয়ে বোর্ডের সঙ্গে গেইলদের ঝামেলা বদলে দিয়েছে পরিচয়টা। ফ্লয়েড রেইফার এখন সাবেক এক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের নাম। খেলোয়াড় হিসেবেও কি সাবেক? গেইলরা ফেরার পর দলে জায়গা হয়নি। তবে অবসরও নেননি এখনো। ‘হাঁটুতে একটা অপারেশন হয়েছে বলে গত কিছুদিন খেলার বাইরে আছি’—জানালেন রেইফার। আবার ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরার আশা করেন কি না—জিজ্ঞেস করতেই বিষণ্ন একটা হাসি। কী বোঝাল সেই হাসি—জেনেশুনে কেন ওই প্রশ্নটা করছ?ভ্যাসবার্ট ড্রেকসের সঙ্গেও দেখা হলো। ২০০২ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ৪টি করে উইকেট নিয়েছিলেন। যখন তাঁকে তা মনে করিয়ে দিচ্ছি, ড্রেকস তখনো আমার পেশাদার সাংবাদিক পরিচয় পাননি। যথেষ্টই চমৎকৃত হলেন তাই, ‘আরে বাবা, আপনি মনে রেখেছেন!’সিমুর নার্সের সঙ্গে গত বছর বাংলাদেশের সফরের সময়ই পরিচয়। দেখলাম, তিনিও মনে রেখেছেন। নামধাম অবশ্যই নয়। তবে দেখা হতেই প্রথমে চোখে, তার পর মুখেও ‘কোথায় তোমায় যেন দেখেছি’ বলে স্মৃতি হাতড়ানো। পরিচয়ের স্থান-কাল বিস্তারিত বলতেই ‘ও, আপনি সেই বাংলাদেশের সাংবাদিক! স্যার এভার্টনের সঙ্গে কথা বলছিলেন...’কথা সিমুর নার্সের সঙ্গেও বলেছিলাম। জীবনে শেষ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এখনো তাঁর। নিউজিল্যান্ডে ১৯৬৮-৬৯ সিরিজে ৩ টেস্টের ৫ ইনিংসে ১১১.৬০ গড়ে ৫৫৮ রান। দুই সেঞ্চুরির একটি ২৫৮ রানের। এর পর কেন আর খেলা হয়নি—বহুদিন মনে নিয়ে ঘোরা এই প্রশ্নটার উত্তর এড়িয়ে গিয়েছিলেন ‘থাক, ওসব’ বলে।এদিন আর জিজ্ঞেসই করলাম না। কে জানে, হয়তো হূদয় খুঁড়ে বেদনা জাগাতে চান না! সে সময়ের আর এ সময়ের ক্রিকেট, টি-টোয়েন্টি এসব নিয়ে অবশ্য অনেক কথা হলো। টি-টোয়েন্টি পছন্দ করেন কি না—এই প্রশ্নের উত্তরটা দিলেন খুব কাব্যিক ঢঙে, ‘আপনাকে এটুকু বলতে পারি, এই খেলা দেখার জন্য আমি আমার মাকে ঘুম থেকে ডেকে তুলব না।’টি-টোয়েন্টি দেখার চেয়ে মায়ের ঘুমটা অনেক জরুরি মনে হওয়ার কারণ, ক্রিকেট নিয়ে নিজের ধ্যানধারণার সঙ্গে এর মিল খুঁজে না পাওয়া। ‘আমার কাছে ক্রিকেট মানে তিনটি জিনিস—ক্যারেক্টার, প্যাশেন্স, স্ট্র্যাটেজি। এখন আপনিই বলুন, টি-টোয়েন্টিতে কি এসবের কোনো প্রকাশ আছে? বোলাররা কেউ চার ওভারের বেশি করতে পারে না। ব্যাটসম্যানরা গিয়েই যা আছে কপালে বলে চালাতে শুরু করে। এই বিশ্বকাপে তো দেখছি, নতুন বলে স্পিনারদের দিয়ে বল করানোর একটা ফাজলামোও শুরু হয়েছে।’টি-টোয়েন্টির কারণে ক্রিকেটাররা অনেক টাকা পাচ্ছেন, তাতে নার্স ঈর্ষান্বিত নন। শুধু সময়ের পার্থক্যটা বোঝাতে বললেন, ‘আমরা কখনো টাকার জন্য ক্রিকেট খেলিনি। ১৯৬০ সালের অস্ট্রেলিয়া সফরে আমরা সপ্তাহে পেতাম ২০ ডলার করে। আমরা তাতেই খুশি ছিলাম।’চার্লি গ্রিফিথকে প্রথমে চিনতেই পারছিলাম না। পরে একজন দেখিয়ে দিলেন, ওই যে কালো চশমা, ওটাই গ্রিফিথ। ‘কালো চশমা’টা একরকম গ্রিফিথের আইডেন্টিটি কার্ডই। যে কয়দিন দেখলাম, চোখে ওটা আছেই। ‘বাংলাদেশ’ শুনেই আগ্রহভরে জানতে চাইলেন, ‘বাংলাদেশের কোথায়?’ প্রশ্নটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম, উত্তরটা দিতে দিতেই পরিষ্কার কেন ওই প্রশ্ন। ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন। কী মনে আছে ঢাকার? অজানা একটা তথ্য জানানোর ভঙ্গিতে বললেন, ‘ঢাকা তখন পাকিস্তানের অংশ ছিল।’ এবার গ্রিফিথের প্রশ্ন, বাংলাদেশের একজন ক্রিকেটার পাকিস্তান দলে খেলতে পারে বলে শোনা যাচ্ছিল, কী যেন নাম, কী যেন নাম? রকিবুল হাসানের কথা বলছেন নাকি! গ্রিফিথ মাথা ঝোঁকালেন, ‘হ্যাঁ, রকিবুল হাসানই বোধ হয়। হি ওয়াজ আ গুড প্লেয়ার।’২৮ টেস্টে ৯৪ উইকেট। হলের সঙ্গে বিধ্বংসী পেস জুটি। তার পরও চার্লি গ্রিফিথ নামটা শুনলে প্রথমেই সবার মনে হয় ওই বাউন্সার! যেটি শেষ করে দিয়েছে ভারতীয় অধিনায়ক নরী কন্ট্রাকটরের টেস্ট ক্যারিয়ার। জীবনই শেষ হয়ে যেতে বসেছিল। কয়েকবার অস্ত্রোপচার করে বাঁচানো হয় কন্ট্রাকটরকে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেল রক্ত দেন। সত্যি ঘটনা হয়েও যেন ক্রিকেট রূপকথার অংশ!গ্রিফিথের যেকোনো ইন্টারভিউয়ে এই প্রশ্নটা থাকেই। এ কারণেই কৌতূহল হলো, নরী কন্ট্রাকটরের ওই ঘটনাটা তাঁকে কতবার বলতে হয়েছে। গ্রিফিথের মুখে হাসি, ‘সত্যি বলব! কতবার, আমার তা মনে নেই। ভারতীয় সাংবাদিকদের প্রথম প্রশ্নই তো হয় এটা।’আচ্ছা, আচ্ছা, ওয়েইন ড্যানিয়েলের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ার কথা না বলেছিলাম! সেটি নিয়েই লিখতে বসে দেখো কথায় কথায় কোথায় চলে গেলাম! ঠিক আছে, ওয়েইন ড্যানিয়েলের গল্পটা না হয় কালই করি।বারবাডোজ, ১০ মে