গ্রিসজুড়ে নিন্দা, সুস্থ আছেন গুলিবিদ্ধ সাত বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের স্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ সাত বাংলাদেশি সুস্থ আছেন। তাঁদের বকেয়া বেতন ও নিরাপত্তাসহ সার্বিক বিষয় দেখভালের আশ্বাস দিয়েছে গ্রিস সরকার। গ্রিসের পাবলিক অর্ডার অ্যান্ড সিটিজেন রাইটস-বিষয়কমন্ত্রী নিকোস দেনিদাস হাসপাতালে গিয়ে ওই বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়াও গ্রিসের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক বাংলাদেশিদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ আজ রাতে প্রথম আলো ডটকমকে বলেন, তিনি হাসপাতালে গিয়ে আহত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা মোটামুটি সুস্থ আছেন। চিকিৎসকেরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। গোলাম মোহাম্মদ জানান, যেখানে ঘটনা ঘটেছে, সেই শহরের মেয়েরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। মেয়র ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মেয়র বলেছেন, ওই শহরে অনেক খামার আছে। কিন্তু এমন ঘটনা কখনোই ঘটেনি। কাজেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনা বিবেচনা করছেন তিনি। এদিকে শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার বিচার দাবিতে এথেন্সে শ্রম মন্ত্রণালয়ের সামনে আজ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রম সংগঠন বিক্ষোভ করেছে। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করায় গত বুধবার গ্রিসের মানোলাদা এলাকার একটি স্ট্রবেরি খামারের ৩২ বাংলাদেশি শ্রমিককে গুলি করে খামার মালিকের সুপারভাইজার। ইতিমধ্যে ওই মালিক ও দুই সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি বলছে, মানোলাদায় উত্পাদিত স্ট্রবেরি বর্জনের জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে প্রচারাভিযান শুরু হয়েছে। ওইসব খামারের স্ট্রবেরিকে ‘রক্তাক্ত স্ট্রবেরি’ আখ্যা দেওয়া হচ্ছে।এদিকে গ্রিস সরকারের মুখপাত্র সিমোস কেদিকগলু দেশটির বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ‘এই ঘটনা অমানবিক এবং গ্রিসের জন্য চরম লজ্জার। খুব দ্রুত এ ঘটনার বিচার হবে।’ গ্রিসের বিচার-বিষয়কমন্ত্রী অ্যান্তোনিস রুপাকিতুস বলেছেন, ‘এই ঘটনা দাসত্বের এক চিত্রই তুলে ধরে যার স্থান গ্রিসে নেই।’