গ্রিসে স্ট্রবেরি খামারে মালিকপক্ষের গুলিতে আহত সাত বাংলাদেশির অবস্থার উন্নতি হয়েছে। তাঁদের বকেয়া বেতন, নিরাপত্তাসহ সার্বিক বিষয় দেখভালের আশ্বাস দিয়েছে গ্রিস সরকার।গ্রিসের পাবলিক অর্ডার অ্যান্ড সিটিজেন রাইটসবিষয়ক মন্ত্রী নিকোস দেনিদাস হাসপাতালে চিকিৎসাধীন ওই বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশিদের ওপর ওই গুলিবর্ষণের নিন্দা জানিয়েছে গ্রিসের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিকেরা। ওই ঘটনার বিচারের দাবিতে গতকাল শুক্রবার রাজধানী এথেন্সে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন বিক্ষোভ করে।গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ গতকাল রাতে প্রথম আলোকে জানান, গতকাল তিনি হাসপাতালে গিয়ে আহত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা মোটামুটি সুস্থ আছেন। চিকিৎসকেরা সার্বক্ষণিক তাঁদের খোঁজখবর রাখছেন। গ্রিসের মন্ত্রী নিকোস দেনিদাসও হাসপাতালে গিয়ে বাংলাদেশিদের খোঁজখবর নেন।রাষ্ট্রদূত জানান, যেখানে ঘটনা ঘটেছে, সেই শহরের মেয়রের সঙ্গেও তিনি দেখা করেছেন। মেয়র এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, সেখানে অনেক খামার আছে, কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি।