গ্রিসে এখন বেঁচে থাকার লড়াই (ভিডিও)
একটা সময় ছিল যখন গ্রিস ছিল জাহাজের নির্মাণশিল্পের সমৃদ্ধশালী একটি দেশ। কিন্তু গত কয়েক বছর ধরে দেশটিতে কাজের ক্ষেত্র অনেক কমে গেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়েছে। ফলে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। সমস্যাটি এতই প্রকট আকার ধারণ করেছে যে দেশটিতে এখন মানবিক সাহায্য প্রয়োজন।রয়টার্সে প্রকাশিত খবরে জানা গেছে, গ্রিসে প্রায় ৬০ শতাংশ লোকের হাতে কোনো কাজ নেই। এরই মধ্যে সাহায্যকারী সংস্থা ‘ডক্টরস অব দি ওয়ার্ল্ড’ জানায় শিগগিরই দেশটিতে মানবিক সাহায্যের প্রয়োজন হবে। ডক্টরস অব দি ওয়ার্ল্ড গ্রিসের সভাপতি নিকিতাস কানাকিস বলেন, আগেও এ অঞ্চলে দারিদ্র্য ছিল, কর্মহীন মানুষের সংখ্যা ছিল। অনেক সমস্যাও ছিল। কিন্তু এখন গ্রিসে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ‘অধিকাংশ বাসিন্দার ওষুধ কেনার কোনো অর্থ নেই, এখন তাদের বেঁচে থাকার মৌলিক চাহিদা মেটাতে খাদ্য সাহায্য প্রয়োজন।’ একজন স্বেচ্ছাসেবী পুষ্টিবিদ লাইনা মাইলি বলেন, ‘মানুষের কাছে এখন নিজের সন্তানকেও অবাঞ্ছিত মনে হচ্ছে। যাদের অনেক দিন ধরে চিকিত্সার প্রয়োজন এখন পর্যন্ত তারা কোনো চিকিৎসা পাচ্ছে না।’৫০ বছর বয়স্ক অ্যান্তনি জিয়াট্রাস একজন কর্মহীন মানুষ। তিনি তিন সন্তানের জনক। তিনি বলেন, ‘যখন আপনি নিজে পাঁচ সন্তানের দায়িত্ব নেবেন, তাদের খাওয়ানোসহ অন্যান্য চাহিদা পূরণ করতে হয় আপনাকে। আর আপনি একজন কর্মহীন মানুষ হন, তাহলে সমস্যাটি অনেক বড় ধরনের। মাঝেমধ্যে এমন দিন আসে যখন এক টুকরো রুটি কিংবা কোনো খাবারই জোটে না।’সম্প্রতি সন্তানের জন্ম দেওয়া ৩৬ বছর বয়সী এক কর্মহীন নারী ইস্প্রিডোলা ফিরলেমি বলেন, ‘সরকারের ওপর আমি হতাশ। আমি কাউকেই ভোট দিতে চাই না। তাঁরা সবাই মিথ্যা বলে। এখন তাঁরা বলছেন যাদের তিনটি সন্তান আছে তাদের পারিবারিক সুবিধা তুলে নেবে। কাজেই সন্তান জন্ম দিয়ে কী হবে যদি তারা অভুক্ত থাকে।’ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিসের মতে, গ্রিসে দারিদ্র্যের হার ২০ শতাংশেরও বেশি। সামনেই নির্বাচন হবে কিন্তু সমস্যা সমাধানের ব্যাপারে কেউ চিন্তা করছে না।