গ্রিসে খামারে গুলি, বাংলাদেশি ৩২ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের একটি স্ট্রবেরি খামারে বকেয়া বেতনের দাবি জানানো অভিবাসী কর্মীদের ওপর মালিকপক্ষ গুলি চালালে ৩২ জন বাংলাদেশি আহত হন। তাঁদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁরা আশঙ্কামুক্ত বলে বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে।গ্রিসের রাজধানী এথেন্স থেকে ৪০০ কিলোমিটার দূরে মানোলাদা এলাকায় গত বুধবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টার দিকে) এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে এবং পুলিশ ওই খামারের মালিক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে।গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মানোলাদা এলাকায় অনেক খামার আছে। সেখানে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করেন। এর মধ্যে একটি খামারের ২০০ কর্মী বকেয়া বেতনের দাবি জানান। এ সময় একজন সুপারভাইজার গুলি করলে ৩২ জন বাংলাদেশি আহত হন। তাঁদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশির ভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। সাতজন এখনো হাসপাতালে আছেন। তবে তাঁরা আশঙ্কামুক্ত।গোলাম মোহাম্মদ জানান, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যে ওই খামারের মালিক ও সুপারভাইজারকে পুলিশ গ্রেপ্তার করেছে।এদিকে হাসপাতালে চিকিৎসাধীন এক বাংলাদেশি বিবিসিকে বলেন, ছয় মাস ধরে কাজ করলেও তাঁরা বেতন পাননি। সে জন্য তাঁরা বুধবার একত্র হয়ে মালিকপক্ষকে জানান, বকেয়া বেতন না দিলে তাঁরা কাজ করবেন না। এ কথা শুনে মালিকের লোক চলে যান। পরে ফিরে এসে তাঁদের ওপর গুলি চালান।জামাল হোসেন বিবিসিকে বলেন, বন্দুক দিয়ে ১৫-২০টি গুলি করা হয়েছে। ওই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন চারজনকে আসামি করে মামলা করেছে। তিনি জানান, বাংলাদেশ দূতাবাস থেকে আহত শ্রমিকদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাঁদের সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যথাযথ চেষ্টা চালানো হবে।বিবিসির খবরে বলা হয়েছে, গ্রিসে বর্ণবাদী হামলা বাড়ছে। এথেন্সের পশ্চিমের ওই এলাকায় অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা আগেও ঘটেছে। বিশেষ করে খামারে অমানবিক কাজের পরিস্থিতির প্রতিবাদে ২০০৮ সালে শ্রমিকেরা ধর্মঘট করলে তাঁদের ওপর হামলা হয়।