গ্রিসে চলছে কৃচ্ছ্রবিরোধী ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের শ্রমিক সংগঠনগুলো সরকারের ব্যয় কাটছাঁট পরিকল্পনার প্রতিবাদে আজ বুধবার রাজধানী এথেন্সে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে। গত জুনে রক্ষণশীল জোট সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম সে দেশে এই ধর্মঘট ডাকা হলো। ধর্মঘটের কারণে বিমান ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সব দোকানপাটও। স্থানীয় হাসপাতালগুলোতে শুধু জরুরি বিভাগ খোলা। আজ রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সরকার প্রায় এক হাজার ২০০ কোটি ইউরো ব্যয় কাটছাঁটের যে নতুন পরিকল্পনা নিয়েছে, এর প্রতিবাদে আজ দিনব্যাপী এ ধর্মঘট চলবে। ধর্মঘটের ডাক দেওয়া ওই বড় দুটি শ্রমিক সংগঠন দেশের প্রায় অর্ধেক শ্রমিকের প্রতিনিধিত্ব করে। চিকিত্সক থেকে শুরু করে বিমান চলাচল নিয়ন্ত্রণ পর্যন্ত বিভিন্ন খাতের শ্রমিকেরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। কৃচ্ছ্রনীতি বিরোধিতা করে বড় ধরনের বিক্ষোভের ব্যাপারেও পরিকল্পনা রয়েছে।ধর্মঘটের কারণে গ্রিসের রাস্তায় সহিংসতার আশঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় এথেন্সের কেন্দ্রস্থলে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।গ্রিসের বিদেশি ঋণমুক্তির জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পরবর্তী তহবিলে জোগান দেওয়ার কথা রয়েছে। এর পূর্বশর্ত হিসেবে তাদের সরকারি ব্যয় কমাতে হবে। এ তহবিলের জোগান দেওয়া না হলে কয়েক সপ্তাহের মধ্যে গ্রিস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে।এদিকে ব্যয় হ্রাসে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে পেনশনের অর্থ কমানো ও অবসরে যাওয়ার বয়স বাড়িয়ে ৬৭ বছর করার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাস। গত সপ্তাহে গ্রিসের এমআরবির জরিপ সংস্থা পরিচালিত জরিপ থেকে জানা যায়, দেশটির ৯০ শতাংশেরও বেশি মানুষ মনে করছে যে কৃচ্ছ্রনীতি হিসেবে সরকারের এই ব্যয় কমানোর পরিকল্পনাটি অন্যায্য ও দরিদ্রদের ওপর বাড়তি বোঝা।