গ্রিসে দুর্নীতিবিরোধী ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে গ্রিসের মানুষ। কিছুদিন আগে ব্যক্তি-উদ্যোগে প্রতিষ্ঠিত দুর্নীতিবিরোধী কিছু ওয়েবসাইট তাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ও প্রতিবাদের মাধ্যম হয়ে উঠেছে। দুর্নীতির কারণে দুর্ভোগের কাহিনি তুলে ধরে এর বিরুদ্ধে জোরালো জনমত গড়ে তুলছে তারা।ক্রিশ্চিনা ত্রেমোন্তি নামের এক গ্রিক নারী প্রথম গড়ে তোলেন এ ধরনের একটি ওয়েবসাইট। ত্রেমোন্তি একবার চিকিত্সার জন্য তাঁর বৃদ্ধ দাদাকে নিয়ে একটি সরকারি হাসপাতালে গেলে তাঁর বেশ তিক্ত অভিজ্ঞতা হয়। যে সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিত্সা বিনা মূল্যে হওয়া উচিত, সেখানে তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ রাখা হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ হন ত্রেমোন্তি। তিনি একজন গ্রিক নাগরিক হিসেবে নিজেকে বঞ্চিত ভাবতে শুরু করেন। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গড়ে তোলেন একটি ওয়েবসাইট। দুর্নীতির সর্বগ্রাসী স্বরূপ উন্মোচন করাই মূলত তাঁর এই ওযেবসাইট প্রতিষ্ঠার মূল লক্ষ্য।ত্রেমোন্তির এই ওয়েবসাইটটি এর মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। হাজার হাজার মানুষ প্রতিদিন এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। ত্রেমোন্তির ওয়েবসাইটের মতো একই ধরনের আরও কয়েকটি ওয়েবসাইট ব্যাপারটিকে বিপ্লবের পর্যায়ে নিয়ে গেছে। দুর্নীতি যে একটি দেশের নাগরিককে প্রতিনিয়ত বঞ্চিত করছে, এই দুর্ভোগ ও বিড়ম্বনার কথা এসব ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারছে মানুষ।সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে গ্রিসকে উল্লেখ করা হয়েছে ইউরোপের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে। সার্বিক সূচকেও দেশটি আগের বছরের ৯০তম অবস্থান থেকে উঠে এসেছে ৮০তম অবস্থানে। গ্রিসের মানুষই মনে করে, গোটা ইউরোপে তাদের দেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র।