গ্রিসে স্ট্রবেরি খামারে ৩২ বাংলাদেশি গুলিবিদ্ধ
গ্রিসের একটি স্ট্রবেরি খামারে ৩২ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। অভিবাসী শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে জড়ো হলে মালিকপক্ষের লোকেরা তাঁদের ওপর গুলি চালান। খবর বিবিসির। গ্রিসের দক্ষিণাঞ্চলে পেলোপনেসিয়ান গ্রামে নিয়া ম্যানোলাদা এলাকায় একটি স্ট্রবেরি খামারে এ ঘটনা ঘটে। গ্রিসের রাজধানী এথেন্স থেকে ২৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত নিয়া ম্যানোলাদা এলাকায় কয়েক হাজার অভিবাসী শ্রমিক কাজ করেন। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে প্রায় ২০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে ওই স্ট্রবেরি খামারে জড়ো হন। এ সময় খামারের তত্ত্বাবধায়ক তাঁদের ওপর গুলি চালান। গ্রিসের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে জানান, ম্যানোলাদা এলাকায় অনেক খামার রয়েছে। সেখানে পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করেন। এর মধ্যে ওই স্ট্রবেরি খামারে এ ঘটনা ঘটে। এতে গুলিতে ৩২ বাংলাদেশি আহত হন। তাঁদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সার পর বেশির ভাগ শ্রমিককে ছেড়ে দেওয়া হলেও সাতজন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তবে তাঁরা আশঙ্কামুক্ত। গোলাম মোহাম্মদ আরও বলেন, ‘দূতাবাসের কাউন্সেলর জামাল হুসেইন ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। গ্রিস সরকার এ ঘটনায় একটি মামলা করেছে। এর মধ্যে খামার মালিক ও তত্ত্বাবধায়ককে পুলিশ গ্রেপ্তার করেছে।’ এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে একজন বাংলাদেশি বলেছেন, ছয় মাস ধরে তাঁরা বেতন পাননি। প্রায় দেড় শ জনের মতো কর্মী সেখানে সমবেত হলে মালিকপক্ষ সরাসরি তাঁদের ওপর গুলি চালায়।তবে পুলিশের কর্মকর্তা হারালামবোস স্ফেটস জানান, শ্রমিকেরা খামারের মুখপাত্রের ওপর হামলা করার চেষ্টা করেন। এ সময় তত্ত্বাবধায়ক তাঁদের গুলি করেন। খামারের আরও দুজনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি। বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়, অভিবাসী শ্রমিকদের নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগে এর আগেও নিয়া ম্যানোলাদা খামারটিকে অভিযুক্ত করা হয়েছে। ২০০৮ সালে খামারের শ্রমিকেরা অমানবিক পরিস্থিতি থেকে বাঁচতে ধর্মঘটে যান। এদিকে গ্রিসের একটি সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়া ম্যানোলাদা খামারের ফল বয়কট করার জন্য প্রচার চালাচ্ছে। ওই খামারের ফলকে তারা ‘রক্তাক্ত স্ট্রবেরি’ হিসেবে উল্লেখ করেছে।ইউরোপের মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা ‘দ্য কাউন্সিল অব ইউরোপ’ এ সপ্তাহে গ্রিসে অভিবাসী শ্রমিকদের দুরবস্থা নিয়ে এ একটি প্রতিবেদন প্রকাশ করে।