গ্রিসেও এত গৃহহীন! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় কাপড় বিছিয়ে আশ্রয় নিয়েছে কিছু মানুষ, কারও ঠাঁই হয়েছে কাগজের বাক্সে। গৃহহীন ও কর্মহীন লোকদের রাস্তায় আশ্রয় নেওয়ার বিষয়টি এখন গ্রিসের রাস্তায় খুব সাধারণ একটি দৃশ্য। অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়া ও চাকরির সুযোগ কমে যাওয়ার কারণে গৃহহীন মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে গ্রিসে।গ্রিসের উপস্বাস্থ্যমন্ত্রী মার্কোস বোলারিস বলেন, গৃহহীন ও কর্মহীন এই লোকগুলোর কারণে গ্রিসে নতুন একটি শ্রেণীর জন্ম হয়েছে। তিনি বলেন, ‘গত মাসে আমরা গ্রিসে নতুন এই শ্রেণীটিকে তালিকাভুক্ত করেছি। তাদের বলা হচ্ছে “নব্য গৃহহারা” শ্রেণী। অন্যভাবে বলা যায়, যেসব নাগরিক কর্মহীন হয়ে পড়েছে এবং নিজেদের খরচ চালাতে পারে না তাদেরকে আইনগতভাবে উচ্ছেদ করা হয়েছে। এটিই গ্রিক সমাজে নতুন চিত্র।’

গ্রিসের একটি বেসরকারি সংস্থার মতে, ২০০৯ সাল থেকে গ্রিসে গৃহহীন মানুষের সংখ্যা ২৫ শতাংশ বেড়ে গেছে। গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এসব গৃহহীন মানুষকে আশ্রয় দেওয়ার দায়িত্ব নিয়েছে গ্রিসের গির্জাগুলো।গ্রিসের একটি আশ্রয়কেন্দ্রের পরিচালক ফাদার ইগানাথিয়ুস মন্তব্য বলেন, সরকার এ বিষয়টি নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি আরও বলেন, ‘আমাদের এখানে থাকার মতো কক্ষ নেই। অন্যদিকে গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। চাহিদা অনেক কিন্তু সে তুলনায় অনুদান আসছে খুব সামান্য। দেশটির রাজনৈতিক নেতারা এসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাঁরা সবকিছুই ভণ্ডুল করে দিয়েছেন।’বর্তমানে গ্রিসে কর্মহীন মানুষের সংখ্যা হচ্ছে মোট জনসংখ্যার ১৮ শতাংশ। এ ছাড়া ২০ শতাংশ মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। রয়টার্স।