গ্রিসের দাঙ্গায় সেলিব্রেটি সাসিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের দিকে পাথর ছুড়ছে বিক্ষোভকারীরা। এতে যেন আনন্দে লাফিয়ে উঠছে সে। মাঝেমধ্যে বিক্ষুব্ধ মানুষের ওপর চড়াও হওয়ায় পুলিশকে ভর্ত্সনা করতেও ছাড়ছে না। কাঁদানে গ্যাস মাড়িয়ে কখনো সে পড়ছে দাঙ্গা পুলিশের মাঝে, আবার ঘেউ ঘেউ চিত্কার দিয়ে ছুটে আসছে বিক্ষোভকারীদের পাশে। উত্সাহ দিয়ে যাচ্ছে দাঙ্গা-হাঙ্গামায়।গ্রিসের রাজধানী এথেন্সের এই বাসিন্দার নাম সাসিজ। তবে সে কিন্তু মানুষ নয়। নম্র ও ভদ্র স্বভাবের একটি কুকুর। সারা দিন দাঙ্গা-হাঙ্গামায় মানুষের পাশে থাকতে তার কোনো আপত্তি নেই। যেখানেই বিক্ষোভ, সেখানেই যেন খুঁজে পাওয়া যায় সাসিজকে। মাঝেমধ্যে আনন্দ দিয়ে মাতিয়ে রাখে টান টান উত্তেজনার মধ্যেও।আর এসবের মাধ্যমেই সাসিজ হয়ে উঠেছে সেলিব্রেটি। গ্রিসের সব পত্রপত্রিকার প্রথম পাতাজুড়ে তার বড় বড় ছবি। টিভিতে বিক্ষোভের খবরের একটি অংশজুড়ে থাকে সাসিজ। ওয়েবসাইটেও তার ছবির ছড়াছড়ি।সরকারের ব্যয়সংকোচন নীতির বিরুদ্ধে গত বুধবার ফুঁসে উঠেছিলেন গ্রিসের সরকারি কর্মচারীরা। রাজপথে তাঁদের আন্দোলনে যথারীতি সবার আগে সাসিজ। দাঙ্গা পুলিশের মাঝে পড়ে কয়েক দফা হোঁচট খেয়েছে সে।স্থানীয় অনেকে সাসিজকে কানেলোস, কেউ কেউ সিনামোন নামে ডাকে। আর এথেন্স পৌর কর্তৃপক্ষের কাছে তার পরিচিতি ‘কুকুর নম্বর ১৮৪২’। তারা একে লুকানিকোস বা সাসিজ নামে ডাকতেই পছন্দ করে।‘লুকানিকোন কিংবা কানেলোস। অনেক নামের মধ্যে এ দুটোও তার নাম। সে খুবই মিষ্টি স্বভাবের একটি কুকুর। সবাই তাকে পছন্দ করে। তবে মাঝেমধ্যে সেও রেগে যায়।’ বললেন শহরের পশু বিভাগের প্রধান আন্না মারকি।সাসিজ ভবঘুরে হলেও অন্য শহরের মতো নয়। তার গলায় ঝোলানো আছে ফিতা ও ট্যাগ। পৌর কর্তৃপক্ষ তার খাবারের জন্য অর্থ ব্যয় করে থাকে। পাশাপাশি দেওয়া হয় টিকা। খুঁজে পেতে যাতে সমস্যা না হয়, সে জন্য ফিতায় বেঁধে দেওয়া আছে মাইক্রোচিপস। এ ছাড়া গলায় ঝোলানো ট্যাগে লেখা আছে ফোন নম্বর।সাসিজ এথেন্সের রাস্তায় কখনো মূর্তির মতো শুয়ে থাকে। কখনো কোনো রেস্তোরাঁর পাশে ইতস্তত ঘোরাফেরা করে। আন্না মারকি বললেন, ‘ইউরোপের অন্যান্য দেশে ভবঘুরে কুকুরের জন্য যন্ত্রণাহীন মৃত্যুর ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের দেশের আইনে এদের পুনর্বাসনের কথা বলা আছে। এখনকার মানুষ কুকুরের যত্ন নেয়। মনে হয়, এরা যেন সবার।’তবে যে আর্থিক সংকটের কারণে এথেন্সে বিক্ষোভ দানা বেঁধেছে, সাসিজকে খ্যাতি এনে দিয়েছে, সেই সংকটের কারণেই কুকুরদের পুনর্বাসন প্রকল্পও বন্ধ হয়ে যেতে পারে। আশার কথা, এথেন্স শহরের ডেপুটি মেয়র অ্যাঞ্জেলোস আন্তোনোপুলস নিজে একজন পশুচিকিত্সক। তিনি বলেছেন, ‘কুকুর পুনর্বাসন প্রকল্প বাধাগ্রস্ত হলেও এটা চালু রাখা হয়েছে। পৌরসভা খ্যাতিমান একজন নাগরিকের (সাসিজ) জন্য আমাদের বিশেষ যত্ন অব্যাহত থাকবে। কারণ সে খুবই আদরের একটি কুকুর। আর সে এখন স্বাধীনতার এক প্রতীক।’ -রয়টার্স।