বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মে গত বছরের তুলনায় বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। আসছে গ্রীষ্ম মৌসুমে সারা দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ছয় হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।এ বিষয়ে সাধনা হালদারের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, গত বছর গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ছিল ছয় হাজার মেগাওয়াট। আর ঘাটতি ছিল ৭০০ থেকে এক হাজার মেগাওয়াট।প্রতিমন্ত্রী আরও জানান, আসন্ন গ্রীষ্মে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিকেল পাঁচটা থেকে ছয় ঘণ্টার জন্য সেচপাম্পসহ সকল শিল্পকারখানা এবং রাত আটটার পর দোকানপাট, মার্কেট, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রভৃতি বন্ধ রাখা হবে। তা ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় বেসরকারি খাতে ক্ষুদ্র পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হবে।জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ৪৮ হাজার গ্রাম বিদ্যুতায়িত হয়েছে।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া জানান, বর্তমানে রুগণ শিল্পের প্রকৃত সংখ্যা কিংবা পরিসংখ্যান শিল্প মন্ত্রণালয়ের কাছে নেই। তবে রুগণ শিল্পগুলোর তালিকা হালনাগাদ করার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন চেম্বারের সহায়তায় তারা এই তালিকা তৈরির কাজ করছে।এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়।