গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্দেশ্য অনেকটা সফল হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ গ্রুপ থিয়েটার দিবস। এ ছাড়া আজ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক পূর্তি। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয়েছে চার দিনের অনুষ্ঠানমালা। আজ উৎসবের শেষ দিন। কথা হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরীর সঙ্গে।আজকের আয়োজনে কী থাকছে?আজ বিকেল চারটায় নিউ বেইলি রোডের মহিলা সমিতি থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পর্যন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যায় প্রয়াত নাট্যজনদের স্মরণে প্রদীপ জ্বালানো হবে। এ ছাড়া গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে স্মারক বক্তৃতা দেবেন মামুনুর রশীদ, একুশে পদকপ্রাপ্ত নাট্যজনদের সংবর্ধনা দেওয়া হবে এবং সবশেষে থাকবে নৃত্যধারা ও নৃত্যাঞ্চলের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান।এবার চারদিনের উৎসব আয়োজন করার কারণ কী?যেহেতু তিন দশক পূর্তি হচ্ছে, তাই আমরা একটু বড় পরিসরে উৎসব করতে চেয়েছি। উৎসবের প্রথম দিন নারী নাট্যকর্মী সম্মেলন করেছি। মেয়েরা নানা সমস্যা মোকাবিলা করে নাট্যচর্চার সঙ্গে যুক্ত থেকে নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করছে। তাদের কৃতজ্ঞতা জানানো উচিত বলে মনে করি। এ ছাড়া নাটকে যাঁরা বিভিন্ন ডিজাইনের সঙ্গে জড়িত থাকেন, তাঁদের অনেকেই চেনে না। তাঁদের জন্য থিয়েটার ডিজাইনার সম্মেলন হয়েছে। আমাদের নাট্যাঙ্গনে নানা সমস্যা হয়, তা আমরা জানতে পারি না। এ ধরনের উৎসবের মধ্য দিয়ে সারা দেশের নাট্যাঙ্গনের অবস্থা জানতে পারি। এই তিন দশকে গ্রুপ থিয়েটার ফেডারেশন কী অর্জন করেছে?যে উদ্দেশ্য নিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠন করা হয়েছিল, তা অনেকটা সফল হয়েছে। আজ আমরা জাতীয় নাট্যশালা পেয়েছি। আমাদের নাটকগুলো বিদেশে প্রশংসিত হচ্ছে। ফেডারেশন থাকায় সরকার এখন রাষ্ট্রীয়ভাবে নাটকের দলগুলোকে বিদেশে পাঠাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ খোলা হয়েছে। পাশাপাশি আমরা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছি, যার প্রমাণ রামেন্দু মজুমদার। তিনি এখন বিশ্ব আইটিআইয়ের সভাপতি। সমপ্রতি শিমূল ইউসুফ বিনোদিনী নাটকে অভিনয়ের জন্য ভারতের পুনেতে পুরস্কৃত হয়েছেন। নাট্যকর্মীদের জন্য গ্রুপ থিয়েটার ফেডারেশন আগামী দিনে কী ভূমিকা রাখবে?সরকারের কাছ থেকে এরই মধ্যে আমরা কিছু অনুদান বরাদ্দ পেয়েছি। এর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন স্থানে নাট্যাভিনেতা তৈরি, কীভাবে নাটক নির্দেশনা দিতে হয়, মঞ্চ সজ্জা করতে হয়—এসব বিষয়ে কর্মশালা করব। দেশের যেসব স্থানে উৎসব হয় না, সেখানে উৎসবের ব্যবস্থা করব। এ ছাড়া সরকারের কাছে ফেডারেশনের জন্য একটি ভবনের বন্দোবস্ত করার অনুরোধ রাখছি।