গ্রেগরিয়ানদের ফুটবল লিগ!
লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরীজ হাইস্কুলের বাইরে থেকে শোনা যাচ্ছিল হইচই আর করতালির আওয়াজ। কৌতূহলী হয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল, টানটান উত্তেজনায় ফুটবল খেলা চলছে। দর্শকের কমতি নেই, যার বেশির ভাগই স্কুলছাত্র। আবার আধবুড়োরাও রয়েছেন দর্শকের সারিতে। জনা কয়েক অত্যুৎসাহী দর্শক দেয়ালের ওপর বসে খেলা দেখছিল। ফুটবল খেলা ঘিরে যে আসর বসেছে, তা সহজেই আঁচ করা গেল। তবে মাঠে যাঁরা খেলছিলেন, তাঁদের সবারই অনেক বছর আগে স্কুলের গণ্ডি পার হওয়ার কথা। তার মানে, স্কুলের ছাত্রদের নিয়ে ফুটবলের আসরটা বসেনি।খোঁজ নিতেই জানা গেল, সেন্ট গ্রেগরীজ হাইস্কুলের মাঠে বসেছে ‘গ্রেগরিয়ান ফুটবল টুর্নামেন্ট-২০১১’-এর আসর। এ স্কুলে পড়েছেন এবং পড়ছে, তারা গ্রেগরিয়ান হিসেবে নিজেদের পরিচয় দিতে গর্ব বোধ করে। তাদের রয়েছে ‘গ্রেগরিয়ান অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন। ১২৯ বছর বয়সী স্কুলটিতে ৩৫ বছর ধরে এ অ্যাসোসিয়েশন আয়োজন করে আসছে ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল টুর্নামেন্ট। এবারের আয়োজন শুরু হয়েছে ফুটবল দিয়ে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ২৫ জুন। এতে হাইস্কুল কর্তৃপক্ষও গ্রেগরিয়ানদের সহায়তা করছে।আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ১২ সদস্যের একটি কমিটি রয়েছে। এর সভাপতি সেন্ট গ্রেগরীজ হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেশন। স্কুলের আরও দুজন শিক্ষক ও নয়জন গ্রেগরিয়ান আছেন কমিটিতে।টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১৮টি দল। দলগুলো হচ্ছে: ম্যাজিকেল গ্রেগরিয়ান, গ্রেগরিয়ান গ্যালাকটিকাস, গোল্ডেন গ্রেগরিয়ান, সেন্ট গ্রেগরীজ হাইস্কুল, সেন্ট গ্রেগরী ব্যাচ ’৯২, সেন্ট গ্রেগরী ব্যাচ ’৯৭, সেন্ট গ্রেগরী ব্যাচ ২০০৩, সেন্ট গ্রেগরী ব্যাচ ২০০৭, সকারস সোল্স, গ্রেগরিয়ান ওয়ারিয়র্স, গ্রেগরিয়ান আন্ডারগ্রাউন্ড, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শাইন, ব্লু রে, ফ্রিডম ফাইটারস, ডিটেনশন, বয়েজ অব স্পিরিট, এক্সটিসি। এর মধ্যে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ম্যাজিকেল গ্রেগরিয়ান আর রানারআপ গ্রেগরিয়ান গ্যালাকটিকাস। সেমিফাইনালের অন্য দুই দল ছিল গোল্ডেন গ্রেগরিয়ান ও সেন্ট গ্রেগরীজ হাইস্কুল।প্রথম রাউন্ডে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ নামে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে সব দলকে। গত বছর যে চারটি দল সেমিফাইনালে উঠেছিল, তাদের আগে লটারির মাধ্যমে চার গ্রুপে নেওয়া হয়েছে। বাকি ১৪টি দলকে লটারির মাধ্যমে চারটি গ্রুপে দেওয়া হয়েছে। এর মধ্যে ‘এ’ ও ‘বি’ গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। প্রতিটি গ্রুপে খেলা হবে লিগভিত্তিক। প্রতি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এই পর্বে বিজয়ী চারটি দল সেমিফাইনালে অংশ নেবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল ২৯ জুলাই ফাইনালে অংশ নেবে। ১৬ জুলাই পর্যন্ত চলবে প্রথম রাউন্ডের খেলা। প্রতি শুক্র ও শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হচ্ছে।গ্রেগরিয়ান ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে সেন্ট গ্রেগরিয়ান স্কুলের ক্রীড়াশিক্ষক মিহির রঞ্জন সরকার জানান, ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্কুলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গ্রেগরিয়ানদের পাশাপাশি স্কুলের একটি জ্যেষ্ঠ দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এতে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি হচ্ছে।তিনি আরও জানান, এবারের আসরে ৩৫ বছর আগে পাস করা একজন ছাত্র খেলায় অংশ নিয়েছেন। ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে গ্রেগরিয়ানরা তাদের পরিবার নিয়ে খেলা দেখতে আসছেন। ফলে টুর্নামেন্ট ঘিরে সাবেক শিক্ষার্থীদের একটি মিলনমেলা তৈরি হয়েছে।কথা হয় গ্রেগরিয়ান ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া একটি দলের অধিনায়ক ফয়সাল আজীমের সঙ্গে। তিনি বলেন, ‘কর্মব্যস্ততার কারণে সহপাঠীদের সঙ্গে তেমন একটা যোগাযোগ হয় না। এ খেলার মাধ্যমে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। ফলে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়।’গ্রেগরিয়ান ফুটবল টুর্নামেন্ট-২০১১-এর পৃষ্ঠপোষকতা দিচ্ছে ‘হ্যাপী হোল্ডিংস অ্যান্ড বিল্ডারস’। এর কর্ণধার মমিনুল হক হ্যাপী জানান, তিনি নিজেও গ্রেগরিয়ান। এ বছরের ফুটবল টুর্নামেন্টে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। তিনি টুর্নামেন্টে ফুটবলার হিসেবেও অংশ নিচ্ছেন।ফুটবল আসর সম্পর্কে আয়োজক কমিটির সদস্য গ্রেগরিয়ান আবদুস শুকুর জানান, ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হওয়া সেন্ট গ্রেগরীজ স্কুলটি পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও কৃতিত্বের দাবিদার। তাঁরা ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও বাস্কেটবল টুর্নামেন্টেরও আয়োজন করে থাকেন। এবারের ফুটবল টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৯ জুলাই।