গ্রেডিং বৈষম্য নিরসনে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেডিং বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা আজ শনিবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। একই দাবিতে আজ তাঁরা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশও করেন। দাবি মানা না হলে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা আজ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন এবং পরে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সনাতন পদ্ধতিতে গ্রেডিং নম্বরের ব্যাপ্তি ১০। কিন্তু অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে গ্রেডিং নম্বরের ব্যাপ্তি ৫। ফলে সনাতন গ্রেডিংয়ে ৭৫-৭৯ করে নম্বর পেয়ে তাঁরা পাচ্ছেন জিপিএ-৩.৫০। অথচ সমপরিমাণ নম্বর অর্জন করেও অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছেন জিপিএ ৩.৭৫। তাঁরা অবিলম্বে এ ধরনের গ্রেডিং বৈষম্য দূর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ ব্যবসায় অনুষদের ডিনের প্রতি আহ্বান জানান।বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী জানান, উপাচার্য এ সমস্যা নিরসনে যথেষ্ট আন্তরিক। দ্রুত এ সমস্যার সমাধান হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান জানান, সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার এবং শান্ত থাকার পরামর্শ দেন।