গ্রেনেড উদ্ধার হয়, উত্স খোঁজা হয় না
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার নয় মাস আগে একই রকম ২০টি ‘আর্জেস গ্রেনেড’ উদ্ধার করা হয়েছিল রাজধানীর কুড়িল এলাকা থেকে। কিন্তু ‘অজ্ঞাত কারণে’ কুড়িলের সেই গ্রেনেডের উত্স বের করতে কার্যকর কোনো তদন্ত হয়নি।আবার ২১ আগস্টের হামলার পর রাজধানীর অদূরে আমিনবাজার থেকেও চারটি আর্জেস গ্রেনেড উদ্ধার করে র্যাব। ওই ঘটনায় গ্রেপ্তার নজরুল ইসলাম ১০ দিন পর ‘ক্রসফায়ারে’ নিহত হন। এতে ওই গ্রেনেডের উত্স বের করার সূত্র শেষ হয়ে যায়।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে গ্রেনেডের উত্স বের করার বিষয়টি ছিল উপেক্ষিত। এমনকি গ্রেনেড উদ্ধারের পর কোনো কোনো ক্ষেত্রে সূত্র নিশ্চিহ্ন করে ফেলা, আবার কোনো ক্ষেত্রে দায়সারা গোছের তদন্ত ও অভিযোগপত্র দিয়ে মামলা দুর্বল করা হয় বলেও অভিযোগ আছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ আগস্টের গ্রেনেড হামলাসংক্রান্ত মামলা দুটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্তে গ্রেনেডের উত্স এবং এ ধরনের সমরাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ জঙ্গিরা কোথায় পেল, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, মূলত গ্রেনেডের উত্স, সরবরাহকারী ও মদদদাতাদের খুঁজে বের করার জন্য অধিকতর তদন্ত করা হচ্ছে। অধিকতর তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দুই হচ্ছে গ্রেনেড।২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মগবাজারের একটি ডাস্টবিন থেকে চারটি আর্জেস গ্রেনেড উদ্ধারের ঘটনা এখনো রহস্যাবৃত। ওই বছরের ১২ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস থেকে মালিকবিহীন মিষ্টির প্যাকেট জব্দের পর গ্রেনেড পায় র্যাব। ওই ঘটনাটিও যথারীতি ধামাচাপা দেওয়া হয়েছে।২০০৫ সালের ২৪ এপ্রিল নড়াইলের লোহাগড়া থেকে চারটি গ্রেনেড এবং ২০০৪ সালের ৩ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় পাঁচ বিচ্ছিন্নতাবাদীর কাছ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। ২০০৩ সালের ২৯ নভেম্বর রাতে কুড়িলে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুকযুদ্ধ চালিয়ে পুলিশ তুলির পরশ নামে একটি দোকান থেকে ২০টি আর্জেস গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। কিন্তু ওই ঘটনাটিও বিভিন্ন কৌশলে পরে হারিয়ে যায়। এভাবে একের পর এক গ্রেনেড উদ্ধার হলেও এর সব উত্সই রহস্যাবৃত থেকে গেছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত এক সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, হামলাকারীদের বাঁচানোর জন্য ২১ আগস্ট ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অক্ষত তিনটি গ্রেনেড ধ্বংস করা হয়।