গ্রেপ্তার এড়াতে ডেসটিনির কর্তাব্যক্তিরা আত্মগোপনে
ডেসটিনি গ্রুপের পরিচালকেরা আত্মগোপনে আছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের খুঁজে পাচ্ছে না। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।দুদকের চেয়ারম্যান বলেন, গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ২২ জন শীর্ষস্থানীয় কর্মকর্তা। দেখামাত্র তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।দুদক সূত্র জানায়, আসামিদের ধরতে বাসভবন ও অফিসে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায়নি।গতকাল সন্ধ্যা সাতটায় মুঠোফোনে যোগাযোগ করা হলে ডেসটিনি গ্রুপের সভাপতি লে. জে. (অব.) হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, তিনি কোথাও যাননি, তাঁর মুঠোফোনও খোলা। দুদকের চেয়ারম্যানের মন্তব্যের ব্যাপারে তিনি অবশ্য কোনো মন্তব্য করেননি।তবে প্রথম আলোর পক্ষ থেকে রফিকুল আমীনসহ অন্য পরিচালকদের মুঠোফোনে যোগাযোগ করে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে। দুদক সূত্রে জানা গেছে, আসামিদের খোঁজে দুদকের দুটি দল কাজ করছে। প্রয়োজনে দল আরও বাড়ানো হবে। গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় হারুন-অর-রশিদ, রফিকুল আমীনসহ ডেসটিনি গ্রুপের শীর্ষস্থানীয় ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা করে দুদক। মানুষের কাছ থেকে সংগ্রহ করে মোট তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।মামলার অন্য আসামিরা হলেন রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানি, জামসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, আজাদ রহমান, আকরাম হোসেন সুমন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান, আবুল কালাম আজাদ ও ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম।মামলা করার এক সপ্তাহের মাথায় গত ৬ আগস্ট রফিকুল আমীনসহ পাঁচ পরিচালককে জামিন দেন সিএমএম আদালত। পরে বাকি ১৭ জনেরও জামিন হয়। কিন্তু সরকারপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে ২২ আগস্ট জামিন আদেশ স্থগিত হয়ে যায়। গত ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত শুনানি শেষে জামিন বাতিল হয়ে যায়। এ সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন: আট মাস হতে চললেও ডেসটিনি বিষয়ে তদন্ত প্রতিবেদন সম্পন্ন করতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিবেদন তৈরি করতে অবশ্য গত ৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে দুই মাস সময় বাড়িয়ে নিয়েছিলেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। গতকাল রোববার অর্থমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে গিয়ে ডেসটিনির প্রতিবেদন তৈরির বিষয়ে অগ্রগতি-সংক্রান্ত বৈঠক করেন গোলাম হোসেন। বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহেই ডেসটিনির অনিয়ম-দুর্নীতিবিষয়ক বাণিজ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনটি দাখিল করা হবে। এই কমিটি গঠন করা হয় গত ১৩ ফেব্রুয়ারি।ডেসটিনির স্কাউট ভবনের অফিস খালি! রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনের তিনটি ফ্লোরে ডেসটিনির কার্যালয়। ১০ বছর ধরে স্কাউট ভবন ডেসটিনির প্রধান কার্যালয় হিসেবে পরিচিত। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই ভবন থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), কম্পিউটারসহ অন্যান্য মালামাল স্থানান্তর করেছে ডেসটিনি কর্তৃপক্ষ।গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কাউট ভবনের তিনটি ফ্লোরেই নীরবতা। কোনো কর্মী নেই। অস্টম ফ্লোরে গিয়ে জানতে চাইলে ভেতর থেকে এসে নিজেকে জাকির হোসেন পরিচয় দেন একজন। জানালেন, ‘বসেরা কেউ এখানে আসেন না। সবাই পান্থপথের অফিসে বসেন।’ মালামাল সরানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বসদের অর্ডার।’