গ্রেপ্তার ওই চিকিৎসক ৭ দিনের রিমান্ডে
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার ইউনাইটেড হাসপাতালের হূদরোগ বিভাগের শল্যচিকিত্সক গোলাম হায়দার রসুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, আজ উত্তরা থানা পুলিশ গোলাম হায়দার রসুলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গত সোমবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোলাম হায়দার রসুলকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর এই চিকিত্সক র্যাব ও সাংবাদিকদের সামনে হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।র্যাব জানায়, সোমবার রাত আড়াইটার দিকে র্যাব-১-এর সদস্যরা উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালান। ওই বাসা থেকে গোলাম হায়দারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাসার বিভিন্ন কক্ষ থেকে বিপুলসংখ্যক প্রচারপত্র, হিযবুত তাহরীরের প্রকাশিত বই, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান উদ্ধার করা হয়।গোলাম হায়দার দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। কিন্তু প্রমাণের অভাবে তাঁকে ধরা যায়নি। পরে সবকিছু নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।