গ্রেপ্তার করা ব্যক্তিকে গণমাধ্যমের সামনে না নেওয়ার নির্দেশ
গ্রেপ্তার বা সন্দেহভাজন হিসেবে আটক হওয়া কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নের প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের ওপর শুনানি নিয়ে এ নির্দেশের পাশাপাশি রুলও জারি করেন। রুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তির জন্য গণমাধ্যমের সামনে হাজির করার প্রশ্নে ন্যায়বিচারের স্বার্থে শিক্ষানবিশ আইনজীবী আকিল উজ জামান গতকাল সোমবার আবেদনটি করেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে করা এ আবেদনের ওপর আজ শুনানি হয়। আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী এ কে এম শফিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আবেদনের বিষয়ে এ কে এম শফিউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসামি বা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন ডাকা হচ্ছে। এতে বিচার ব্যাহত হবে। আসামি ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে। এতে একধরনের মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে। কাউকে আটক করার পর এভাবে ব্রিফিং করার ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। তারা শুধু অপরাধ সংগঠিত হয়েছে কি না, তা দেখবে এবং দোষীকে উপযুক্ত আদালতে সোপর্দ করবে। আদালত এ বিষয়ে রুল জারি করেছেন ও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন।’ ১ ডিসেম্বর ইডেন কলেজের সামনে একটি মাইক্রোবাস থেকে পুলিশ ৩৪২ বোতল ফেনসিডিল ও একটি রিভলবার উদ্ধার করে। ওই গাড়ি থেকে ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাঁকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়া হয়।