ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী হুমকি দিয়েছেন, তাঁকে গ্রেপ্তার করা হলে লাগাতার হরতাল দিয়ে এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, ‘লক্ষ লক্ষ জানবাজ মাঠে নেমে যাবে। হাসিনার পতন না হওয়া পর্যন্ত হরতাল দেবে।’গতকাল শুক্রবার সকালে লালবাগে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমিনী এ হুমকি দেন।রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় গত বৃহস্পতিবার আদালত মুফতি আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল এ সংবাদ সম্মেলন করেন তিনি।আমিনী দাবি করেন, তাঁকে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আমি যে মন্তব্য করেছিলাম, ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীও একই ধরনের মন্তব্য করেছেন। ব্যারিস্টার সারা হোসেন তো বলেছেন, “সবাই মিলে এটাকে ডাস্টবিনে ফেলা উচিত।” কই, তাঁদের বিরুদ্ধে তো মামলা করা হয়নি।’বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের নেতা মুফতি আমিনী বলেন, ‘সংবিধানকে আমি অপবিত্র করিনি। সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়ে শেখ হাসিনাই তা অপবিত্র করেছেন। ইসলামি রাষ্ট্র হলে এর জন্য শেখ হাসিনার বিচার করা হবে।’বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আহমদুল্লাহ আশরাফ প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বলেন, ‘এই বেচারি ভালো-মন্দ, সঠিক-বেঠিক বুঝতে পারছেন না।...তাঁকে আর পাগলামি করতে দেওয়া যায় না।’সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের নায়েবে আমির মুজিবুর রহমান পেশওয়ারী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির যুগ্ম মহাসচিব মো. তৈয়্যেব, সাংগঠনিক সচিব ফয়জুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।মির্জা ফখরুলের বিবৃতি: রাষ্ট্রদ্রোহ মামলায় ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।বিবৃতিতে মির্জা ফখরুল মুফতি আমিনীর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ বলে আখ্যায়িত করেন। তিনি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে মুফতি আমিনীকে স্বাভাবিক জীবনযাপন ও তাঁর চলাচল নির্বিঘ্ন করতে সরকারের কাছে দাবি জানান।