নাটোরে ঠিকাদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা চারজনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের একজনের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।নাটোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, গত সোমবার বিকেলে নলডাঙ্গায় ঠিকাদার মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হওয়ার পর রাতে পুলিশ সদর উপজেলার ঢালান এলাকা থেকে মাসুদ (২৮), রবিউল ইসলাম (৩০), উত্তম চন্দ্র (৩২) ও পলাশকে (৩০) গ্রেপ্তার করে। এই চারজন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে বকুল সরকারের সঙ্গী। আটক ব্যক্তিদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মাসুদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাঁর দক্ষিণ বড়গাছার নিজ বাড়ি থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করে।গতকাল বিকেলে রবিউল, উত্তম ও পলাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নাটোরের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাসুদ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিবির উপপরিদর্শক (এসআই) ফজলার রহমান বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।এদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল করিম গতকাল সন্ধ্যায় জানান, ওই ঘটনায় ঠিকাদার মোহাম্মদ আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য: গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলেকে জড়িয়ে ১ জুন (গতকাল) প্রকাশিত খবরের ব্যাপারে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ঠিকাদার মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁর ছেলে বকুল সরকার কোনোভাবেই জড়িত নন। ঘটনাটি নিছক ঠিকাদারি কাজ নিয়ে ঘটেছে। ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করেন, একটি সন্ত্রাসী চক্র এ ঘটনা থেকে নিজেদের আড়াল করতে প্রতিমন্ত্রীর ছেলের নির্দেশে গুলি চালানো হয়েছে বলে অপপ্রচার করে যাচ্ছে। এর মাধ্যমে তাঁকে (প্রতিমন্ত্রী) রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে।