গ্রেপ্তার তিনজন কারাগারে, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সায় অবহেলার কারণে যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তিনজন যুবককে আজ রোববার কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা মৃত ইসমাইলের আত্মীয় বলে জানা গেছে। ইসমাইলের মৃত্যুর ঘটনায় হাসপাতালের শল্য বিভাগের অধ্যাপক এম এ হাশেম ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত শুক্রবার বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে মৃত ইসমাইলের স্বজনেরা তাঁর কাছে চিকিত্সায় অবহেলার অভিযোগ করেন। অভিযোগ শুনে মন্ত্রী তিন দিনের মধ্যে ঘটনা তদন্ত করতে হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন। এর পরই আজ তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার (মৃত ইসমাইলের আত্মীয়) হানিফ, রতন ও শাকিলকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। আজ শুনানি শেষে আদালত তাঁদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক এ কথা জানিয়েছেন। মৃত ইসমাইলের আরও ১১ জন আত্মীয়কে এই মামলায় আসামি করা হয়েছে। এদিকে, সংঘর্ষের ঘটনায় আহত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকে চিকিত্সাধীন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে আছেন। শহীদুল হক মল্লিক বলেন, এসআই মোজাম্মেলের মাথা ও ডান পায়ের হাড় ফেটে গেছে। বয়স বেশি হওয়ায় পুলিশের এই কর্মকর্তার সেরে উঠতে বেশ সময় লাগবে। তিনি দাবি করেন, সড়ক দুর্ঘটনায় আহত ইসমাইল গত শুক্রবার হাসপাতালে মারা গেলে তাঁর স্বজনেরা পুলিশ কিংবা আদালতের অনুমতি না নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাঁরা হামলা চালিয়ে পুলিশকে আহত করে। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ইসমাইলের লাশ গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে। মর্গ থেকে লাশ গ্রহণ করেন তাঁর বাবা আবু তাহের। গত শুক্রবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের গাড়িচালক ইসমাইল হোসেন ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাঁকে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকেলে তিনি মারা যান। এরপর তাঁর পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ হিসেবে চিকিত্সায় অবহেলার কথা উল্লেখ করেন। খবর পেয়ে পুলিশ এলে ইসমাইলের স্বজনদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মৃতের ১৪ জন স্বজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।