জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ গ্রেপ্তার হওয়া দলের শীর্ষ পাঁচ নেতাকে মানুষ হিসেবে গণ্য করার অনুরোধ করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান। নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সভা-সমাবেশ করা, পোস্টার-লিফলেট প্রচারের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন জামায়াতের নেতারা।সম্প্রতি গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে দলের নেতারা এসব দাবি জানান। দলের নেতারা কর্মীদের উত্তেজিত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন।প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘রিমান্ডের নামে জামায়াতের নেতাদের কিছু হলে তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে।’ তিনি বলেন, ‘আপনারা তাদের মানুষ হিসেবে গণ্য করুন। সারা দুনিয়াতে সাধারণ কয়েদিদের তুলনায় রাজবন্দীদের সঙ্গে অপেক্ষাকৃত ভালো ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশ সরকার মনে হয় এ বিষয়ে সচেতন নয়।’