গ্রেপ্তার পাঁচ আসামির রিমান্ড শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে কিডনি ব্যবসার ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ড আবেদনের শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে।এই মামলায় গত সোমবার রাতে বাগেরহাটের মোল্লাহাটে গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম দাউদের (৪২) উপজেলার মোল্লারকুল গ্রামে পাকা বাড়ি রয়েছে। তিনি একটি গরুর খামারও করেছেন। অবৈধভাবে কিডনি কেনাবেচার ঘটনায় গত ২৯ আগস্ট জয়পুরহাটের কালাই থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল। বাগেরহাটের গোয়েন্দা পুলিশ তাঁকে মোল্লাহাটের চরকুলিয়া বাজার থেকে গ্রেপ্তার করে।এদিকে জয়পুরহাটের কালাইয়ের আবদুস সাত্তারও কিডনি কেনাবেচার দালালি করে প্রচুর অর্থ উপার্জন করেছেন বলে জানা গেছে। তিনি একটি মাদ্রাসায় নৈশপ্রহরীর চাকরি নিলেও দায়িত্ব পালন করতেন না।কিডনি ব্যবসার দালাল চক্রের স্থানীয় প্রধান আবদুস সাত্তারকে গত ৩০ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে। তিনি কিডনি কেনাবেচার কথা পুলিশের কাছে স্বীকারও করেন। এই নিয়ে কিডনি বিক্রির মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।সাইফুলকে গতকাল কালাই থানায় আনা হয়েছে। সাইফুলকে আনতে যাওয়া কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল করিম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল কিডনি কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সাইফুল পুলিশকে জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই তাঁর সঙ্গে কিডনি বিক্রি ও কেনার জন্য যোগাযোগ করেন।ওসি জানান, এই মামলায় এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে এই নিয়ে পাঁচজন গ্রেপ্তার হলেন। আগে গ্রেপ্তার হওয়া চারজনের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আজ বুধবার সাইফুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। রিমান্ডের আবেদনের ওপর আজ শুনানি হবে।গতকাল মঙ্গলবার মোল্লারকুল গ্রামে গিয়ে সাইফুলের বাড়িটি তালাবদ্ধ পাওয়া যায়। তাঁর আত্মীয়রা জানান, সাইফুল ছাড়া এই বাড়ি কেউ ব্যবহার করে না। সাইফুলের চাচা লিয়াকত মোল্লা ও প্রতিবেশী হরমুজ মোল্লা জানান, প্রায় ২০ বছর আগে সাইফুল বাড়ি ছেড়ে ঢাকায় যান। তখন তাঁর দিনের খাবার জুটত না। চার-পাঁচ বছর আগে হঠাৎ তিনি গ্রামে আসেন বেশ টাকা-পয়সা নিয়ে। তাঁর এই উত্থান ছিল রহস্যময়।সাইফুলের চাচাতো ভাই ইসমাইল মোল্লা (৫২) বলেন, ‘সাইফুল যে ঢাকায় অবৈধ কিডনি ব্যবসায় জড়িত, তা আমরা জানতাম না। তবে সাইফুল বলেছিল, সে রোগী নিয়ে ভারতসহ বিভিন্ন দেশে যায়। দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে তার সম্পর্ক ভালো।’গ্রামের দিনমজুর সিদ্দিকুর রহমান শিকদার বলেন, কয়েক মাস আগে তিনি সাইফুলকে তাঁর পেশা সম্পর্কে জিজ্ঞাসা করলে সাইফুল জানিয়েছিলেন, ঢাকায় তাঁর ২০-২৫টি রিকশা ও টেম্পো রয়েছে। এ ছাড়া অন্য ব্যবসাও আছে তাঁর।ছেলে সাইফুলের কাছ থেকে কোনো সহযোগিতা নেন না মা নাজিরন বেগম (৭৫)। স্বামীর স্মৃতি নিয়ে তিনি টিনের একটি ছোট ঘরে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, ‘কুড়ি বছর আগে সাইফুল বাড়ি ছেড়ে ঢাকায় যায়। সেখানে কী করে জানি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই।’নাম প্রকাশ না করে সাইফুলের এক প্রতিবেশী মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, বাড়ি বানাতেই তিনি অন্তত ২০ লাখ টাকা খরচ করেছেন। গ্রামে এমন মানুষ খুব কমই আছে, যারা তাঁর কাছ থেকে চড়া সুদে টাকা নেয়নি।গ্রামের হাশমত আলী মোল্লা বলেন, সাইফুলের সুদে বিনিয়োগ ১০ লাখ টাকার কাছাকাছি।সাইফুল সোমবার রাতে বাগেরহাট মডেল থানায় প্রথম আলোকে বলেন, ২০০৬ সালে তিনি ঢাকার জাভেদ মিয়াদাদ নামে এক ব্যক্তির কাছে তাঁর একটি কিডনি তিন লাখ টাকায় বিক্রি করেন। কলকাতার একটি হাসপাতালে কিডনিটি জাভেদের শরীরে প্রতিস্থাপন করা হয়। এর পর থেকে তিনি কিডনি কেনাবেচার দালালির কাজে জড়িয়ে পড়েন।অপর দিকে সাত্তারের প্রতিবেশীরা জানান, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বহুতি গ্রামের আবদুস সাত্তারের সংসারে সাত বছর আগেও অভাব ছিল নিত্যসঙ্গী। অনাহারে-অর্ধাহারে দিন কাটত তাঁর। অভাবের তাড়নায় ২০০৪ সালের দিকে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান তিনি। সামান্য বেতনে কাজ নেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। সেই বেতনে সংসার চলত না। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের ছেলের কিডনির প্রয়োজন হলে টাকার লোভে সাত্তার নিজেই একটি কিডনি দেন। এই কিডনি বিক্রির সময় তাঁর সঙ্গে পরিচয় হয় কিডনি ব্যবসার দালাল চক্রের প্রধান ঢাকার তারেক হোসেনের। জড়িয়ে পড়েন কিডনি কেনাবেচায়। অল্প সময়ে আবদুস সাত্তার কিডনি কেনাবেচার দালালি করে প্রচুর অর্থের মালিক বনে যান।বহুতি মাদ্রাসা পরিচালনা কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, গত পাঁচ বছরে রাতে এক দিনও সাত্তার দায়িত্ব পালন করেননি। সাত্তারের শ্বশুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানটির প্রধানের কাছে কমিটির সদস্যরা অভিযোগ করলেও কোনো লাভ হয়নি।মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কাইয়ুম বলেন, ‘সাত্তার রাতে প্রতিষ্ঠানে থাকতেন না; বিষয়টি জানা ছিল না। তবে তিনি গ্রেপ্তার হওয়ার পর কিডনি বিক্রিতে জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাঁকে প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউর রহমান বলেন, ‘সাত্তার জয়পুরহাটের বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে ২০-৩০ লাখ টাকা জমিয়েছেন বলে শুনেছি। বাড়ি করার জন্য সেখানে সাত শতক জমিও কিনেছেন।’কিডনি বিক্রেতা বোড়াইয়ের আইনুল হক জানান, সাত্তার অধিকাংশ সময় ঢাকায় থাকতেন। সপ্তাহে দুবার এসে কিডনি বিক্রেতা খুঁজে বের করে তাকে নিয়ে ঢাকায় যেতেন। বিক্রেতাদের রক্ত পরীক্ষা বা টিস্যু ম্যাচিং হলে ঢাকার দালালদের কাছ থেকে কমিশন নিয়ে কেটে পড়তেন। প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য সাত্তার এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কমিশন পেতেন।সাত্তার গ্রেপ্তার হওয়ার আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘মেয়ের পড়ালেখার সুবিধার্থে শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করি কি না, সেটা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষই ভালো বুঝবে। আর যে পরিমাণ অর্থ-সম্পদ জমানোর কথা বলা হচ্ছে, সেটা অপপ্রচার।’